০৮:৩০ পি.এম
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার কাছে এক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এই দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আরও বহু যাত্রী আহত হয়েছেন। সৌদি গেজেট কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৭ জুন) এ দুর্ঘটনাটি ঘটেছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নাসিরিয়া-বসরা মহাসড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন ইরানি নাগরিকও রয়েছেন যারা ইরাক সফর করছিলেন।
কর্তৃপক্ষের প্রতিবেদনে জানা গেছে, নাসিরিয়ার কাছে সড়কে বাসটির চালক নিয়ন্ত্রণ হারাতেই এটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার পরিস্থিতি এবং কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
আরও পড়ুন: ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটকে সমর্থন জানাল আরব জোট, কোণঠাসা নেতানিয়াহু
পুলিশ ও চিকিৎসা কর্মকর্তাদের মতে, ঘটনাস্থল এবং হাসপাতালে মিলিয়ে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আহতদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক এবং তারা গুরুতর দগ্ধ হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাসটিতে আগুন লাগার পর কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।
দুর্ঘটনা শেষে আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, নিহতদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দুর্ঘটনাস্থলের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। চারপাশে বাসের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী আল-জাইদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এ ঘটনায় ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদিও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং সর্বোচ্চ অগ্রাধিকার।’
আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল
ইরাকে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত গতি, সড়কের বেহাল অবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে প্রতি বছর দেশটিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে প্রায় ৫ হাজার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮৭০ জন নিহত হয়েছেন। তবে আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন