বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৫ পি.এম
মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল হাইজ্যাকের খবরের কারণে। তবে পরে জানা যায়, বিমানটি ছিনতাই হয়নি, বরং ককপিটে দুই পাইলটের মধ্যে মারামারি ঘটেছিল। এই ঝামেলার ফলস্বরূপ, দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট তেল আবিবে না গিয়ে সৌদি আরবে জরুরি অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
বুধবার ভোরে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইদুবাইয়ের বিমানটি তেল আবিবের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। কিছুক্ষণ পর, ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত একটি কোডও পাঠানো হয়। এই ঘটনার পর, ইসরায়েলি বিমানবাহিনী কয়েকটি যুদ্ধবিমান পাঠায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জরুরি বৈঠক করেন।
পরে আবার সাধারণ জরুরি সংকেত দেওয়া হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানটি ছিনতাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে না। বিমানটির যাত্রীরা জানান, বিমানটি হঠাৎ নিচে নামতে শুরু করলে তারা ভয় পেয়ে যান।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, পাইলট ও সহপাইলটের মধ্যে ঝামেলার কারণে জরুরি সংকেত দেওয়া হয়েছিল। এফজেড১০৭৩ ফ্লাইটটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক। বিমানটির গন্তব্য ছিল তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দর। তবে শেষ পর্যন্ত এটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ফ্লাইটটি যাত্রাপথে একটি ঘটনার মুখোমুখি হয়েছিল। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। তিনি বলেন, ‘আমাদের দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুবাই থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি সৌদি আরবের আকাশসীমায় দ্রুত নিচে নামতে শুরু করে। মাত্র দুই মিনিটের মধ্যে এটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে বিমানটি কিছু সময়ের জন্য জর্দানের আকাশসীমায় প্রবেশ করে। কয়েক মিনিট পর সেটি আবার ঘুরে সৌদি আরবের দিকে ফিরে আসে এবং অবতরণের জন্য নিচে নামতে শুরু করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার উদ্দেশ্যে এবং চলমান সংঘাতের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরান কর্তৃক প্রদত্ত প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্র প্রদান করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ওই প্রস্তাবে কী রয়েছে, সে সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি।
মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি ইউরোপীয় এবং উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে বৈঠক এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে প্রদত্ত ইরানের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ নগরীকে আরও নান্দনিক, সৃজনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কবি, শিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ নগরী নিয়ে আগামীর ভাবনা, সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম এবং নগর উন্নয়নে সৃজনশীল অঙ্গনের ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নগরীর ইতিবাচক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।আলোচনায় অংশ নেন
লেখক, এডভোকেট সালাউদ্দিন পাঠান কবি শামসুল ফয়েজ,কবি শরৎ সেলিম এবং তরুন কনটেন্ট ক্রিয়েটরগণ ।
পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চাকে সম্পৃক্ত করে একটি নান্দনিক ও মানবিক নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভায় ময়মনসিংহ নগরীর সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং নগর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন প্রস্তাব ও মতামত উঠে আসে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে, যা ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রযোজ্য। স্বাধীন কমিশনের তদন্তে এটি প্রমাণিত হয়েছে যে, ক্লাবটি ভুয়া চুক্তি ও কৃত্রিম আয় দেখিয়ে প্রায় ৯০০ মিলিয়ন পাউন্ড (১.২ বিলিয়ন পাউন্ড) বাড়তি রাজস্ব দেখিয়েছে।
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ বিষয়টি একটি বিবৃতিতে জানিয়েছে।
তদন্ত ও অভিযোগ
২০২৩ সালের ফেব্রুয়ারিতে চার বছরের তদন্ত শেষে সিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কমিশন জানিয়েছে, স্পন্সর কোম্পানিগুলো আংশিক অর্থ প্রদান করলেও বাকি অর্থ আসত আবুধাবি ইউনাইটেড গ্রুপ থেকে, যারা ক্লাবের মালিক। খরচও কৃত্রিমভাবে কম দেখানো হয়েছিল।
তদন্তের সময় আরও উঠে এসেছে যে, সিটি প্রিমিয়ার লিগের তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।
প্রতিক্রিয়া ও আপিল
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স মন্তব্য করেছেন, “প্রায় এক দশক ধরে নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কী শাস্তি দেওয়া হবে।”
সিটি তাদের অবস্থান জানিয়ে বলেছে যে, তারা আপিল করবে, “আমরা নির্দোষ। প্রিমিয়ার লিগের মতামতে আইন ও তথ্যগত ভুল রয়েছে।”
সম্ভাব্য শাস্তি
প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী শাস্তি হতে পারে জরিমানা, পয়েন্ট কাটা বা এমনকি লিগ থেকে বহিষ্কার।
এভারটন ও নটিংহ্যাম ফরেস্টকে ২০২৩-২৪ মৌসুমে একক ভঙ্গের জন্য পয়েন্ট কাটা হয়েছিল।
এক্ষেত্রে শতাধিক অভিযোগে দোষী সিটি অবনমনের মুখে পড়তে পারে।
প্রতিক্রিয়া
সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন বলেছেন, “এটি অবিশ্বাস্যভাবে গুরুতর অপরাধ। শুধু আর্থিক জরিমানা নয়, শাস্তি আরও কঠোর হতে হবে। আপিল ব্যর্থ হলে সিটিকে লিগে রাখা যাবে না।”
যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া সচিব লিসা ন্যান্ডি মন্তব্য করেছেন, “প্রিমিয়ার লিগের রিপোর্ট অত্যন্ত গুরুতর ও স্পষ্ট।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও সুপেয় পানি সরবরাহের জন্য ১০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এই ঘোষণা বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কুড়িগ্রাম জেলা ভারতের তিনটি অঙ্গরাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সীমান্তঘেঁষা। এই জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে মোট ৩৫টি বিওপি (বর্ডার পর্যবেক্ষণ চৌকি) রয়েছে। সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পুরো এলাকা জুড়ে যোগাযোগের সুবিধার্থে পাকা রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) প্রকল্প তৈরির নির্দেশ দেন তিনি।
দারিদ্র্য বিমোচন এবং যুবসমাজকে বিদেশমুখী ও আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী করে তোলার বিষয়ে প্রতিমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে তাদের বিদেশি ভাষা শেখার ওপর জোর দিতে হবে।
প্রতিমন্ত্রী জানান, কুড়িগ্রামের নদীবেষ্টিত প্রায় সাড়ে চার শ চরের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
এছাড়াও, জেলাজুড়ে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ১০০ কোটি টাকার বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণার কথা জানান মন্ত্রী। এর মধ্যে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার সুপেয় পানি সরবরাহের জন্য ৫০ কোটি টাকা এবং নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রেখে মোট ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
যৌথ সভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ