ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মোদি সরকারের পদত্যাগ দাবি করলেন কেজরিওয়াল ও রাহুল


মোদি সরকারের পদত্যাগ দাবি করলেন কেজরিওয়াল ও রাহুল

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির নেতাদের আটকের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পৃথকভাবে দেওয়া পোস্টে তারা সরকারের পদক্ষেপের নিন্দা করেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। রাহুল গান্ধী বর্তমান সরকারেরও পদত্যাগ দাবি করেছেন।

কেজরিওয়াল তার পোস্টে উল্লেখ করেন, ‘এখন আনুষ্ঠানিকভাবে বলা যায়, আমরা মোদির চরম স্বৈরশাসনের মধ্যে আছি। উড়োজাহাজ থেকে নামার আগেই সিজেপি নেতাদের গ্রেপ্তার করা নজিরবিহীন ভয়ের বহিঃপ্রকাশ।’

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন বলে জানেন। কেজরিওয়াল দাবি করেন, নিজের এই জালিয়াতি আড়াল করতে তিনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন।

পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘জ্ঞানেশকে বিদায় নিতে হবে, মোদিকেও বিদায় নিতে হবে।’

অন্যদিকে, শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এই সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি থেকেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ভিডিও বার্তায় জানালেন সিজেপি নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


বাড়ি থেকেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ভিডিও বার্তায় জানালেন সিজেপি নেত্রী

ভারতের দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আটক হয়েছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। একইসাথে আটক হন সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং। দিল্লিতে রাজনৈতিক বিক্ষোভের প্রেক্ষাপটে এই ঘটনার ফলে নতুন আলোচনা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ে তার পারিবারিক বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। রত্না সিংও বিক্ষোভে অংশ নেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিক্ষোভে যোগ দেয়ার পূর্বেই তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে ধ্রুব রাঠির বাড়িতে প্রায় ৫০ সদস্যের একটি পুলিশ দল প্রবেশ করে।

ধ্রুব রাঠির আটক হওয়ার দিনেই রত্না সিংও আটক হন। সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালের মধ্যেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়ার বিষয়টি নিয়ে সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিং সামাজিক মাধ্যমে গাড়ি থেকে ধারণ করা ভিডিও বার্তায় বলেন, “আমার গাড়ি যেতে দেয়া হচ্ছে না। আটকের বিষয়ে পুলিশ আমাকে কোনো কারণ জানায়নি।”

এদিকে, ধ্রুব ও রত্না সিংকে আটক করার ঘটনায় সিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি তাদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। অপরদিকে, বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে আগাম সতর্কতামূলক আটক বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার।

প্রসঙ্গত, ইউটিউবার ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত। তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে ভিডিও তৈরি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তার চ্যানেলের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: হুমায়ুন কবির

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতা রয়েছে, উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

ইসলামের পুণ্যভূমি মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তা প্রসঙ্গে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের কোনো ধরনের আপস নেই। পবিত্র এই ভূমি যদি কখনো আক্রান্ত বা হুমকির মুখে পড়ে, তবে প্রয়োজনীয় যে কোনো ধরনের নিরাপত্তা ও সার্বিক সহায়তা দিতে ঢাকা সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ও পেশাদার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় অগ্রাধিকার শ্রমবাজার। দেশটিতে দক্ষ শ্রমিক পাঠাতে আগ্রহী বাংলাদেশ।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস ও আস্থা। বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, বরং বিনিয়োগের অংশীদার হতে চায়। দেশে বিনিয়োগের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করে ঢাকা।

শান্তি রক্ষায় ভূমিকা রাখার সুযোগ থাকলে মক্কায় যোগ দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও জানান তিনি।

এদিকে, আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুর প্রার্দুভাব প্রতিরোধে দুই সিটির পরিচ্ছন্নতার ওপর জোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


ডেঙ্গুর প্রার্দুভাব প্রতিরোধে দুই সিটির পরিচ্ছন্নতার ওপর জোর

ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধের জন্য মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) পৃথক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুই সিটির প্রশাসক নগরবাসীকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহ্বান জানান।

সকালে বছিলা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উত্তর সিটি করপোরেশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এ সময় ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, গত ৯ বছরের তুলনায় এবারের উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম রয়েছে।

অন্যদিকে, মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে শুধু মশক নিধন নয়, পরিচ্ছন্নতা কার্যক্রমকেও জোরদার করতে হবে।

ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান দুই সিটির প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: বললেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে: বললেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, “মওলানা ভাসানীর রেখে যাওয়া কর্ম ও আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ লক্ষ্য অর্জনে মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।”

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, পৃথিবীর যেসব গুণী ব্যক্তি তাঁদের কর্ম ও অবদানের মাধ্যমে সর্বজনশ্রদ্ধেয় হয়ে উঠেছেন, তাঁদের সাফল্যের পেছনে পরিবারের, বিশেষ করে জীবনসঙ্গীর গুরুত্বপূর্ণ অবদান থাকে। মওলানা ভাসানীর জীবনেও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি শিক্ষানুরাগী ছিলেন এবং মওলানা ভাসানীর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমর্থন ও সাহস জুগিয়েছেন।

তিনি বলেন, বেগম আলেমা খাতুন ভাসানী তাঁর বাবার কাছ থেকে পাওয়া জমি জনকল্যাণমূলক ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি মানুষের ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রেখেছেন। গুণীজনদের সম্মান জানানো এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

গত ১৭ বছরে মওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলোর যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “প্রতিষ্ঠানগুলোকে সুদৃষ্টি দেওয়া তো দূরের কথা, অচল অবস্থায় নিয়ে রাখা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সরকার গুণীজনদের সম্মান জানাতে চায়। তাঁদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলো যেন প্রাতিষ্ঠানিকভাবে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, মওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান সংরক্ষণের পাশাপাশি তাঁদের রেখে যাওয়া কর্ম ও আদর্শও ধারণ করতে হবে। কৃষক, শ্রমিক, তাঁতি ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা, শ্রমের মর্যাদা, ন্যায্য সুযোগ এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের প্রতি মওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর দায়বদ্ধতা এসব দায়িত্ব পালনে আমাদের প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে ত্যাগ, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়। রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা এবং নিজের স্বার্থ ত্যাগ করা।

বেগম আলেমা খাতুন ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এবং মওলানা ভাসানীর দেখানো ন্যায় ও আদর্শের পথে টাঙ্গাইলকে পরিচালিত করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের আদর্শ ধারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশপ্রেমকে ধারণ করে দেশ গঠনে কাজ করছেন।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

এর আগে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অতিথিরা সন্তোষে মওলানা ভাসানীর মাজারে গিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কবর জিয়ারত করেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে বেগম আলেমা খাতুন ভাসানীকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%