ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ


গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীতে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক ৯ জনকে তাদের সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে কারখানা ভবন মালিক একজনকে ধরে রাখার কথা জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গাছা থানার শরিফপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভবন মালিক জানান, শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু হওয়ার পর প্রায় চার বছর আগে কারখানাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কারখানা বন্ধ হওয়ার পর থেকে সেখানে বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার জন্য গাছা থানায় ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে আনুমানিক ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল লুট করে একটি পিকআপ ভ্যানে তুলতে থাকে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ ৯ জনকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরো দুই কোটি: দেবপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরো দুই কোটি: দেবপ্রিয়

দেশে বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যসীমার ওপরে অবস্থান করলেও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র দুই দিন কাজ করতে না পারলে তাদের মধ্যে অনেকেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। এই পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগণের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সেই অগ্রগতির সঙ্গে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটেনি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশে প্রতি চারজন যুবকের মধ্যে একজন বেকার। শিক্ষিত যুবকদের মধ্যে এই হার প্রতি তিনজনে একজন। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও লক্ষ্য করা যায়।

দেবপ্রিয় ভট্টাচার্য আরো উল্লেখ করেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগণ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তারা অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।

দেবপ্রিয় বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এই দায়িত্ব নিতে হবে। যাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন। সমাজের অগ্রসর অংশ যদি পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বলে, তাহলে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বাড়ার পেছনে মূলত রাজনীতিবিদরাই দায়ী। অনেক সময় আমলাদের দায়ী করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ পাওয়ার পর সুবিধাবঞ্চিত মানুষের কথা না ভেবে নিজেদের সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি বলেন, ‘রাজনীতি ঠিক করলে দেশও ঠিক হয়ে যাবে।’

স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের গুরুত্ব বাড়বে। সংসদ সদস্যরা আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব। নির্বাচনব্যবস্থায় সংস্কার এনে কালো টাকার ব্যবহার বন্ধ এবং অর্থবিত্ত ছাড়াই যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

ককাসের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর সংসদের ইতিহাসে সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে এত বড় সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের ঘটনা প্রথম। এতে বিভিন্ন দলের ২৫ জন সংসদ সদস্য যুক্ত হয়েছেন। তিনি বলেন, দুর্নীতি, কর ও ভ্যাট ফাঁকি, সরকারি জমি আত্মসাৎ এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন বাজেটের অর্থ অপচয় হচ্ছে। একদিকে সরকারকে ঋণ নিতে হচ্ছে, অন্যদিকে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক হচ্ছেন। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থার সংস্কার ও উৎপাদনমুখী মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদা হাবিবা, ফজলুল হক, মাহমুদুল ইসলাম, সাবিকুন নাহার মুন্নী ও ড. মাহমুদা মিতুসহ অন্যান্য বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবাসার সম্পর্কে সঙ্গীর উদ্বেগ সামলানোর কার্যকর উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ভালোবাসার সম্পর্কে সঙ্গীর উদ্বেগ সামলানোর কার্যকর উপায়

ভালোবাসার সম্পর্কে দুজনের পছন্দ, অভ্যাস ও মানসিক অবস্থার মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু যখন একজন সঙ্গীর অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় দুজনের জীবনযাপনকে সীমাবদ্ধ করে দেয়, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব ও অসন্তোষ সৃষ্টি হতে পারে। সঙ্গীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রদর্শন করেও কীভাবে নিজের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা সম্ভব, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন মনোবিশেষজ্ঞরা।

মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করা হয়েছে, যারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত উদ্বেগ অনুভব করেন, তারা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি ও স্থান এড়িয়ে চলেন। যেমন—ভিড়, সামাজিক অনুষ্ঠান কিংবা বাইরে কোথাও যাওয়ার বিষয়টি তাঁদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে তাঁদের সঙ্গীরাও ধীরে ধীরে নিজেদের জীবনযাপন পরিবর্তন করতে শুরু করেন। প্রিয় মানুষটির অস্বস্তি কমাতে গিয়ে তারা বন্ধুদের সঙ্গে দেখা করা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া কিংবা পছন্দের কাজগুলো এড়িয়ে চলতে শুরু করেন। একসময় দুজনের জীবনই সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে সম্পর্কের মধ্যে ক্ষোভ ও হতাশা জমা হতে পারে।

সঙ্গীর উদ্বেগ নিজের মধ্যে টেনে নেবেন না। সঙ্গীর দুশ্চিন্তা বুঝতে পারা এবং তার কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি। তবে তার ভয়কে নিজের জীবনযাপনের সীমাবদ্ধতা হিসেবে গ্রহণ করা উচিত নয়। সঙ্গী যদি কোনো পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করেন, তবে তাঁর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, কিন্তু প্রতিবার সেই পরিস্থিতি এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া সমস্যার সমাধান নয়।

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সঙ্গীর উদ্বেগের কারণে সব সময় তাঁর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এতে ভয় আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে নতুন নতুন পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে এবং এড়িয়ে চলার প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ভয় কাটিয়ে উঠতে সঙ্গীকে উৎসাহ দিন

সঙ্গীকে তার ভয় ও উদ্বেগের কারণ বুঝতে এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করা উচিত। তার পাশে থেকে চিকিৎসা বা থেরাপি নেওয়ার উদ্যোগে সহযোগিতা করা যেতে পারে। তবে নিজের সামাজিক জীবন ও পছন্দের কাজগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নয়।

নিবন্ধে এলেন ও রিচ নামের এক দম্পতির উদাহরণ দেওয়া হয়েছে। এলেন সামাজিকতা পছন্দ করতেন। বন্ধুদের সঙ্গে দেখা করা, পার্টি, বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল তার নিয়মিত জীবনের অংশ। অন্যদিকে, রিচ ভিড় ও জনসমাগমে অস্বস্তি বোধ করতেন। প্রথম দিকে এলেন তার সুবিধার কথা ভেবে নিজের শহরের বাইরে গিয়ে দেখা করতেন। পরে রিচের আপত্তির কারণে সামাজিক অনুষ্ঠানেও যাওয়া কমিয়ে দেন।

একপর্যায়ে তারা শহর ছেড়ে নিরিবিলি এলাকায় বসবাস শুরু করেন। রিচের অস্বস্তি ক্রমেই বাড়তে থাকে। তিনি রেস্তোরাঁ, বার এমনকি সুপারমার্কেটেও যেতে চাইতেন না। ফলে দুজনের জীবন ঘরবন্দি হয়ে পড়ে। এলেন রিচকে ভালোবাসলেও নিজের সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত তিনি সম্পর্ক ছেড়ে শহরে ফিরে যান।

সহানুভূতিশীল থাকুন, তবে নিজের জীবনও উপভোগ করুন। সঙ্গী যদি কোনো অনুষ্ঠানে যেতে না চান, তাহলে তাকে জোর না করে নিজের প্রয়োজন অনুযায়ী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে তাকে আশ্বস্ত করতে পারেন যে, আপনি তার পাশে আছেন এবং ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করবেন।

এ ধরনের পরিবর্তন সহজে আসে না। দীর্ঘদিন ধরে সঙ্গীর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করে থাকলে নতুন অবস্থানে যেতে তিনি আপত্তি জানাতে পারেন। তাই ধৈর্য, ধারাবাহিকতা ও সহানুভূতি বজায় রাখা জরুরি।

নিবন্ধে বলা হয়েছে, সঙ্গীকে ভালোবাসার অর্থ তার প্রতিটি ভয় বা অস্বস্তির কাছে নিজের জীবনকে সমর্পণ করা নয়। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে ভয় কাটিয়ে উঠতে উৎসাহিত করা এবং একই সঙ্গে নিজের জীবনযাপন বজায় রাখাই সুস্থ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।

তবে সঙ্গী পরিবর্তনের চেষ্টা না করলে কত দিন পর্যন্ত তাকে সহায়তা করে যাওয়া সম্ভব, সে সিদ্ধান্তও নিজের ভালো থাকার কথা বিবেচনা করে নিতে হবে। অন্যের ভয় ও এড়িয়ে চলার প্রবণতার কারণে নিজের জীবন, সামাজিকতা ও ব্যক্তিগত বিকাশ পুরোপুরি থামিয়ে দিলে শেষ পর্যন্ত দুজনেরই ক্ষতি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে নাশকতার মামলায় গ্রেপ্তার হলেন আ. লীগের দুই নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


অভয়নগরে নাশকতার মামলায় গ্রেপ্তার হলেন আ. লীগের দুই নেতা

যশোরের অভয়নগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন—উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মৃত আব্দুল মালেক মিনার পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর মিনা (৬৪)। অপরজন হলেন রানাগাতী গ্রামের আব্দুল সোবহান মল্লিকের পুত্র ও শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিক (৪৬)।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান কালের কণ্ঠকে জানিয়ে বলেন, ‘পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, হঠাৎ কেন এই পরিবর্তন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, হঠাৎ কেন এই পরিবর্তন?

নেতৃত্বের পরিবর্তন এবং দলে একাধিক পরিবর্তন ঘটেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ভিন্ন এক ভারতকে দেখা যাবে।

আগামীকাল শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিয়মিত অধিনায়ক শুবমান গিলের পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ওয়ানডে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম ম্যাচ হতে যাচ্ছে। টস করতে নামলেই তিনি ভারতের ওয়ানডে ইতিহাসের ২৯তম অধিনায়ক হিসেবে পরিচিতি পাবেন।

আইপিএলে আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস রানার্স আপ হয়েছে। বর্তমানে তিনি ভারত টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক।

অক্টোবরে আইয়ারের নেতৃত্বে ভারত এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক অর্জন করেছে এবং এ মাসে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে। এখন তার সামনে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজের নেতৃত্বগুণ প্রমাণের একটি বড় সুযোগ রয়েছে।

কিন্তু হঠাৎ কেন আইয়ারকে ওয়ানডে নেতৃত্বে আনা হলো? শুবমান গিলকে কেন সরানো হলো? এর পেছনে রয়েছে ভারতের টেস্ট প্রস্তুতির বিষয়টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে ভারত, আর নিউজিল্যান্ড শীর্ষে রয়েছে।

আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া সেই সিরিজের প্রস্তুতির জন্য গিলকে শেষ দুই ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে দলের সঙ্গে নেই উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল এবং পেসার অংশুল কাম্বোজও। তারা টেস্টের প্রস্তুতির জন্য ওয়ানডে দল ছেড়েছেন।

গিল, রাহুল এবং কাম্বোজদের অনুপস্থিতিতে ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড় এবং তিলক ভার্মার মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তাদের পারফরম্যান্সের দিকেও সবার নজর থাকবে।

ভারতের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে তারা ২-০ ব্যবধানে এগিয়ে আছে। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ভারতের সিরিজ হারানোর সম্ভাবনা নেই। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%