প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভালোবাসার সম্পর্কে দুজনের পছন্দ, অভ্যাস ও মানসিক অবস্থার মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু যখন একজন সঙ্গীর অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় দুজনের জীবনযাপনকে সীমাবদ্ধ করে দেয়, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব ও অসন্তোষ সৃষ্টি হতে পারে। সঙ্গীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রদর্শন করেও কীভাবে নিজের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা সম্ভব, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন মনোবিশেষজ্ঞরা।
মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করা হয়েছে, যারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত উদ্বেগ অনুভব করেন, তারা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি ও স্থান এড়িয়ে চলেন। যেমন—ভিড়, সামাজিক অনুষ্ঠান কিংবা বাইরে কোথাও যাওয়ার বিষয়টি তাঁদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে তাঁদের সঙ্গীরাও ধীরে ধীরে নিজেদের জীবনযাপন পরিবর্তন করতে শুরু করেন। প্রিয় মানুষটির অস্বস্তি কমাতে গিয়ে তারা বন্ধুদের সঙ্গে দেখা করা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া কিংবা পছন্দের কাজগুলো এড়িয়ে চলতে শুরু করেন। একসময় দুজনের জীবনই সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে সম্পর্কের মধ্যে ক্ষোভ ও হতাশা জমা হতে পারে।
সঙ্গীর উদ্বেগ নিজের মধ্যে টেনে নেবেন না। সঙ্গীর দুশ্চিন্তা বুঝতে পারা এবং তার কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি। তবে তার ভয়কে নিজের জীবনযাপনের সীমাবদ্ধতা হিসেবে গ্রহণ করা উচিত নয়। সঙ্গী যদি কোনো পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করেন, তবে তাঁর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, কিন্তু প্রতিবার সেই পরিস্থিতি এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া সমস্যার সমাধান নয়।
নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সঙ্গীর উদ্বেগের কারণে সব সময় তাঁর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এতে ভয় আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে নতুন নতুন পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে এবং এড়িয়ে চলার প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
ভয় কাটিয়ে উঠতে সঙ্গীকে উৎসাহ দিন
সঙ্গীকে তার ভয় ও উদ্বেগের কারণ বুঝতে এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করা উচিত। তার পাশে থেকে চিকিৎসা বা থেরাপি নেওয়ার উদ্যোগে সহযোগিতা করা যেতে পারে। তবে নিজের সামাজিক জীবন ও পছন্দের কাজগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নয়।
নিবন্ধে এলেন ও রিচ নামের এক দম্পতির উদাহরণ দেওয়া হয়েছে। এলেন সামাজিকতা পছন্দ করতেন। বন্ধুদের সঙ্গে দেখা করা, পার্টি, বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল তার নিয়মিত জীবনের অংশ। অন্যদিকে, রিচ ভিড় ও জনসমাগমে অস্বস্তি বোধ করতেন। প্রথম দিকে এলেন তার সুবিধার কথা ভেবে নিজের শহরের বাইরে গিয়ে দেখা করতেন। পরে রিচের আপত্তির কারণে সামাজিক অনুষ্ঠানেও যাওয়া কমিয়ে দেন।
একপর্যায়ে তারা শহর ছেড়ে নিরিবিলি এলাকায় বসবাস শুরু করেন। রিচের অস্বস্তি ক্রমেই বাড়তে থাকে। তিনি রেস্তোরাঁ, বার এমনকি সুপারমার্কেটেও যেতে চাইতেন না। ফলে দুজনের জীবন ঘরবন্দি হয়ে পড়ে। এলেন রিচকে ভালোবাসলেও নিজের সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত তিনি সম্পর্ক ছেড়ে শহরে ফিরে যান।
সহানুভূতিশীল থাকুন, তবে নিজের জীবনও উপভোগ করুন। সঙ্গী যদি কোনো অনুষ্ঠানে যেতে না চান, তাহলে তাকে জোর না করে নিজের প্রয়োজন অনুযায়ী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে তাকে আশ্বস্ত করতে পারেন যে, আপনি তার পাশে আছেন এবং ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করবেন।
এ ধরনের পরিবর্তন সহজে আসে না। দীর্ঘদিন ধরে সঙ্গীর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করে থাকলে নতুন অবস্থানে যেতে তিনি আপত্তি জানাতে পারেন। তাই ধৈর্য, ধারাবাহিকতা ও সহানুভূতি বজায় রাখা জরুরি।
নিবন্ধে বলা হয়েছে, সঙ্গীকে ভালোবাসার অর্থ তার প্রতিটি ভয় বা অস্বস্তির কাছে নিজের জীবনকে সমর্পণ করা নয়। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে ভয় কাটিয়ে উঠতে উৎসাহিত করা এবং একই সঙ্গে নিজের জীবনযাপন বজায় রাখাই সুস্থ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।
তবে সঙ্গী পরিবর্তনের চেষ্টা না করলে কত দিন পর্যন্ত তাকে সহায়তা করে যাওয়া সম্ভব, সে সিদ্ধান্তও নিজের ভালো থাকার কথা বিবেচনা করে নিতে হবে। অন্যের ভয় ও এড়িয়ে চলার প্রবণতার কারণে নিজের জীবন, সামাজিকতা ও ব্যক্তিগত বিকাশ পুরোপুরি থামিয়ে দিলে শেষ পর্যন্ত দুজনেরই ক্ষতি হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন