ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চীন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল: রাষ্ট্রদূত ইয়াও


চীন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল: রাষ্ট্রদূত ইয়াও

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভবিষ্যৎ ‘আরও উজ্জ্বল’ হবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার অগ্রগতি কোনো বাধাই রোধ করতে পারবে না।

বুধবার সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্ব উভয় দেশের মৌলিক স্বার্থের অনুকূল এবং যুগের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, “কোনো ঝড়-ঝাপটাই আমাদের সম্পর্কের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না।”

অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের বর্তমান ও সাবেক মন্ত্রী, ক্ষমতাসীন ও বিরোধী দলের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইয়াও প্রায় চার বছর দায়িত্ব পালনের পর আগামী মাসের শুরুতে বাংলাদেশ ছাড়তে যাচ্ছেন। তিনি এই সুযোগে বাংলাদেশে প্রত্যক্ষ করা রূপান্তর এবং তার মেয়াদকালে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, “পেছনের দিনগুলোর দিকে তাকালে মন আবেগাপ্লুত হয়ে ওঠে। আমি বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করেছি এবং কদিন পরই এই কর্মস্থল থেকে বিদায় নেব।”

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

রাষ্ট্রদূত আরও জানান, যখন তিনি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন তার মনে গভীর মায়া ও বিদায়ের ব্যথা রয়েছে।

ইয়াও ব্যক্তিগতভাবে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এবং সংকটময় মুহূর্তে দেশটির নেওয়া ‘ঐতিহাসিক সিদ্ধান্তগুলোর’ সাক্ষী হয়েছেন। তিনি বাংলাদেশের মানুষের দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশটি সংস্কার ও উন্নয়নের এক নতুন পথে যাত্রা শুরু করেছে।

রাষ্ট্রদূত বিশেষভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনার ওপর জোর দেন। তিনি বলেন, “গত তিন বছরে আমি ঢাকার অলিগলিতে হেঁটেছি, আর আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এ দেশের তরুণদের আশাবাদ ও উদ্যম।”

তরুণদের একটি জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ ও ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে ইয়াও বলেন, “বাংলাদেশের উজ্জ্বল আগামীর বিষয়ে আমি পুরোপুরি আস্থাশীল।”

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

রাষ্ট্রদূত জানান, দায়িত্ব পালনকালে বাংলাদেশিদের সঙ্গে তার মেলামেশা দুই দেশের জনগণের বন্ধুত্বের অভিজ্ঞতা তাকে সরাসরি উপলব্ধি করিয়েছে। তিনি বলেন, “আমি যেখানেই গিয়েছি, সেখানকার আন্তরিক অভ্যর্থনা ও অমলিন হাসি চীনা জনগণের প্রতি বাংলাদেশিদের হৃদয়ের গভীরের বন্ধুত্ব আমাকে অনুভব করিয়েছে।”

ইয়াও বলেন, বাংলাদেশে কর্মকালীন সময়ে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি তার সঙ্গে চিরকাল থাকবে। তিনি শুভকামনা জানিয়ে বলেন, “চীন-বাংলাদেশের বন্ধুত্ব চিরসবুজ থাকুক, আমাদের উভয় দেশ সমৃদ্ধ হোক এবং আমাদের জনগণ সুখ ও শান্তিতে থাকুক।”

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০২৬ সাল বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫১তম বার্ষিকী এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে দ্বিপক্ষীয় সহযোগিতার ১০ বছর পূর্তির বছর। এছাড়া চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং একই সঙ্গে যেকোনো বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতা করে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ঢাকা বড় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সরকারি চীন সফরের কথাও বিশেষভাবে তুলে ধরেন।

চীন ও বাংলাদেশ গত জুন মাসের সফরে তাদের সমগ্র কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বকে আরও উচ্চতায় উন্নীত করার বিষয়ে একমত হয়েছে এবং চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যৌথভাবে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলবে।

ইয়াও বলেন, এই উন্নয়ন দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করেছে।

বেইজিং বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো, কৃষি, ডিজিটাল অর্থনীতি এবং সবুজ জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বাস্তবসম্মত সহযোগিতা গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে চায় বলেও তিনি জানান।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: শাহে আলম

এ সময় ইয়াও বলেন, “চীন-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে।” তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে আগামী দিনেও দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

জানা গেছে, জাতিসংঘের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জাইমা রহমান খলিলুর রহমানের অফিসে আইন বিষয়ক কার্যক্রমের তত্ত্বাবধান করবেন।

প্রতিবেদন অনুযায়ী, খলিলুর রহমানের অফিসে মোট ৪০ জন কর্মী রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ৬ জন বাংলাদেশি।

বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এই অফিসের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করবেন; মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন; জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকবেন।

এদিকে, গত ৮ সেপ্টেম্বর খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় ১৯ সেনা ভেসে গেছে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় ১৯ সেনা ভেসে গেছে, নিহত ৯

কাস্পিয়ান সাগরের উপকূলে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় কাজাখস্তানে ১৯ জন সেনাসদস্য সাগরে ভেসে গিয়ে নয়জনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, মাঙ্গিস্তাউ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এদের মধ্যে নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতির হঠাৎ অবনতি ঘটার কারণে দুর্ঘটনাটি ঘটে। তবে সেনাসদস্যরা কীভাবে সাগরে ভেসে গেলেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হলো চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


ঢাকায় শুরু হলো চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী

রাজধানীর প্রদর্শনীতে পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী তুলে ধরছে দেশটির একশরও বেশি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শক এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি জনগণের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের হাইকমিশনার মন্তব্য করেন, "বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।" তিনি আরও জানান, "বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হয়েছে, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।" এই বিষয়গুলো দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ।

তিনি উল্লেখ করেন, ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে, যা বাণিজ্য বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। তিনি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি জানান, "বাংলাদেশের প্রদর্শকেরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন।" এ সময় যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনের জন্য ইপিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এছাড়া পাকিস্তানি প্রতিনিধিদের বাংলাদেশে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ এবং ২০২৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান হাসান আরিফ।

অর্থনীতির পারস্পরিক পরিপূরকতার ভিত্তিতে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ব্যবসায়িক সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে চাকরির মেলায় ১ হাজার ৮৫ জনের নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


কিশোরগঞ্জে চাকরির মেলায় ১ হাজার ৮৫ জনের নিবন্ধন

কিশোরগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : সিভি হাতে নিয়ে চাকরির সন্ধানে কিশোরগঞ্জের তরুণ-তরুণীরা মেলায় হাজির হয়েছেন।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্টলের সামনে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কেউ সিভি জমা দিচ্ছেন, কেউ চাকরির তথ্য নিচ্ছেন, আবার কেউ সরাসরি নিয়োগদাতাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন।

কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত চাকরি ও যুব উদ্যোক্তা মেলায় ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠানে নিবন্ধন করেছেন ১ হাজার ৮৫ জন চাকরিপ্রার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডিওয়াইডি ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর ও ইউসেফ বাংলাদেশের আয়োজনে সেভ দ্য চিলড্রেন মেলায় সহযোগিতা করেছে।

মেলায় অংশগ্রহণকারী ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহের পাশাপাশি বিভিন্ন পদ, যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রদান করা হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে চাকরিপ্রার্থীরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ইউসেফ বাংলাদেশের মাধ্যমে ৫০৭ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্টার অনুযায়ী ৫৭৮ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। দুই আয়োজকের নিবন্ধন মিলিয়ে মোট ১ হাজার ৮৫ জন চাকরিপ্রার্থী মেলায় অংশ নেন।

চাকরির পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। তরুণ উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির জন্যও স্টল রাখা হয়।

মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, ইউসেফ বাংলাদেশের প্রোগ্রাম ও ইনোভেশন বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শামীম।

মেলায় অংশ নেওয়া যুব উদ্যোক্তা সুমন জানান, করোনা মহামারির সময় বেকার হয়ে পড়ার পর ছোট বোনের কাছ থেকে তিনটি পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করেন। পরে ব্যবসায় সাড়া পেয়ে তা সম্প্রসারণ করেন। বর্তমানে অনলাইন ও অফলাইনে পাঞ্জাবি বিক্রি করে পরিবার নিয়ে স্বাবলম্বী হয়েছেন।

নারী উদ্যোক্তা সুমি জানান, ইউসেফ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে নারী-পুরুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের সংগঠনের মাধ্যমে এবারের মেলায় ২০ জন বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

মেলায় নিজের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে অংশ নেন বাকপ্রতিবন্ধী উদ্যোক্তা গোলসান আরাও।

কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শামীম বলেন, মেলায় প্রত্যাশার চেয়েও বেশি কর্মপ্রত্যাশী যুবক-যুবতীর অংশগ্রহণ ছিল। মোট ১ হাজার ৮৫ জন নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, চাকরিদাতা প্রতিষ্ঠান ও কর্মপ্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি ক্যারিয়ার গাইডেন্সেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, প্রথমবারের আয়োজন থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তা করাই এ মেলার মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%