প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনকে রাজনৈতিক দলের অফিসের মতো ব্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুবি শাখার বিরুদ্ধে। সর্বশেষ গত বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে আবেদন করে ছাত্রদলের ব্যানারে একটি কর্মশালার আয়োজন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ‘বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার-২০২৬: অঙ্গীকার থেকে বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ কর্মশালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন হল ও অনুষদ কমিটির প্রস্তাবিত নেতারা অংশগ্রহণ করেন।
এর আগে প্রশাসনিক ভবনে ছাত্রদলের উদ্যোগে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিন উদ্দিন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন উপস্থিত ছিলেন।
এরপর গত ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আলোচনা সভার আয়োজন করে শাখা ছাত্রদল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন জানান, ছাত্রদলের ব্যানারে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আবেদন করায় তাঁদের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। আবেদনে কর্মশালা ও অন্যান্য কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছিল। ওই সময় ভার্চুয়াল ক্লাসরুমটি ফাঁকা থাকায় শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়।
তিনি বলেন, ‘ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষার্থীদের এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আমরা সাধারণত নিরুৎসাহিত করি। পরবর্তী সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আমরা আর উৎসাহ দেব না।’
আবেদনপত্রে নিবেদক হিসেবে ছাত্রদলের সদস্যসচিব আবুল বাশারের নাম উল্লেখ থাকলেও আবেদনটি অন্য একজন শিক্ষার্থী জমা দিয়েছেন বলে জানান ড. মহিউদ্দিন।
তিনি আরও বলেন, ‘আবেদনপত্রে রাজনৈতিক কোনো কর্মসূচির কথা উল্লেখ ছিল না। সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছিল।’
সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে আবেদন করার বিষয়টি স্বীকার করেছেন আবুল বাশার। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থী। ছাত্রদল করি বলে কি আমরা শিক্ষার্থী নই? শিক্ষার্থীদের নিয়েই একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি ছাত্রদলের ব্যানারেই হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ভার্চুয়াল ক্লাসরুমটি আইকিউএসি ও রেজিস্ট্রার দপ্তরের অধীনে পরিচালিত হয়। সেখানে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গুরুত্বপূর্ণ।’
সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে আবেদন করে পরে রাজনৈতিক ব্যানারে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমি আগে জানতাম না। এখন আপনার কাছ থেকে শুনলাম। এ বিষয়ে যারা অনুমতি দিয়েছেন এবং যারা অনুষ্ঠান আয়োজন করেছেন, উভয় পক্ষের বক্তব্য নেওয়া উচিত।’
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৭ সালের প্রথম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে ২০২৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত ১০০তম জরুরি সিন্ডিকেট সভায়ও এ সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের অঙ্গ, সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন প্রকাশ্যে কিংবা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ৪৩(ঘ) ধারায় কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এসব বিধান ও সিন্ডিকেটের সিদ্ধান্তের পরও ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মিছিল, মানববন্ধন, সংবাদ সম্মেলন, সদস্য সংগ্রহসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলোর কার্যক্রমের উপস্থিতি দেখা যাচ্ছে।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত না মানার কথা জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। তিনি বলেন, ‘যে সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সেই সিদ্ধান্ত মানি না। ওই প্রশাসনকে তো আমরা ক্যাম্পাস থেকে চলে যেতে বাধ্য করেছি। তাহলে তাদের নেওয়া সিদ্ধান্ত কেন মানব?’
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে আবুল বাশার বলেন, ‘এই ক্যাম্পাসে সব সময় রাজনীতি ছিল, রাজনীতি আছে এবং রাজনীতি থাকবে। ২০২৪ সালের আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সফল করেছেন। ক্যাম্পাসে রাজনীতি না থাকলে সেই আন্দোলন সফল হতো না।’
তিনি আরও বলেন, ‘ওই সময়ের সিন্ডিকেট যে নিষেধাজ্ঞা দিয়ে গেছে, তা আমরা মানি না।’
অন্যদিকে, প্রশাসনিক ভবনকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘না, এ রকম কিছু নয়। আমরা সেখানে শুধু একটি কর্মসূচি আয়োজন করেছি, অন্য কিছু নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন