ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী


শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিকে রোগ থেকে বাঁচানো শুধুমাত্র ওষুধ দিয়ে সম্ভব নয়। তিনি বলেন, এখন রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধের দিকেও মনোযোগ দিতে হবে। এর জন্য একদম জিরো (শূন্য) বয়স থেকে উদ্ভাবনী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনিবএ কথা বলেন।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এম এম জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন ডাক্তারের হাসিমুখ এবং সহমর্মিতাপূর্ণ আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়। চিকিৎসকই পারেন রোগীকে সুস্থ করে তুলতে। অসুস্থ অসহায় মানুষের শেষ সম্বল হয়ে থাকেন ডাক্তার।

তিনি বলেন, মানুষকে চিকিৎসা হিসেবে কেবল ট্যাবলেট বা ওষুধ দেওয়া নয়; ভালো কথা ও সঠিক পরামর্শও বড় চিকিৎসার মধ্যে পড়ে। চিকিৎসকদের নিজেদের এমন মানবিক মানুষে রূপান্তর করতে হবে, যা কেবল ওষুধ নয়- আচরণ দিয়েও রোগীকে সুস্থ করে তোলে।

ক্যান্সার ও কিডনি রোগী বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, দেশে মারাত্মকভাবে বেড়েছে কিডনি ও ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। কিডনি ও ক্যান্সারের রোগীদের ভয়াবহ কষ্ট সহ্য করতে হয় এবং এই রোগীদের কষ্টের সীমা নেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, এই সরকার সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার শপথ নিয়েছে। দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। কোনো নাগরিকই স্বাস্থ্যসেবার বাহিরে থাকবে না।

আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে

তিনি জানান, খুব শিগগিরই দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

হামে মৃত্যুর জন্য শিশুদের পুষ্টির অভাব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ছিল না। তবে এখন হচ্ছে, কারণ বাচ্চারা শালদুধ খেতে পারে না। মায়েরা শিশুদের ঠিকমতো দুধ খাওয়ায় না। এমনকি শিশুরা সুষম খাবারও পায় না। সেজন্য এগুলো প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘স্বাস্থ্য খাতে দক্ষ গবেষক তৈরিতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি হেলথ কার্ডের সঙ্গে কার্যকর রোগী রেফারেল সিস্টেম সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক অবরুদ্ধ, সাত দাবি বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


শ্রমিকদের বিক্ষোভে মহাসড়ক অবরুদ্ধ, সাত দাবি বাস্তবায়নের আহ্বান

বেতন-ভাতা বৃদ্ধিসহ সাত দাবিতে বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে দেশের একমাত্র সিরিঞ্জ তৈরির প্রতিষ্ঠান জেএমআই-এর কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ছবিটি সংগৃহীত।

বেতন-ভাতা বৃদ্ধিসহ সাত দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লা চৌদ্দগ্রামে বিক্ষোভ করছেন সিরিঞ্জ কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার নোয়াপাড়া-রাজেন্দ্রপুর এলাকায় দেশের একমাত্র সিরিঞ্জ তৈরি প্রতিষ্ঠান জেএমআই-এর কারখানার সামনে মহাসড়কে তারা বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে কারখানাটির সামনে শ্রমিকরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে রাখেন। বিকেল ৩ টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ চলছিল।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রমিক নেতা ও মালিক পক্ষের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌদ্দগ্রাম মডেল থানার ওসি ও রাজনৈতিক নেতাদের বৈঠক চলছিল।

আন্দোলনরত শ্রমিকদের জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকরা তাদের অধিকার আদায়ে ১৩ দফা দাবি তোলেন। সেদিন কারখানাটির প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা দাবিগুলো ছয় মাসের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন। কিন্তু পরে কর্তৃপক্ষ কিছু কম অগ্রাধিকার দাবি মেনে নেয়। তবে গত দুই বছরে মূল দাবিগুলো মেনে না নেওয়ায় এবার সাত দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শ্রমিকরা গত সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন।

দাবিগুলো হলো: ১২ হাজার ৩৫০ টাকা সরকারি স্কেলে প্রথম বেতন ও চলমান মাসের বেতনের সঙ্গে বাড়তি বেতন যোগ; ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ ও এক বছরের মধ্যে আইডি কার্ড প্রদান; প্রতিবছর সিনিয়রদের বেতন ১০ শতাংশ ও জুনিয়রদের ১৫ শতাংশ করে বাড়ানো, শ্রমিক হয়রানি ও যখন-তখন চাকরিচ্যুত না করা; কোনো শ্রমিক দোষী হলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে যোগাযোগ; অ্যাডমিন আলাউদ্দিন ও রেদওয়ানকে চাকরি থেকে অব্যাহতি, তাদের সঙ্গে উৎপাদন বিভাগের শংকর ও জসিমকেও অব্যাহতি দেওয়া, বিশেষ করে আন্দোলনকারীদের হয়রানি বা চাকরি থেকে বহিষ্কার না করা এবং নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ও ১৫ মিনিট সময় দেওয়া।

জেএমআই সিরিঞ্জ কারখানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মিলন হাজারী বলেন, সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক কার্যক্রম শুরু

ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে ব্যানার প্রদর্শন সহ বিশ্বকাপ চলাকালীন বেশ কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ক্রীড়া ইভেন্টকে খেলা-বহির্ভূত বিষয়ে প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা তাদের শৃঙ্খলাবিধির সম্ভাব্য লঙ্ঘন হতে পারে। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলোয়াড়দের অনুরূপ ব্যানার প্রদর্শনের কারণে ফিফা আর্জেন্টিনাকে ২০,০০০ পাউন্ড (২৬,৫৬০ ডলার) জরিমানা করেছিল।

বিশ্বকাপে অন্যান্য নিয়ম লঙ্ঘনের অভিযোগের মধ্যে রয়েছে, বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, খেলা নির্ধারিত সময়ে শুরু না হওয়া, নিরাপত্তা প্রোটোকল পালন না করা, দল ও দর্শকদের পক্ষ থেকে অনুপযুক্ত বার্তা প্রদান এবং বিভিন্ন ম্যাচে দর্শকদের মাঠে বস্তু নিক্ষেপ করা।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও বেশ কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু হয়েছে। অতিরিক্ত সময়ে স্পেন আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করেছিল।

ম্যাচের শেষে হাতাহাতির ঘটনা ঘটে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বদলি খেলোয়াড়রা যখন উদযাপনের জন্য মাঠে আসছিলেন, তখন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পারেদেসের বিরুদ্ধে শারীরিক আক্রমণের তিনটি এবং নাহুয়েল মোলিনার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে।

এছাড়া মোলিনা, থিয়াগো আলমাদা, আর্জেন্টিনার কর্মকর্তা রবার্তো আয়ালা এবং স্পেনের গাভির বিরুদ্ধে খেলা-সুলভ আচরণের পরিপন্থী আচরণের দায়ে একটি করে অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সিএনএনের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র হামলা থামানোর পর কেন আবার যুদ্ধ শুরু করল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্র হামলা থামানোর পর কেন আবার যুদ্ধ শুরু করল ইরান?

মধ্যপ্রাচ্যে কিছুদিনের শান্তির পর যুক্তরাষ্ট্রের ভাষায় ‘অপ্রত্যাশিত’ ক্ষেপণাস্ত্র হামলার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এবার তেহরান নতুন মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে নয়, তারা নিজে থেকেই আবার সামরিক অভিযান শুরু করেছে।

বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী, ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, যুদ্ধের গতি এবং প্রকৃতি নির্ধারণে তারা আর শুধু প্রতিক্রিয়াশীল অবস্থানে থাকতে চায় না; আদৌ, নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণে পিছপা না হয়ে আগেভাগেই সামরিক পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

তেহরানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। তারা ভয়াবহ মূল্য দেবে।”

একটু সময়ের পর, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাবে, তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল এবং আলোচনায় ফিরে যেতে চেয়েছিল। কিন্তু তেহরান তখনও আনুষ্ঠানিকভাবে এ দাবি স্বীকার করেনি। যদিও ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, “আমাদের সশস্ত্র বাহিনীও সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।”

যাইহোক, সেই অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের উপর সরাসরি হামলার সিদ্ধান্ত নেওয়াকে বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

জার্মানির ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ইরানের কৌশলে মৌলিক পরিবর্তন এসেছে। বিশেষ করে, তেহরান এখন মনে করছে যে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় যদি আগাম হামলা হয়, তবে সেই পথে তারা হাঁটতে প্রস্তুত।

ইরানের এই হামলার সময়টিও বিশ্লেষকদের নজর কারে। হামলার কিছু সময় আগে, ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু এটিকে দু’জনের মধ্যে হওয়া “সেরা আলোচনাগুলোর একটি” বলে উল্লেখ করেন।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ উল্লেখ করেছিলেন যে, ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালাতে চাইলেও ট্রাম্প প্রশাসন তা থেকে বিরত থাকতে বলেছিল।

হামিদ রেজা আজিজির মতে, জর্ডানে হামলাটি মূলত নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের প্রতিক্রিয়াস্বরূপ একটি রাজনৈতিক ও সামরিক বার্তা। এতে বোঝা যায় যে, সম্ভাব্য হুমকির আভাস পেলেই ইরান এখন আগাম হামলার জন্য প্রস্তুত।

জর্ডানে হামলার কিছু সময়ের মধ্যে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায় যে, এটি শুধু জর্ডানের ঘটনার প্রতিশোধ নয়; বরং গত ৭২ ঘণ্টায় মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ৩০টির বেশি ড্রোন হামলার জবাব।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাপ্রবাহ পরিস্কারভাবে দেখায় যে, সংঘাত এখন কেবল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং তা ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

দীর্ঘদিন ধরে সরাসরি যুদ্ধে জড়ানোর এড়াতে সৌদি আরব এখন তিনটি ভিন্ন দিক থেকে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এগুলো হলো:

• ইয়েমেনের হুথি বিদ্রোহী

• ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী

• ইরান

ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডির জ্যেষ্ঠ গবেষক এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো- ইরান বা তার আঞ্চলিক মিত্রদের কেই তাদের কৌশলগত লক্ষ্য থেকে সরে আসতে রাজি নয়।

ড্যানি সিট্রিনোভিচের মতে,

তেহরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের প্রভাব বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। অন্যদিকে, হুথিরাও জানিয়েছে যে, সৌদি নেতৃত্বাধীন অবরোধ প্রত্যাহার না হলে তারা তাদের সামরিক অভিযান বন্ধ করবে না।

জর্ডানে হামলার কয়েক ঘণ্টা আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি তেহরানের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ইরান আপাতত হামলা বন্ধ রেখেছে, কিন্তু হরমুজ প্রণালীর ওপর দেশের সার্বভৌমত্বের দাবিকে চ্যালেঞ্জ করা হলে তারা আবারো যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না।

তিনি বলছেন, যুদ্ধের আগে যে অবস্থায় হরমুজ প্রণালী ছিল, সেখানে ফিরে গেলে ইরান নিজেদের বিজয়ী মনে করবে না। কারণ, এই জলপথ এখন শুধু অর্থনৈতিক নয়, বরং ইরানের জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক উপাদানে পরিণত হয়েছে।

গরিবাবাদি আরও জানান, ওমান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর মাধ্যমে একটি বিকল্প বাণিজ্যিক নৌপথ চালুর চেষ্টা করছিল। তেহরান এটিকে নিজেদের জন্য ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করেছে।

তিনি বলেন, “বিষয়টি বাইরে থেকে দেখলে মনে হতে পারে, কেন ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আবার যুদ্ধ শুরু করল? কিন্তু পর্দার আড়ালের বাস্তবতা হলো, হরমুজ প্রণালীকে ঘিরে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা দীর্ঘমেয়াদে ইরানের নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলবে।”

বিশ্লেষকদের মতে, তেহরান মনে করছে যুক্তরাষ্ট্রের সাময়িক হামলা বন্ধ রাখা দুর্বলতার লক্ষণ, সংযমের নয়। এই ধারণাই ইরানকে আরও আক্রমণাত্মক হতে উৎসাহিত করতে পারে।

ড্যানি সিট্রিনোভিচের মতে, এতে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে উভয় পক্ষই নিজেদের বিশ্বাসযোগ্যতা হারানোর ভয়ে পিছু হটবে না। ফলে হামলা, পাল্টা হামলা এবং উত্তেজনার চক্র আরও দীর্ঘায়িত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে- হয় ইরানের কিছু কৌশলগত দাবি আংশিকভাবে মেনে নেওয়া, নয়তো আন্তর্জাতিক নৌপরিবহন এবং বৈশ্বিক বাণিজ্যপথকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত থাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় চার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


কাঁঠালিয়ায় চার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে চারজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ বিতরণ কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত একটি প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে. এম. জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%