ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের উত্থান


ইংলিশ প্রিমিয়ার লিগের একাডেমি থেকে বাংলাদেশের জার্সিতে ফারহান আলী ওয়াহিদের উত্থান

ফুটবলের হাতেখড়ি ইংল্যান্ডের দুই পরিচিত ক্লাব চেলসি ও ফুলহ্যামের একাডেমিতে হয়েছে। তবে, ফারহান আলী ওয়াহিদের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। ১৯ বছর বয়সি এই তরুণ উইঙ্গার আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শ্রীলংকার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে তার চোখধাঁধানো একক গোল ইতোমধ্যে তাকে আলোচনায় নিয়ে এসেছে।

বাংলাদেশ বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকাকে ৪-০ গোলে পরাজিত করে। ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালান ফারহান। একের পর এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার এই গোল মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে নতুন করে পরিচিত হয়ে ওঠে তরুণ এই ফুটবলারের নাম।

ইংল্যান্ডে ফুটবলের পথচলা

আরও পড়ুন: কুস্তিতে আনসার-ভিডিপির দ্বিমুকুট, ২০টি পদক জিতেছে দলটি

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ফারহান। যদিও তার পরিবার বাংলাদেশি, তিনি ছোটবেলা থেকেই ইংল্যান্ডে বেড়ে উঠেছেন। শৈশব থেকেই ফুটবলের প্রতি বিশেষ আগ্রহ থাকার কারণে চেলসির একাডেমিতে যোগ দেন। পরবর্তীতে ২০১৯ সালে ফুলহ্যামের বয়সভিত্তিক দলে নাম লেখান।

ফুলহ্যামের একাডেমিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ২০২৫ সালে প্রথম পেশাদার চুক্তি করেন ফারহান। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন।

বাঁ প্রান্তের উইঙ্গার হিসেবে খেললেও আক্রমণভাগের একাধিক পজিশনে মানিয়ে নেওয়ার সামর্থ্য রয়েছে তার। দুর্দান্ত গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্ডারকে একের বিপরীতে এক লড়াইয়ে পরাস্ত করার দক্ষতা তার খেলার অন্যতম বৈশিষ্ট্য। বল পায়ে দ্রুত জায়গা তৈরি করা এবং সুযোগ বুঝে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়তেও তিনি বেশ পারদর্শী।

২০২৬ সালের জুলাইয়ে ফুলহ্যামের মূল দলের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পান ফারহান। পরে নিয়মিত সিনিয়র ফুটবলের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন।

আরও পড়ুন: কুস্তি চ্যাম্পিয়নশিপে আনসার-ভিডিপির দ্বিমুকুট জয়

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত

ইংল্যান্ডে বেড়ে উঠলেও আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন ফারহান। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এর আগে ফিফা আসিয়ান কাপের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম ডিএজেডএনকে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন তিনি।

ফারহানের ভাষায়, "নিজের দেশ, জাতি ও শিকড়ের প্রতিনিধিত্ব করতে পারা তার কাছে ছিল অসাধারণ অভিজ্ঞতা।" সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাও তাকে জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।

বাংলাদেশি সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা নিয়ে তিনি আরও বলেছিলেন, "ক্যারিয়ারের শুরুতেই এত সমর্থন পাওয়া তার কাছে অবিশ্বাস্য।" দেশের জন্য আরও পরিশ্রম করা এবং ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার অনুপ্রেরণা জোগায় এই সমর্থন।

আরও পড়ুন: তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের বিশেষ প্রশিক্ষণ শুরু

শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত গোলের পর বাংলাদেশের কোচ টমাস ডুলির প্রশংসাও পেয়েছেন ফারহান। তার গতিময় ফুটবল ও ব্যক্তিগত নৈপুণ্য জাতীয় দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে গোল ও সৃজনশীলতার ঘাটতিতে ভোগা বাংলাদেশের জন্য এমন একজন তরুণ ফুটবলারের আবির্ভাব নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

তবে, একটি ভালো পারফরম্যান্স দিয়েই আন্তর্জাতিক ফুটবলে নিজের জায়গা পাকাপোক্ত করা সম্ভব নয়। ধারাবাহিকতা ধরে রাখা, শারীরিক সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে ফারহানের সামনে বড় পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীতে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক ৯ জনকে তাদের সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে কারখানা ভবন মালিক একজনকে ধরে রাখার কথা জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গাছা থানার শরিফপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভবন মালিক জানান, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু হওয়ার পর প্রায় চার বছর আগে কারখানাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কারখানা বন্ধ হওয়ার পর থেকে সেখানে বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার জন্য গাছা থানায় ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আনুমানিক ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল লুট করে একটি পিকআপ ভ্যানে তুলতে থাকে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ ৯ জনকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরো দুই কোটি: দেবপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরো দুই কোটি: দেবপ্রিয়

দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যসীমার ওপরে অবস্থান করলেও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র দুই দিন কাজ করতে না পারলে তাদের মধ্যে অনেকেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। এই পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগণের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সেই অগ্রগতির সঙ্গে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটেনি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন বেকার। শিক্ষিত যুবকদের মধ্যে এই হার প্রতি তিনজনে একজন। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও লক্ষ্য করা যায়।

দেবপ্রিয় ভট্টাচার্য আরো উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগণ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তারা অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।

দেবপ্রিয় বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এই দায়িত্ব নিতে হবে। যাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন। সমাজের অগ্রসর অংশ যদি পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বলে, তাহলে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বাড়ার পেছনে মূলত রাজনীতিবিদরাই দায়ী। অনেক সময় আমলাদের দায়ী করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ পাওয়ার পর সুবিধাবঞ্চিত মানুষের কথা না ভেবে নিজেদের সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি বলেন, ‘রাজনীতি ঠিক করলে দেশও ঠিক হয়ে যাবে।’

স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের গুরুত্ব বাড়বে। সংসদ সদস্যরা আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব। নির্বাচনব্যবস্থায় সংস্কার এনে কালো টাকার ব্যবহার বন্ধ এবং অর্থবিত্ত ছাড়াই যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

ককাসের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর সংসদের ইতিহাসে সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে এত বড় সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের ঘটনা প্রথম। এতে বিভিন্ন দলের ২৫ জন সংসদ সদস্য যুক্ত হয়েছেন। তিনি বলেন, দুর্নীতি, কর ও ভ্যাট ফাঁকি, সরকারি জমি আত্মসাৎ এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন বাজেটের অর্থ অপচয় হচ্ছে। একদিকে সরকারকে ঋণ নিতে হচ্ছে, অন্যদিকে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক হচ্ছেন। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থার সংস্কার ও উৎপাদনমুখী মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদা হাবিবা, ফজলুল হক, মাহমুদুল ইসলাম, সাবিকুন নাহার মুন্নী ও ড. মাহমুদা মিতুসহ অন্যান্য বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবাসার সম্পর্কে সঙ্গীর উদ্বেগ সামলানোর কার্যকর উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ভালোবাসার সম্পর্কে সঙ্গীর উদ্বেগ সামলানোর কার্যকর উপায়

ভালোবাসার সম্পর্কে দুজনের পছন্দ, অভ্যাস ও মানসিক অবস্থার মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু যখন একজন সঙ্গীর অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় দুজনের জীবনযাপনকে সীমাবদ্ধ করে দেয়, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব ও অসন্তোষ সৃষ্টি হতে পারে। সঙ্গীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রদর্শন করেও কীভাবে নিজের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা সম্ভব, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন মনোবিশেষজ্ঞরা।

মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করা হয়েছে, যারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত উদ্বেগ অনুভব করেন, তারা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি ও স্থান এড়িয়ে চলেন। যেমন—ভিড়, সামাজিক অনুষ্ঠান কিংবা বাইরে কোথাও যাওয়ার বিষয়টি তাঁদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে তাঁদের সঙ্গীরাও ধীরে ধীরে নিজেদের জীবনযাপন পরিবর্তন করতে শুরু করেন। প্রিয় মানুষটির অস্বস্তি কমাতে গিয়ে তারা বন্ধুদের সঙ্গে দেখা করা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া কিংবা পছন্দের কাজগুলো এড়িয়ে চলতে শুরু করেন। একসময় দুজনের জীবনই সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে সম্পর্কের মধ্যে ক্ষোভ ও হতাশা জমা হতে পারে।

সঙ্গীর উদ্বেগ নিজের মধ্যে টেনে নেবেন না। সঙ্গীর দুশ্চিন্তা বুঝতে পারা এবং তার কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি। তবে তার ভয়কে নিজের জীবনযাপনের সীমাবদ্ধতা হিসেবে গ্রহণ করা উচিত নয়। সঙ্গী যদি কোনো পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করেন, তবে তাঁর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, কিন্তু প্রতিবার সেই পরিস্থিতি এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া সমস্যার সমাধান নয়।

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সঙ্গীর উদ্বেগের কারণে সব সময় তাঁর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এতে ভয় আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে নতুন নতুন পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে এবং এড়িয়ে চলার প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ভয় কাটিয়ে উঠতে সঙ্গীকে উৎসাহ দিন

সঙ্গীকে তার ভয় ও উদ্বেগের কারণ বুঝতে এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করা উচিত। তার পাশে থেকে চিকিৎসা বা থেরাপি নেওয়ার উদ্যোগে সহযোগিতা করা যেতে পারে। তবে নিজের সামাজিক জীবন ও পছন্দের কাজগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নয়।

নিবন্ধে এলেন ও রিচ নামের এক দম্পতির উদাহরণ দেওয়া হয়েছে। এলেন সামাজিকতা পছন্দ করতেন। বন্ধুদের সঙ্গে দেখা করা, পার্টি, বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল তার নিয়মিত জীবনের অংশ। অন্যদিকে, রিচ ভিড় ও জনসমাগমে অস্বস্তি বোধ করতেন। প্রথম দিকে এলেন তার সুবিধার কথা ভেবে নিজের শহরের বাইরে গিয়ে দেখা করতেন। পরে রিচের আপত্তির কারণে সামাজিক অনুষ্ঠানেও যাওয়া কমিয়ে দেন।

একপর্যায়ে তারা শহর ছেড়ে নিরিবিলি এলাকায় বসবাস শুরু করেন। রিচের অস্বস্তি ক্রমেই বাড়তে থাকে। তিনি রেস্তোরাঁ, বার এমনকি সুপারমার্কেটেও যেতে চাইতেন না। ফলে দুজনের জীবন ঘরবন্দি হয়ে পড়ে। এলেন রিচকে ভালোবাসলেও নিজের সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত তিনি সম্পর্ক ছেড়ে শহরে ফিরে যান।

সহানুভূতিশীল থাকুন, তবে নিজের জীবনও উপভোগ করুন। সঙ্গী যদি কোনো অনুষ্ঠানে যেতে না চান, তাহলে তাকে জোর না করে নিজের প্রয়োজন অনুযায়ী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে তাকে আশ্বস্ত করতে পারেন যে, আপনি তার পাশে আছেন এবং ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করবেন।

এ ধরনের পরিবর্তন সহজে আসে না। দীর্ঘদিন ধরে সঙ্গীর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করে থাকলে নতুন অবস্থানে যেতে তিনি আপত্তি জানাতে পারেন। তাই ধৈর্য, ধারাবাহিকতা ও সহানুভূতি বজায় রাখা জরুরি।

নিবন্ধে বলা হয়েছে, সঙ্গীকে ভালোবাসার অর্থ তার প্রতিটি ভয় বা অস্বস্তির কাছে নিজের জীবনকে সমর্পণ করা নয়। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে ভয় কাটিয়ে উঠতে উৎসাহিত করা এবং একই সঙ্গে নিজের জীবনযাপন বজায় রাখাই সুস্থ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।

তবে সঙ্গী পরিবর্তনের চেষ্টা না করলে কত দিন পর্যন্ত তাকে সহায়তা করে যাওয়া সম্ভব, সে সিদ্ধান্তও নিজের ভালো থাকার কথা বিবেচনা করে নিতে হবে। অন্যের ভয় ও এড়িয়ে চলার প্রবণতার কারণে নিজের জীবন, সামাজিকতা ও ব্যক্তিগত বিকাশ পুরোপুরি থামিয়ে দিলে শেষ পর্যন্ত দুজনেরই ক্ষতি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে নাশকতার মামলায় গ্রেপ্তার হলেন আ. লীগের দুই নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


অভয়নগরে নাশকতার মামলায় গ্রেপ্তার হলেন আ. লীগের দুই নেতা

যশোরের অভয়নগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন—উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মৃত আব্দুল মালেক মিনার পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর মিনা (৬৪)। অপরজন হলেন রানাগাতী গ্রামের আব্দুল সোবহান মল্লিকের পুত্র ও শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিক (৪৬)।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান কালের কণ্ঠকে জানিয়ে বলেন, ‘পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%