ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁর মান্দায় সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁর মান্দায় সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের কারণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী দেওয়ানপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আফসার আলী প্রতিপক্ষের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আফসার আলী অভিযোগ করেছেন যে, দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি রয়েছে। কিন্তু তাঁরা প্রায় ৮ শতাংশ জমি দখলে রেখে ভোগদখল করছেন। এ বিষয়টি নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা চলমান রয়েছে। মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে উভয় পক্ষের ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন।

আফসার আলী বলেন, "আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত বুধবার (২৫ নভেম্বর) থেকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে ইট দিয়ে পাকা সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাঁরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।" এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

আরও পড়ুন: বরিশালের রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে নুরুদ্দীন প্রামাণিক বলেছেন, "এ সম্পত্তিতে আমড়া দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছি। বসতবাড়ির নিরাপত্তার জন্য সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে।" এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে আমের বাগান কমছে, বিকল্প চাষে ঝুঁকছেন কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


চারঘাটে আমের বাগান কমছে, বিকল্প চাষে ঝুঁকছেন কৃষকরা

রাজশাহীর চারঘাট উপজেলা একসময় আমের জন্য দেশের মধ্যে পরিচিত ছিল। এখানে বিস্তীর্ণ এলাকায় ছিল আমের বাগান। আমের মৌসুম এলেই বাগানগুলোতে চাষি, ব্যবসায়ী ও শ্রমিকদের ব্যস্ততা বৃদ্ধি পেত। তবে সময়ের সাথে সাথে সেই চিত্র পরিবর্তিত হচ্ছে। উৎপাদন খরচের বৃদ্ধি, বাজারে ন্যায্যমূল্য না পাওয়া, রপ্তানি সংকট এবং সংরক্ষণ সুবিধার অভাবে কৃষকরা আম চাষে আগ্রহ হারাচ্ছেন। লোকসান সামাল দিতে অনেক কৃষক বাগান কেটে অন্য ফসল চাষে অথবা জমি লিজ দিতে বাধ্য হচ্ছেন। এর ফলে চারঘাটের আমবাগানের পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে।

আমচাষিরা জানান, উৎপাদন খরচ এবং বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকায় আম চাষ এখন অনেকের জন্য লোকসানের ব্যবসায় পরিণত হয়েছে। সার, কীটনাশক, সেচ, শ্রমিক এবং পরিচর্যার খরচ বেড়ে গেছে। অথচ মৌসুমে বাজারে আমের সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে চারঘাট থেকে ৪০ টনের বেশি আম রপ্তানি হয়েছিল। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৩ টনের কিছু বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জন্য রপ্তানির কোনো তথ্য পাওয়া যায়নি। চাষিদের অভিযোগ, ল্যাব পরীক্ষা, প্যাকিং এবং পরিবহনসংক্রান্ত জটিলতায় বিদেশে আম রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে রপ্তানির সম্ভাবনা থাকলেও স্থানীয় চাষিরা তার সুফল পাচ্ছেন না।

শলুয়া এলাকার আমচাষি রাজা মিয়া বলেন, "ঢাকায় আম পাঠানোর পর বিভিন্ন প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে অনেক সময় আম নষ্ট হয়ে ফেরত আসে।" তিনি আরও জানান, রাজশাহীতে আধুনিক প্যাকিং হাউজ থাকলে এ ধরনের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হত। রাওথা গ্রামের চাষি শফিকুল ইসলাম জানান, সাড়ে তিন বিঘা আমবাগানে প্রায় ৪০ হাজার টাকা খরচ করেও তিনি আম বিক্রি করে পেয়েছেন মাত্র ২৮ হাজার টাকা। লোকসানের কারণে শেষ পর্যন্ত বাগান কেটে ঋণ পরিশোধ করতে হয়েছে তাঁকে।

একই পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ খুঁজছেন অনেকে। কেউ পেয়ারা, বরই ও ড্রাগন ফল চাষ করছেন, আবার কেউ জমিতে সবজি উৎপাদনে ঝুঁকছেন। বাসুদেবপুরের ইমরান আলী সাড়ে সাত বিঘা আমবাগান কেটে জমি লিজ দিয়েছেন। তাঁর ভাষ্য, "এতে বছরে দুই লাখ টাকার বেশি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।"

এদিকে চারঘাটে আধুনিক কোল্ড স্টোরেজের অভাবে আম সংরক্ষণের সুযোগ সীমিত। ফলে চাষিদের মৌসুমের মধ্যেই কম দামে আম বিক্রি করতে বাধ্য হতে হচ্ছে। বানেশ্বর হাটের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, "আধুনিক সংরক্ষণাগার থাকলে অন্তত ২৫ থেকে ৩০ শতাংশ আম সংরক্ষণ করে পরে বিক্রির সুযোগ তৈরি হত।" এতে বাজারে একসঙ্গে আমের সরবরাহের চাপও কমত।

সংশ্লিষ্টরা বলছেন, আমবাগান শুধুমাত্র ফল উৎপাদনের উৎস নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পরিবহনকর্মীসহ হাজারো মানুষের জীবিকা। বাগান কমতে থাকলে এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। রাজশাহী অর্গানিক ফুডের পরিচালক ওবাইদুর রহমানের মতে, আমবাগান হারিয়ে গেলে চারঘাটের কৃষি অর্থনীতি ও ঐতিহ্য বড় ধরনের সংকটে পড়বে। এছাড়া নির্বিচারে গাছ কাটা অব্যাহত থাকলে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই বছরে চারঘাটে প্রায় ২০৪ হেক্টর আমবাগান কেটে ফেলা হয়েছে। এভাবে বাগান উজাড় হতে থাকলে ভবিষ্যতে আম উৎপাদনে উপজেলার অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, আমবাগান কমে যাওয়ার বিষয়টি কৃষি বিভাগের নজরে রয়েছে। তিনি জানান, আমচাষিদের উৎপাদন খরচ কমানো, আধুনিক পদ্ধতিতে বাগান পরিচর্যা এবং উৎপাদিত আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকদের আম চাষে আগ্রহ ধরে রাখতে এবং বাগান সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে যুবদলের প্রস্তুতি সভায় ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাস মোকাবেলার করার জন্য আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


শেরপুরে যুবদলের প্রস্তুতি সভায় ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাস মোকাবেলার করার জন্য আহ্বান

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত ও মোকাবিলা করার আহ্বান জানান নেতারা।
শেরপুর জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন। এ ছাড়াও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ শেরপুর জেলা, পাঁচ উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান গনতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানাভাবে চেষ্টা চলছে। পলাতক ফ্যাসিষ্টরা আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। এজন্য তারা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।যুবদলের প্রস্তুতি সভায় ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাস মোকাবেলার আহ্বান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

টাঙ্গাইলের মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫) নামে এক গৃহবধূ। অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্মের পর মা ও নবজাতকরা সুস্থ থাকায় আনন্দে আত্মহারা বাবা লিটন মিয়া (৩০)। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মধুপুর সিটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতক তিন সন্তান ও তাদের মা সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিন সন্তানের বাবা লিটন মিয়ার বাড়ি মধুপুরের পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার বড়লিয়া এলাকায়। আর প্রসূতি সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতির চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার। এ সময় শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী, ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা দায়িত্ব পালন করেন।
তিন পুত্রসন্তানের বাবা লিটন মিয়া আনন্দ প্রকাশ করে বলেন, ‘অনেক চিকিৎসার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে আমার স্ত্রী একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে। আমি অনেক খুশি, আনন্দে আত্মহারা। আমার স্ত্রী ও তিন সন্তান ভালো আছে। এ চিকিৎসাসেবায় দায়িত্ব পালনকারী চিকিৎসকদের প্রতি আমি কৃতজ্ঞ।’
একসঙ্গে তিন পুত্রসন্তানের আগমনে পরিবারে আনন্দের পাশাপাশি এলাকাজুড়েও বিষয়টি নিয়ে কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের কারণে ফরহাদ মোল্যা (৫০) নামের একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এই ঘটনাটি ঘটে। ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার পুত্র।

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ফরহাদ মোল্যার সাথে একই বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার সহযোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ মোল্যা তার জমিতে ধান কাটার সময়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাশের একটি বাগানে লুকিয়ে থাকা দাউদ মোল্যা ও তার লোকজন লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

তবে দাউদ মোল্যার পক্ষের লোকজন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ফরহাদ মোল্যা স্ট্রোকে মারা গেছেন এবং তাকে কোনো আঘাত করা হয়নি।

লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা ঢাকা মেইলকে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সাথে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%