০৬:৫৭ পি.এম
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুমোদিত ১৩টি পদের মধ্যে ৮টি পদ বর্তমানে শূন্য অবস্থায় রয়েছে। অফিসের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মাত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে। জনবলের অভাবের কারণে দাপ্তরিক কাজের পাশাপাশি উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকি ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এর ফলে প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ব ম মোকতাদের বিল্লাহ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তথ্য নিশ্চিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের একটি পদে একজন কর্মরত রয়েছেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদিত ৭টি পদের বিপরীতে মাত্র ২ জন কর্মরত আছেন। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের একটি পদে একজন কর্মরত থাকলেও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের একটি পদ সম্পূর্ণ শূন্য রয়েছে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের দুটি পদের মধ্যে একজন কর্মরত এবং একটি পদ শূন্য রয়েছে। অফিস সহায়কের একটি পদও শূন্য অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: প্রস্রাব করতে গিয়ে ‘চোর’ অপবাদ, কলেজছাত্রের পরিবার বিপাকে
সব মিলিয়ে অনুমোদিত ১৩টি পদের মধ্যে ৫ জন কর্মরত এবং ৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
বিশেষ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ৭টি পদের বিপরীতে মাত্র ২ জন কর্মরত থাকার কারণে উপজেলার ৭টি ক্লাস্টারের অধীনে থাকা ১৮২টি বিদ্যালয়ের নিয়মিত তদারকি ও একাডেমিক সুপারভিশন যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অল্পসংখ্যক কর্মকর্তাকে একাধিক ক্লাস্টারের দায়িত্ব পালন করতে হচ্ছে, ফলে তাঁদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও দুইজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনার ও দাপ্তরিক কাজে তাঁদের ব্যস্ত থাকতে হয়। এতে বিদ্যালয় পরিদর্শন ও মাঠপর্যায়ের তদারকির জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে পড়ছে।
এদিকে অফিস সহায়ক ও অন্যান্য পদ শূন্য থাকার কারণে চিঠিপত্র আদান-প্রদান, নথিপত্র সংরক্ষণ এবং শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক সেবা প্রদানের ক্ষেত্রেও ধীরগতি দেখা যাচ্ছে। শিক্ষা অফিসের জনবল সংকটের পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ব ম মোকতাদের বিল্লাহ বলেন, "এভাবে চলতে থাকলে শিক্ষার গুণগত মান ক্ষুণ্ন হবে। দ্রুত শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।" তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত নিয়োগের মাধ্যমে অফিসের কার্যক্রম গতিশীল করার আবেদন জানানো হয়েছে। তিনি এবং ২জন সহকারী শিক্ষা অফিসারকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করতে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন