আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২০ পি.এম
টাঙ্গাইলের মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫) নামে এক গৃহবধূ। অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্মের পর মা ও নবজাতকরা সুস্থ থাকায় আনন্দে আত্মহারা বাবা লিটন মিয়া (৩০)। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মধুপুর সিটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতক তিন সন্তান ও তাদের মা সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিন সন্তানের বাবা লিটন মিয়ার বাড়ি মধুপুরের পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার বড়লিয়া এলাকায়। আর প্রসূতি সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসূতির চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার। এ সময় শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী, ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা দায়িত্ব পালন করেন।
তিন পুত্রসন্তানের বাবা লিটন মিয়া আনন্দ প্রকাশ করে বলেন, ‘অনেক চিকিৎসার পর শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে আমার স্ত্রী একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে। আমি অনেক খুশি, আনন্দে আত্মহারা। আমার স্ত্রী ও তিন সন্তান ভালো আছে। এ চিকিৎসাসেবায় দায়িত্ব পালনকারী চিকিৎসকদের প্রতি আমি কৃতজ্ঞ।’
একসঙ্গে তিন পুত্রসন্তানের আগমনে পরিবারে আনন্দের পাশাপাশি এলাকাজুড়েও বিষয়টি নিয়ে কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের কারণে ফরহাদ মোল্যা (৫০) নামের একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সদস্যদের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এই ঘটনাটি ঘটে। ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার পুত্র।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ফরহাদ মোল্যার সাথে একই বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার সহযোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরহাদ মোল্যা তার জমিতে ধান কাটার সময়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাশের একটি বাগানে লুকিয়ে থাকা দাউদ মোল্যা ও তার লোকজন লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
তবে দাউদ মোল্যার পক্ষের লোকজন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ফরহাদ মোল্যা স্ট্রোকে মারা গেছেন এবং তাকে কোনো আঘাত করা হয়নি।
লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা ঢাকা মেইলকে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সাথে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনেক দৌড়াদৌড়ি ও ছুটাছুটির পর অবশেষে খুলনা মহানগরীতে ভ্যান ইজিবাইক ছিনতাইয়ের মূল হোতা প্রতারক মিরান ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা নিবাসী মৃত আঃ মালেক খানের পুত্র সুরাব হোসেন খান। সুরাব তার নিজস্ব ক্রয়কৃত ইজিবাইকটি খুলনা নগরীতে জীবিকা নির্বাহের জন্য চালানোর সময় দুর্বৃত্তদের হাতে ইজিবাইকটি হারিয়ে ফেলেন, ফলে গোটা পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে এবং সুরাব খান বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন।
খালিশপুর থানায় অভিযোগ দেওয়ার পর বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করার পর, ইজিবাইক ছিনতাইয়ের নেতৃত্বদানকারী প্রতারক মিরানকে তার নিজ বাসা থেকে ডিবি পুলিশের হাতে গত ২২/১১/২০২৬ ইং তারিখ দিবাগত রাত ১২ টার দিকে গ্রেফতার করা হয়। তবে, ভুয়া ডিবি সদস্য পরিচয়দানকারী মিরানের অপর দুই সহযোগী এখনও গ্রেফতার হয়নি। ডিবি পুলিশের একটি চৌকশ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার মওলার বাড়ি মোড় রাসেলের ভাড়া বাড়ির তৃতীয় তলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।
অভিযোগের সূত্রে জানা গেছে, গত ২২/১০/২০২৪ ইং তারিখে সুরাব তার ইজিবাইক নিয়ে দৌলতপুর মিনাক্ষী হল সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। ইজিবাইকটি খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত লাইসেন্স নম্বর-৫২৯৪। সাবেক পুলিশ সদস্য মিরান পূর্বপরিকল্পিতভাবে খুলনা পুলিশ লাইন সংলগ্ন এলাকায় যাওয়ার কথা বলে ইজিবাইক ড্রাইভার সুরাব হোসেনের সঙ্গে ভাড়া চুক্তি করেন। উক্ত এলাকায় পৌঁছালে তিনি আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরবর্তীতে ঐ দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলনায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন। এ সময় প্রথমে ওঠা মিরান ইজিবাইক থেকে নেমে যান।
যাত্রীরা খালিশপুর থানার ইসলামি ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে একজন যাত্রীর ফোনে কল আসে। সে জানায় তার মা মারা গেছে এবং ইজিবাইকটি দাঁড় করাতে বলেন। অপরজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে দূরে চলে যায়। তখন সুরাব ইজিবাইকটি রেখে রোডের বিপরীত পাশে গিয়ে ফিরে এসে তার ইজিবাইকটি আর দেখতে পান না। যাত্রীরাও নেই এবং ইজিবাইকও নেই। সুরাব তখন বুঝতে পারেন যে তারা তিনজনই প্রতারক এবং চিহ্নিত ইজিবাইক ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্য। সুরাব খুঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান না পেয়ে খালিশপুর থানায় গিয়ে ঐ দিনই লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি দৌড়াদৌড়ি করে শনাক্ত করেছেন এবং জানতে পেরেছেন এ তিনজন কারা এবং তাদের বাড়ি কোথায়। পুলিশেরও নলেজে এসেছে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার ও ইজিবাইক উদ্ধারে একের পর এক গড়িমশি করে চলেছে। এমনকি সরকারি দলের প্রভাবশালী নেতৃবৃন্দ সুপারিশ করার পরও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এদিকে খুলনার ডিবির একটি চৌকশ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া রাসেলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ঘটনার এক মাসের মাথায় মিরানকে গ্রেফতার করে। এখনও ডিবি পরিচয়দানকারী অপর দুই প্রতারক রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
এ ব্যাপারে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। খালিশপুর মেট্রো থানার অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে জানান, খুলনা ডিবি মিরানকে গ্রেফতার করে খালিশপুর থানায় হস্তান্তর করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত খালিশপুর থানার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে সূত্রে জানা গেছে। তবে স্বীকারোক্তি দিয়েছে কিনা তা জানা যায়নি।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, মিরান পুলিশের চাকুরিচ্যুত এএসআই। চাকুরি হারানোর পর থেকে সে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে। সে নানাভাবে প্রতারণা করে লোকজনের ভ্যান ও ইজিবাইক ছিনতাই করে এনে বিক্রি করা সিন্ডিকেটের মূল হোতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বনদস্যুদের তাণ্ডবের কারণে বাবা-মায়ের জীবিকা ব্যাহত হওয়ায় সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনা ও পরিবারের ভবিষ্যৎ রক্ষার উদ্দেশ্যে মানববন্ধন, বিক্ষোভ এবং ‘উপকূলে জাগরণ যাত্রা’ কর্মসূচি পালন করেছেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে এই কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীরা বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে উপকূলীয় সড়কে বিক্ষোভ করেন। কর্মসূচির সমাপ্তিতে অংশগ্রহণকারীরা খাতার পাতা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানান।
স্থানীয়দের মতে, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কের কারণে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ হয়ে যাওয়ায় উপকূলের হাজারো বনজীবী পরিবার আর্থিক সংকটে পড়েছে। এর ফলে অনেক শিক্ষার্থীকে পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে বের হতে হচ্ছে। চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা বলেন, “বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে; অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।”
মাদ্রাসার শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, “দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই, আমড়া বাঁচতে চাঁই ও স্কুলে যেতে চাঁই।” শিক্ষার্থী হীরা মণি বলেন, “দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?”
সংকটের বিষয়টি তুলে ধরে অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, “জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত ত্রাণ ও সহায়তা জরুরি।” অপর এক অভিভাবক কামরুল ইসলাম বলেন, “বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমড়া না খেয়ে ও সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।”
কর্মসূচিতে চাঁদনীমুখা পরিজান আলেম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন, শিক্ষার্থী আশুরা খাতুন, মো. ওয়ায়েজ কুরুনী, মোছা. মুন্নি আক্তার, রাকিব হোসেন, মো. টুটুল ও মো. জিল্লুর রহমান বক্তব্য দেন। খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যের সম্মান শ্রেণির শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিটি সঞ্চালনা করেন কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান। এ সময় শিক্ষকদের পক্ষে মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষে গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলামসহ স্থানীয়রা সংহতি প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ৯ উইকেটে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মেহেরপুর দল ৪৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মিজানুর রহমান, যিনি ৪৬ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করেন। এছাড়া রাগিব নেহাল ২২, আতিফ আদনান ১৬ এবং আশফাক মাশফি ১৫ রান যোগ করেন।
সাতক্ষীরার বোলারদের মধ্যে তামিম ইকবাল ২৫ রানে ৪টি উইকেট এবং হাসিবুর রহমান ৩৭ রানে ৩টি উইকেট নেন। স্ক. আজনাত আব্দুল্লাহ ১০ ওভারে ১৭ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন। তানভীর হাসান ও ফাহিম হাসান আর্কো একটি করে উইকেট নেন। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সাতক্ষীরা ২৮ ওভার ১ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। মো. সালমান আফ্রিদি ৯৮ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। রুহান আহমদ সবুজ ৩৫ রানে অপরাজিত থাকেন এবং মো. নাফিস আনজুম ১৪ রান করেন। সালমান আফ্রিদির অপরাজিত ৭৫ রানের ইনিংসের জন্য তাকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।
দলের সঙ্গে প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম এবং ম্যানেজার মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা জয়ী দলকে অভিনন্দন জানিয়েছে। একই ভেন্যুতে ৩০ নভেম্বর মাগুরা জেলা অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে সাতক্ষীরা।
সংক্ষিপ্ত স্কোর: মেহেরপুর অনূর্ধ্ব-১৮: ১৩৬, ৪৮.৩ ওভার (মিজানুর রহমান ৩১, রাগিব নেহাল ২২; তামিম ইকবাল ৪/২৫, হাসিবুর রহমান ৩/৩৭)।
সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮: ১৩৭/১, ২৮.১ ওভার (মো. সালমান আফ্রিদি ৭৫*, রুহান আহমদ সবুজ ৩৫*, মো. নাফিস আনজুম ১৪)।
ফল: সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দল ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মো. সালমান আফ্রিদি (সাতক্ষীরা)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ