ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৮০ জন গ্রেফতার


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৮০ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশ মোট ৭৮০ জনকে গ্রেফতার করেছে।

এ তথ্য আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৩ জন, পূর্ববর্তী মামলায় ১৩৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১১০ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

এছাড়া, মাদক মামলায় ৪৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৩২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের সময় ২২ হাজার ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ লিটার চোলাই মদ, ২৭ কেজি গাঁজা, ২৪ ক্যান বিয়ার, ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬ বোতল হুইস্কি এবং ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দেবিদ্বারে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার গ্রেপ্তার

এদিকে, অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৭৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রামে ১৭ জন, কক্সবাজারে ৬ জন, কুমিল্লায় ২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন, চাঁদপুরে ৪ জন, নোয়াখালীতে ১৪ জন, ফেনীতে ৬ জন এবং খাগড়াছড়িতে ৩ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবক বা জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলাভিত্তিক গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্যের সংখ্যা হলো—কুমিল্লায় ১১২ জন, লক্ষ্মীপুরে ১৫ জন, কক্সবাজারে ১২ জন, খাগড়াছড়িতে ৮ জন, চট্টগ্রামে ১ জন এবং রাঙামাটিতে ১ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: পদ্মার ভাঙনে ঝুঁকিতে কোটি টাকার বাজার, সুরেশ্বর মাছঘাটে নতুন ভাঙন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


অর্থমন্ত্রী সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অর্থমন্ত্রী দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং প্রবাসীদের দেশে ফিরে এসে উন্নয়নে সম্পৃক্ত হওয়ার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, যা শিল্প ও সংস্কৃতিকে অর্থমূল্যে রূপান্তরিত করবে।

অর্থমন্ত্রী আরো বলেন, দেশের শিল্পীরা ছবি আঁকলেও অনেক সময় তারা ন্যায্য মূল্য পান না, যা অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে ব্যর্থ হচ্ছে। একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে তিনি শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং মানসম্মত প্রকাশনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি শিল্পসমালোচক তৈরি এবং দেশে শিল্পকর্মের নিলাম চালুর বিষয়েও গুরুত্ব দেন। ঢাকায় একটি ভালো থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন এবং সৃজনশীল অর্থনীতির এই যাত্রায় যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সফল, তাদের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে জিল বাংলা সুগার মিলস-এ আখ মাড়াই শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


জামালপুরে জিল বাংলা সুগার মিলস-এ আখ মাড়াই শুরু

জামালপুর, ২৭ নভেম্বর, ২০২৬ : জিল বাংলা সুগার মিলস-এ অবস্থিত দেওয়ানগঞ্জ উপজেলায় ২০২৬-২৭ মৌসুমের আখমাড়াই আজ সন্ধ্যায় শুরু হয়েছে।

শুক্রবার, সংসদ সদস্য অ্যাড. শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ডোঙ্গা’য় আখ ফেলে ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।

উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি বলেছেন, "১৭ বছরের ফ্যাসিবাদকে হটিয়ে আমরা দেশের মালিকানা পুনরায় জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি, কারণ জনগণই এই দেশের প্রকৃত মালিক।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।"

তিনি জানান, "সারা দেশে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান।"

তিনি উল্লেখ করেন, "দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে, তখন তথাকথিত ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়ে উঠেছে।" তিনি জনগণের প্রতি আহ্বান জানান যেন তারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সতর্ক থাকেন এবং সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান।

অনুষ্ঠানে সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমানও বক্তব্য রাখেন।

মিল কর্তৃপক্ষ ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে পল্লী বিদ্যুতের লাইনম্যান আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


গাইবান্ধায় নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে পল্লী বিদ্যুতের লাইনম্যান আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণের অভিযোগে স্থানীয়রা আরিফুল হক মণ্ডল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন।

এটি ঘটেছে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া সাহাপাড়ায়।

অভিযুক্ত আরিফুল হক মণ্ডল ধাপেরহাট পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের একজন লাইনম্যান হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে ওই এলাকার একটি বাড়িতে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন আরিফুল। এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি দেখতে পান এবং পরে স্থানীয়রা তাকে আটক করে মোবাইল ফোনে সেই গোসলের ভিডিও দেখেন।

উত্তেজিত জনতা তাকে মারধর করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন। এরপর অভিযুক্ত আরিফুলকে পুলিশে সোপর্দ করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম হাবিব জানান, এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


কুবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনকে রাজনৈতিক দলের অফিসের মতো ব্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুবি শাখার বিরুদ্ধে। সর্বশেষ গত বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে আবেদন করে ছাত্রদলের ব্যানারে একটি কর্মশালার আয়োজন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ‘বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার-২০২৬: অঙ্গীকার থেকে বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ কর্মশালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন হল ও অনুষদ কমিটির প্রস্তাবিত নেতারা অংশগ্রহণ করেন।

এর আগে প্রশাসনিক ভবনে ছাত্রদলের উদ্যোগে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন উপস্থিত ছিলেন।

এরপর গত ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আলোচনা সভার আয়োজন করে শাখা ছাত্রদল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন জানান, ছাত্রদলের ব্যানারে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আবেদন করায় তাঁদের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। আবেদনে কর্মশালা ও অন্যান্য কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছিল। ওই সময় ভার্চুয়াল ক্লাসরুমটি ফাঁকা থাকায় শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়।

তিনি বলেন, ‘ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষার্থীদের এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আমরা সাধারণত নিরুৎসাহিত করি। পরবর্তী সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আমরা আর উৎসাহ দেব না।’

আবেদনপত্রে নিবেদক হিসেবে ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশারের নাম উল্লেখ থাকলেও আবেদনটি অন্য একজন শিক্ষার্থী জমা দিয়েছেন বলে জানান ড. মহিউদ্দিন।

তিনি আরও বলেন, ‘আবেদনপত্রে রাজনৈতিক কোনো কর্মসূচির কথা উল্লেখ ছিল না। সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছিল।’

সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে আবেদন করার বিষয়টি স্বীকার করেছেন আবুল বাশার। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থী। ছাত্রদল করি বলে কি আমরা শিক্ষার্থী নই? শিক্ষার্থীদের নিয়েই একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি ছাত্রদলের ব্যানারেই হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ভার্চুয়াল ক্লাসরুমটি আইকিউএসি ও রেজিস্ট্রার দপ্তরের অধীনে পরিচালিত হয়। সেখানে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গুরুত্বপূর্ণ।’

সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে আবেদন করে পরে রাজনৈতিক ব্যানারে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমি আগে জানতাম না। এখন আপনার কাছ থেকে শুনলাম। এ বিষয়ে যারা অনুমতি দিয়েছেন এবং যারা অনুষ্ঠান আয়োজন করেছেন, উভয় পক্ষের বক্তব্য নেওয়া উচিত।’

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৭ সালের প্রথম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে ২০২৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত ১০০তম জরুরি সিন্ডিকেট সভায়ও এ সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের অঙ্গ, সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন প্রকাশ্যে কিংবা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ৪৩(ঘ) ধারায় কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এসব বিধান ও সিন্ডিকেটের সিদ্ধান্তের পরও ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মিছিল, মানববন্ধন, সংবাদ সম্মেলন, সদস্য সংগ্রহসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলোর কার্যক্রমের উপস্থিতি দেখা যাচ্ছে।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত না মানার কথা জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। তিনি বলেন, ‘যে সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সেই সিদ্ধান্ত মানি না। ওই প্রশাসনকে তো আমরা ক্যাম্পাস থেকে চলে যেতে বাধ্য করেছি। তাহলে তাদের নেওয়া সিদ্ধান্ত কেন মানব?’

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে আবুল বাশার বলেন, ‘এই ক্যাম্পাসে সব সময় রাজনীতি ছিল, রাজনীতি আছে এবং রাজনীতি থাকবে। ২০২৪ সালের আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সফল করেছেন। ক্যাম্পাসে রাজনীতি না থাকলে সেই আন্দোলন সফল হতো না।’

তিনি আরও বলেন, ‘ওই সময়ের সিন্ডিকেট যে নিষেধাজ্ঞা দিয়ে গেছে, তা আমরা মানি না।’

অন্যদিকে, প্রশাসনিক ভবনকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘না, এ রকম কিছু নয়। আমরা সেখানে শুধু একটি কর্মসূচি আয়োজন করেছি, অন্য কিছু নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%