১০:২৬ এম
ওমানের উপকূলে একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার ফলে দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী জাহাজ ‘এমটি পেট্রো ডলফিন’-এ ১১ জন ভারতীয় ক্রু সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় উল্লেখ করেন, রোববার (১১ অক্টোবর) উত্তর ওমানের সোহর বন্দরের জলসীমায় নোঙর করা অবস্থায় ট্যাংকারটিতে ড্রোন হামলা চালানো হয়।
হামলার পর নিখোঁজ দুই নাবিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় কোস্ট গার্ডের সহায়তায় এই অভিযানকে জোরদার করা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন: নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, সৌদি আরবে দুই ক্রু নিহত
এর আগে রোববার হরমুজ প্রণালিতে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী আরেকটি ট্যাংকার ‘এমটি ভালথেরা’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ওই জাহাজেও ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলেও সব ভারতীয় নাবিক নিরাপদে ছিলেন।
ভারতের জাহাজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম শীর্ষে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় নাবিকের সংখ্যা তিন লাখ ২০ হাজারের বেশি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার সময় পানামার পতাকাবাহী একটি জাহাজেও হামলার ঘটনা ঘটে। এসব হামলার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এসব হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
আরও পড়ুন: ইউরোপের ৪ দেশে বিক্ষোভকারীরা, উত্তাল রাস্তায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন