শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০১ পি.এম
সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব ক্ষমতায় গেলে ২৫ লাখ সরকারি চাকরি প্রদান এবং স্নাতক পাস বেকারদের মাসে ৫ হাজার রুপি ভাতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে অখিলেশ যাদব মন্তব্য করেন, ‘আচ্ছে দিন আসেনি, তবে খারাপ দিন শেষ হতে চলেছে।’
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ও নরেন্দ্র মোদির ‘আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়’ (সুদিন আসছে) স্লোগানকে ব্যঙ্গ করে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘জেন-জি ও জেন-আলফার আকাঙ্ক্ষা পূরণ করাও আমাদের অঙ্গীকারের অংশ হবে।’
সমাজবাদী পার্টির এবারের ইশতেহারের নামকরণ করা হয়েছে ‘জন-মন কা ম্যানিফেস্টো’ এবং ‘পিডিএ কা প্রণ-পত্র’। তরুণ, নারী, কৃষক ও পিছিয়ে পড়া জনগণের প্রতি গুরুত্ব দিয়ে এই ইশতেহার তৈরি করা হয়েছে।
এছাড়া, পিডিএ জোটের (পিছিয়ে পড়া শ্রেণি, দলিত ও সংখ্যালঘু) সামাজিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ইশতেহারে ৫০ কোটি রুপি পর্যন্ত সরকারি চুক্তিতে পিডিএ সম্প্রদায়ের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তির উপর গুরুত্বারোপ করে এসপি বিনা মূল্যে স্কুলশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলো পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত শিক্ষামিত্রদের বেতন বৃদ্ধি এবং স্থায়ী চাকরির ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ওয়াই-ফাই, সড়কবাতি, বিদ্যুৎ ও পাকা রাস্তার সুবিধাসহ নতুন গ্রাম গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন অখিলেশ। কর্মসংস্থানের প্রতিশ্রুতির পক্ষে তিনি নিজের সরকারের (২০১২-১৭) বিভিন্ন উদ্যোগের উদাহরণ দেন।
অখিলেশ বলেন, ‘আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি। অথচ আমাদের সরকারই লক্ষ্ণৌতে এইচসিএল নিয়ে এসেছিল। কর্মসংস্থান তৈরির জন্য আমরা সেখানে আইটি সিটি গড়ে তুলেছিলাম।’
নারীদের বছরে ৪০ হাজার রুপি দেয়ার প্রতিশ্রুতি ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে। স্বাস্থ্যসেবা ও অ্যাম্বুলেন্স সেবা বিনা মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। পাশাপাশি পুলিশি কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার, নারীদের নিরাপত্তা জোরদার এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।
পুরোনো পেনশন ব্যবস্থা (ওল্ড পেনশন স্কিম) পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিদ্যোৎসাহী, ধর্মানুরাগী এবং বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের রুহের মাগফিরাত কামনায় একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর ঐতিহাসিক চাঁদপুর পুরানবাজার জামে মসজিদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম সেলিম আখন্দের বর্ণাঢ্য কর্মময় জীবন ও অবদান স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। আলোচনায় চাঁদপুরের ব্যাবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে মরহুমের ভূমিকা শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়।
একই দোয়া অনুষ্ঠানে পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মরহুম বাচ্চু পাটোয়ারীর রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়। মরহুমদ্বয়ের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা কবির হোসেন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব আমিনুল ইসলাম সেলিম খান, মসজিদ কমিটির সদস্য হারুনুর রসিদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম নজু বেপারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদারসহ স্থানীয় ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৭৮ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাদের অপরাধের সম্পৃক্ততা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হয়েছে। অপরদিকে, ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি জানান, কুমিল্লাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন ধরণের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি একটি সাংগঠনিক সভা আয়োজন করেছে। গত বৃহস্পতিবার কালীকচ্ছ ইউনিয়নের পাঠশালা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন মাহবুব শ্যামল।
সভাটি উপজেলা বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরূজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান কচি, জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ভিপি মো. জহিরূল হক খোকন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী এবং যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ান সিদ্দিকী।
বক্তারা উল্লেখ করেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতারা ভারতের আগরতলা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ বিষয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বক্তারা সতর্ক করেন যাতে ওই ফ্যাসিস্টরা দেশের মাটিতে পা রাখতে না পারেন। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সকল প্রকার অপতৎপরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। প্রধান অতিথি সভায় বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি’র ঘাঁটি। স্বাধীনতার পর থেকে আসনে বিএনপি’র পাশের পাল্লা ভারী ছিল। তবে, শুধুমাত্র দলীয় অনৈক্যের কারণে গত ২০২৬ সালের নির্বাচনে এখানে পরাজয় ঘটেছে। আমাদেরকে সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ