০৬:৫৯ পি.এম
রাজশাহী, ২ অক্টোবর, ২০২৬ : জেলার দুর্গাপুরে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
শুক্রবার ভোরের দিকে দুর্গাপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাসের উদ্বোধন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রাজশাহীর দুর্গাপুর থানার পানানগর ইউনিয়নের ধরমপুর এলাকার মো. আকছেদ আলীর পুত্র হক সাহেব (২৮), যার বিরুদ্ধে এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় এবং পারিবারিক আদালত আইনের আওতায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল। অপর আসামি, একই উপজেলার ঝালুকা গ্রামের মো. মনছুর রহমানের পুত্র আরিফ আলী (৩৫), যার বিরুদ্ধে পারিবারিক আদালত আইনে ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট জারি ছিল। একই গ্রামের সাইদুলের পুত্র সম্রাট (২৬) এর বিরুদ্ধেও এনআই অ্যাক্ট এবং পারিবারিক আদালত আইনে পৃথক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে।
এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি’র সিপিএসসি ক্যাম্পের একটি দল রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী, মাদক, অস্ত্র এবং পরোয়ানাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে এসআরবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন