০৫:৫৩ পি.এম
এবার বাংলাদেশে আসতে পারেন এমবাপ্পে।
বাংলাদেশে বিশ্বকাপজয়ী অনেক ফুটবলার এসেছেন। বিশেষ করে এই বছর ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল ঘুরে গেছেন।
লিওনেল মেসির আর্জেন্টিনা তো বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছিল।
আরও পড়ুন: ক্যারিক ইউনাইটেডের দুর্দশার কথা স্বীকার করলেন
এমবাপ্পে বাংলাদেশে আসার পরিকল্পনা করছে সরকার। এর আগে ২০০৬ সালে জিনেদিন জিদানের বাংলাদেশে আসার মধ্য দিয়ে শুরু হয়েছিল। ১৯৯৮ এর বিশ্বকাপজয়ী ফ্রান্সের মিডফিল্ডার ২ দিনের সফরে এসেছিলেন। ২০২২ বিশ্বকাপ ট্রফি নিয়ে বাংলাদেশে এসেছিলেন জিজুরই বিশ্বকাপজয়ী সতীর্থ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বুও।
এবার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার কথা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের এই স্ট্রাইকারকে দেশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ তারকাকে দেখা যেতে পারে।
আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান মীর শাহে আলম। তিনি বলেন, ‘আমরা চাই সারা দেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।’
মীর শাহে আলম বিশ্বাস করেন, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। তিনি বলেন, ‘নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই ফুটবল দল গঠন করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ যদি দল গঠন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। ছাত্র কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা উচিত।’
আরও পড়ুন: বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন অধ্যায়: নাহিদা আক্তার অধিনায়ক
টুর্নামেন্টটি আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। প্রতিযোগিতার প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন