শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৫ পি.এম
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সয়াবিন তেলের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও আমদানিকারকদের রাজি করিয়ে এ মূল্যবৃদ্ধি আটকে রাখা হয়েছে। তিনি আরও জানান, রমজান মাসের প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়। সোর্সে যে মূল্য থাকে, সেটি যদি কমে, তাহলে আমাদের এখানে তার প্রভাব পড়বে। উৎসে মূল্য বৃদ্ধি পেলে সেটার প্রভাব আমাদের বাজারে পড়বে।
মন্ত্রী বলেন, “যে ফর্মুলায় আমরা প্রাইসিং করি, সেই ফর্মুলা অনুযায়ী মূল্য আরও বেশি হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবেই হোক এ মূল্যেই আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রেখেছি। এক ধরনের জোর করেই তাদের রাজি করানো হয়েছে।”
তেলের দাম নির্ধারণের ফর্মুলা সম্পর্কে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকদের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহের সুযোগ রয়েছে।
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান উপলক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।
বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, এর দুটি দিক রয়েছে। প্রথমত, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখা।
গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “বিকাশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন। এটি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি পত্রিকায় দেখেছি, সেটা হলো—ওইখানে যেভাবে টাকা যাচ্ছে তাতে যথেষ্ট প্রশ্নের উদ্রেক হয়েছে! ওইটা স্বাভাবিক ফ্লো না। যেই কারণে ওইটার মধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকো চেয়ারম্যান আব্দুন নাসের খান, সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটে আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড গ্যাস মিটারের রিচার্জ কার্যক্রম শুক্রবার (২৭ নভেম্বর) এবং শনিবার (২৮ নভেম্বর) সাময়িকভাবে বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার এবং শনিবার প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাস রিচার্জ করা সম্ভব হবে না। দুই দিন মিলিয়ে মোট ১২ ঘণ্টা এই সেবা বন্ধ থাকবে।
এই সময়ে গ্রাহকরা অ্যাপের মাধ্যমে নতুন করে গ্যাসের ব্যালান্স রিচার্জ করতে পারবেন না। কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে, যারা প্রিপেইড মিটারে গ্যাসের ব্যালান্স কম রয়েছে, তারা নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করে নেবেন। বিশেষ করে শুক্র ও শনিবার সকালে গ্যাসের প্রয়োজন রয়েছে এমন গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতার জন্য ১৬৫১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়াবিদ ওমর আলসুওয়াইদি ‘জিউ-জিৎসু’ মার্শাল আর্টে ইতিহাস সৃষ্টি করেছেন, পাঁচটি স্বর্ণপদক জিতে। তিনি ‘আবুধাবি ওয়ার্ল্ড প্রফেশনাল জিউ-জিৎসু চ্যাম্পিয়ানশিপ’-এর পাঁচটি বেল্ট স্তরেই স্বর্ণপদক জয়ী প্রথম আমিরাতি হিসেবে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।
আল ওয়াহদা জিউ-জিৎসু ক্লাব এবং সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের প্রতিনিধিত্ব করে, আলসুওয়াইদি চ্যাম্পিয়নশিপের ১৮তম আসরে পুরুষদের প্রফেশনাল ব্ল্যাক বেল্টের ৫৬ কেজি বিভাগে এই শিরোপা অর্জন করেছেন।
ওমর আলসুওয়াইদি তার এই সর্বশেষ অর্জন সম্পর্কে বলেন, "এটি আমার বছরের পর বছর ধরে চলা কঠোর প্রশিক্ষণ, নিষ্ঠা এবং ত্যাগের প্রতিফলন।" তিনি আরও আশা প্রকাশ করেন যে, তার এই সাফল্যের যাত্রা তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে একটি চারতলা ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি আরও জানান, চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের জন্য ৭০০ কোটি টাকার একটি প্রকল্প চলছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে সিনিয়র সচিব চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের এ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। এরপর তিনি চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখেন। পরবর্তীতে কামরুজ্জামান চৌধুরী চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করেন এবং সেখানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাজারের অবকাঠামোগত উন্নয়নে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন।
জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের জন্য প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে পরিকল্পনা চলছে। তিনি উল্লেখ করেন, সকলের সহযোগিতায় নতুন বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবন নির্মাণ হবে।
এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন এবং চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা আবদুর রহমান হাজারী। তিনি নিজের অর্থায়নে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে ওই দম্পত্তির জন্য নির্মাণ করেছেন একটি নতুন ঘর।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ঘরটি উদ্বোধন করা হয় এবং বৃদ্ধা বিবি কুলছুমের হাতে নতুন আশ্রয়ের চাবি তুলে দেয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও অনিরাপদ ঘরে বসবাস করছিলেন ওই বৃদ্ধ দম্পতি। বয়সের ভার এবং আর্থিক অসচ্ছলতার কারণে তাদের প্রতিটি দিন ছিল সংগ্রামের। মাথা গোঁজার নিরাপদ আশ্রয় না থাকায় ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগ ভোগ করতে হতো তাদের। এ অবস্থার কথা জানতে পেরে যুবদল নেতা আবদুর রহমান হাজারী বৃদ্ধার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। তার উদ্যোগে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন একটি ঘর।
নতুন ঘর পেয়ে তাদের জীবনে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা আর দুর্ভোগের অবসান ঘটিয়ে নিরাপদে বসবাসের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর জন্য আবদুর রহমান হাজারীর প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা মন্তব্য করেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে যুবদল নেতা আবদুর রহমান হাজারী। বিশেষ করে এই বৃদ্ধ দম্পতির নিরাপদ আবাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়।
যুবদল নেতা আবদুর রহমান হাজারী বলেন, "জাতীয় নির্বাচনের সময় এই ওয়ার্ডে নির্বাচনী ওয়ার্কে আসছিলাম। তখন দেখলাম একটি জরাজীর্ণ ঘরে তারা বসবাস করছেন। তখন প্রতিশ্রুতি দিয়েছি এই মায়ের ঘরটি করে দিব। আমি নিজের অর্থায়নে পনেরো দিনের মধ্যে ঘরটি করে দিয়েছি। এছাড়াও এওয়াজপুর ইউনিয়নে আমি বিভিন্ন মানবিক কাজে নিয়োজিত আছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ