মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
০৫:৫১ পি.এম
মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।
৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে, রোজ সোমবার, নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে, নারায়ণগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশার নেতৃত্বে, বিভিন্ন অঙ্গ সংগঠনের অংশগ্রহণ দিয়ে, এন সি বির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন, ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান রনি মল্লিক, সাবেক কাউন্সিলর ১১ নম্বরের অহিদুল ইসলাম শককু, কৃষক দলের মহানগরের মহিলা বিষয় সম্পাদক খোরশেদ আলম লিপি খন্দকার, যুবদলের সায়েদ, ও অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলটি নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়ক দিয়ে পরিদর্শন করা হয়। নেতৃবৃন্দ দাবি করেন যে, নাসির উদ্দিন পাটোয়ারী কটুক্তির জন্য ক্ষমাপ্রার্থনা না চাইলে বিএনপির নেতৃবৃন্দ তাহার বিরুদ্ধে কঠোর আন্দোলন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এবার বাংলাদেশে আসতে পারেন এমবাপ্পে।
বাংলাদেশে বিশ্বকাপজয়ী অনেক ফুটবলার এসেছেন। বিশেষ করে এই বছর ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল ঘুরে গেছেন।
লিওনেল মেসির আর্জেন্টিনা তো বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছিল।
এমবাপ্পে বাংলাদেশে আসার পরিকল্পনা করছে সরকার। এর আগে ২০০৬ সালে জিনেদিন জিদানের বাংলাদেশে আসার মধ্য দিয়ে শুরু হয়েছিল। ১৯৯৮ এর বিশ্বকাপজয়ী ফ্রান্সের মিডফিল্ডার ২ দিনের সফরে এসেছিলেন। ২০২২ বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে এসেছিলেন জিজুরই বিশ্বকাপজয়ী সতীর্থ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বুও।
এবার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার কথা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই স্ট্রাইকারকে দেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ তারকাকে দেখা যেতে পারে।
আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান মীর শাহে আলম। তিনি বলেন, ‘আমরা চাই সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।’
মীর শাহে আলম বিশ্বাস করেন, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। তিনি বলেন, ‘নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই ফুটবল দল গঠন করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ যদি দল গঠন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। ছাত্র কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা উচিত।’
টুর্নামেন্টটি আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। প্রতিযোগিতার প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল এখনও ঠিক করা হয়নি, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করা হবে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ভোটার তালিকার জন্য অনুরোধ পাঠানো হয়েছে।
আখতার আহমেদ উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি এবং আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এসবে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই খসড়া আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
নির্বাচনের সময়সীমার ব্যাপারে তিনি বলেন, সাধারণত তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখ পর্যন্ত ৪৫ দিনের ব্যবধান থাকে। ভোটার তালিকা হালনাগাদ ও অন্যান্য প্রস্তুতির জন্য একটি ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ বা উল্টো গণনা করে সময় নির্ধারণ করা হয়।
তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ পয়েন্ট প্রয়োজনে বাড়ানো হতে পারে। তিনি জানান, প্রস্তুতি নিয়েই আমরা আছি যাতে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যায়।
এই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, এনআইডি সংশোধনের জন্য এখনও কোনো সুনির্দিষ্ট এসওপি চূড়ান্ত হয়নি।
রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট সম্পর্কে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট দেওয়ার শেষ সময় ছিল ৩১ জুলাই। যেহেতু ৩১ জুলাই শুক্রবার ছিল, তাই ২ আগস্ট পর্যন্ত রিপোর্ট গ্রহণ করা হয়েছে।
আমাদের ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছে। তবে ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং আটটি দল কোনো সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি, তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চীনের গত চার দশকের উন্নয়ন অভিজ্ঞতা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। তুলনামূলক শাসনব্যবস্থা বলতে কোনো দেশের মডেল হুবহু অনুসরণ করা নয়; বরং নিজস্ব বাস্তবতা ও জাতীয় প্রয়োজনের আলোকে সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই এর মূল উদ্দেশ্য।
আগামী ৫০ বছরে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘তুলনামূলক শাসনব্যবস্থা বিষয়ক ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিআইআইএসএস এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইআরপিএ) যৌথভাবে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরামের আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, গত চার দশকে চীন বিশ্বের অন্যতম সফল উন্নয়ন অভিজ্ঞতা তৈরি করেছে। দেশটি প্রায় ৮০ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছে, বাজার সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করেছে এবং বৈদ্যুতিক যান, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন ব্যবস্থা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্র হতে পারে।
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, শূন্য শুল্ক সুবিধা নিয়ে আলোচনা, উৎপাদন খাতে সহযোগিতা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর শিল্পে অংশীদারত্ব বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি বহুমুখীকরণে সহায়ক হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করবে।
বিশ্বব্যাপী কৌশলগত প্রতিযোগিতা, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু সংকট ও পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এসব চ্যালেঞ্জ কোনো দেশ এককভাবে মোকাবিলা করতে পারবে না। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতের পথ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এবং চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব বর্তমানে একটি সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে রূপ নিয়েছে। সম্প্রতি ঘোষিত ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
বাংলাদেশ স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক পররাষ্ট্রনীতির ভিত্তিতে সব দেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
সুশাসনের গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, এর মূল লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন। স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন এবং কার্যকর জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হয়। বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, জনপ্রশাসনের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে জনসেবা উন্নত করার কাজ করছে।
তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা নীতিনির্ধারণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআইআইএসএস ও ফুদান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরকে দীর্ঘমেয়াদি একাডেমিক ও নীতিগত সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি এখন শুধু পরিবেশগত সমস্যা নয়; বরং উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক সংকটের সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অবকাঠামো, বিমান যোগাযোগ, ডিজিটাল নেটওয়ার্ক ও আঞ্চলিক সংযোগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, টেকসই অবকাঠামো, পর্যটন, বাণিজ্য ও উদ্ভাবনের ক্ষেত্রে চীনসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ আগ্রহী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি মরক্কো থেকে ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী উত্তর আফ্রিকাতে স্পেনের নিয়ন্ত্রণাধীন সেউতায় প্রবেশ করেছে। এই ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার সময় ডুবে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২ জনে পৌঁছেছে।
এর মধ্যে উপকূল থেকে আরো পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার স্প্যানিশ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। যাহলেও, মৃতের এই সংখ্যা মরক্কোর কর্তৃপক্ষের ঘোষিত সংখ্যার তুলনায় বেশি। খবর রয়টার্স।
স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কো থেকে বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী স্পেনের শহরে অনুপ্রবেশ করতে সক্ষম হলেও, গত দুই দিনে ৪৮,০০০-এরও বেশি মানুষ স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছে। সপ্তাহান্তে এই সংখ্যা আরও বেড়েছে।
সিউটাতে স্প্যানিশ সরকারের প্রতিনিধি মিগেল অ্যাঞ্জেল পেরেজ বলেছেন, সেউতায় অনুপ্রবেশের সময় ৭২ জনের মৃত্যুর সঙ্গে ১ হাজারেরও বেশি অভিবাসীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্পেনের নিয়ন্ত্রণাধীন শহরটির পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরতে আরো কিছুদিন সময় লাগবে।
অভিবাসীদের অনেকে সমুদ্র সাঁতরে পার হওয়ার সময় ডুবে মারা যান। আবার অনেকে একটি বাঁধ ও সীমান্ত বেড়ার ওপরে ওঠার চেষ্টা করার সময় পদদলিত হয়ে প্রাণ হারান বলে জানা গেছে। এই ঘটনাগুলোর জন্য মরক্কোর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব এবং মানবপাচারকারী চক্রকে দায়ী করেছে। তারা একটি স্প্যানিশ রায়ের ভুল ব্যাখ্যাকে দায়ী করেছে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনে প্রবেশের চেষ্টা করার সময় ডুবে ১১ জন মারা গেছে এবং তারা সীমান্তের অপর প্রান্ত থেকে আসা মৃত্যুর খবরগুলোর সত্যতা যাচাই করছে। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে স্পেনের তারাঝাল এলাকায় সমুদ্রে ৫০০ মিটার দীর্ঘ একটি ভাসমান প্রতিবন্ধকতা স্থাপন করেছে স্পেন সরকার। বর্তমানে ওই অঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ