০৯:৪৩ পি.এম
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'আর্টিকেল ৩৭০' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন বলিউডের অভিনেত্রী ইয়ামি গৌতম। ক্যারিয়ারের এই অন্যতম সেরা অর্জনের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন।
ইয়ামি তার দীর্ঘ ১৪ বছরের অভিনয়জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা মনে করতে গিয়ে প্রকাশ করেছেন তাঁর গভীর কৃতজ্ঞতা এবং উচ্ছ্বাস। তিনি জানান, এই স্বীকৃতিকে তিনি তার কঠোর পরিশ্রম ও সিনেমার প্রতি অটল ভালোবাসার ফল হিসেবে গণ্য করেন। প্রতিটি মানুষের জীবনে এমন একটি বিশেষ মুহূর্ত আসে, যা তাকে মনে করিয়ে দেয় যে কেন সে কখনো হাল ছেড়ে দেয়নি; আজ তার জীবনে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। 'আর্টিকেল ৩৭০' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাওয়া তার জীবনের এক সম্মান, যা তিনি চিরকাল হৃদয়ে লালন করবেন।
বিগত চৌদ্দ বছর ধরে পুরস্কারের কোনো আশা না করে কেবল সততার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছেন তিনি। ইয়ামি তার বার্তায় উল্লেখ করেন, এই সম্মাননাটি বছর ধরে বহন করা একটি স্বপ্ন পূরণের মতো, যা আজ তিনি অত্যন্ত বিনম্রতা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন। 'আর্টিকেল ৩৭০' সিনেমাটি তার হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে, কারণ এতে তিনি ইন্টেলিজেন্স অফিসার জুনি হাকসারের চরিত্রে অভিনয় করেছেন এবং এটি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত।
আরও পড়ুন: স্বাস্থ্যখাতের টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেকেই অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছিলেন এবং প্রতিদিনের শুটিং সেই প্রতিজ্ঞাকে দৃঢ় করেছে। পুরস্কারের জুরি বোর্ড, পরিচালক আদিত্য সুহাস জামভালে, লেখক, সহশিল্পী, কলাকুশলী এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে ইয়ামি বলেন, এই ভালোবাসাই অর্থপূর্ণ গল্প বলার প্রতি তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।
কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবারের সদস্য, বন্ধু এবং পেশাদার টিমকে ধন্যবাদ জানিয়ে ইয়ামি আরও বলেন, এই পুরস্কার কোনো স্বপ্নের শেষ নয়, বরং এটি গল্প বলার ক্ষেত্রে তার দায়িত্ব আরও বড় করে দিয়েছে। সবশেষে নতুন এবং সংগ্রাম করছে এমন শিল্পীদের অনুপ্রাণিত করতে তিনি লেখেন, স্বপ্ন সত্যি হয় তখনই যখন আবেগ কখনো হাল ছাড়তে রাজি হয় না। তাই যারা এখনও নিজের সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন, তাদের কখনো নিজেদের প্রতি বিশ্বাস হারাতে নিষেধ করেছেন।
আদিত্য সুহাস জামভালের পরিচালনায় এবং আদিত্য ধর প্রযোজিত এই সফল সিনেমার পর ইয়ামিকে সর্বশেষ চলতি বছরের মার্চে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' সিনেমায় পর্দায় দেখা গিয়েছিল।
আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের প্রস্তাব ইউনেস্কোর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন