১২:২৬ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অর্থ এবং ক্ষমতার প্রভাব নতুন কিছু নয়। তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন এই সমীকরণকে এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছে দিয়েছে। কংগ্রেস নির্বাচনে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণের প্রচেষ্টায় দেশের কোটিপতি ও ধনকুবেররা প্রত্যক্ষ ও প্রবলভাবে সম্পৃক্ত ছিলেন। প্রযুক্তি, অর্থায়ন, জ্বালানি ও শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের শীর্ষ ধনীরা শুধু দলীয় তহবিল সমৃদ্ধ করতে অর্থ ঢালেননি বরং জাতীয় নীতি, নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত এবং অর্থনৈতিক গতিপথ নিজেদের পক্ষে আনতে নির্বাচনী প্রচারণাকে কার্যত পুনর্বিন্যাস করেছেন। ধনকুবেরদের এই আগ্রাসী অর্থায়ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে গণতন্ত্রের মৌলিক কাঠামো, জনস্বার্থ এবং সাধারণ ভোটারদের ক্ষমতার ভারসাম্যে গভীর প্রভাব ফেলেছে।
এই মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার শীর্ষ ধনীদের নজিরবিহীনভাবে সক্রিয় হওয়ার পেছনে সুনির্দিষ্ট কৌশলগত কিছু কারণ কাজ করেছে:
এর মধ্যে প্রথমটি হলো আইন ও কর কাঠামো নিয়ন্ত্রণের প্রচেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের হাতেই থাকে কর নীতি প্রণয়নের চাবিকাঠি। নির্বাচনের পর কংগ্রেসে ধনকুবেরদের সম্পদের উপর প্রগতিশীল কর আরোপ, কর্পোরেট কর বৃদ্ধি কিংবা অতি ধনীদের ওপর ওয়েলথ ট্যাক্স সংক্রান্ত যেকোনো সম্ভাব্য আইন ঠেকানো ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য। নিজেদের বিপুল মুনাফা ও সঞ্চিত সম্পদকে রক্ষা করতে তারা তাই এমন প্রার্থীদের পেছনে অর্থ বিনিয়োগ করেছেন, যারা কর কর্তন ও কর্পোরেট ছাড়ের পক্ষে কাজ করবেন; অর্থাৎ তাদের স্বার্থ সংরক্ষণ করবেন।
আরও পড়ুন: ব্রিটেনে সামরিক ঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোন, মার্কিন বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে
দ্বিতীয়টি হল ডি রেগুলেশন বা নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়ি শিথিল করার প্রচেষ্টা। বিগত দিনগুলোতে ফেডারেল ট্রেড কমিশন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, কনজ্যুমার ফিনান্সিয়াল প্রটেকশন ব্যুরো এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর নজরদারি ধনকুবেরদের ব্যবসা সম্প্রসারণের অন্যতম বড় বাধা হয়ে উঠেছিল। বিশেষ করে একচেটিয়া ব্যবসা ভাঙার উদ্যোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টো কারেন্সির ওপর নজরদারি কমাতে তাদের অনুগত আইন প্রণেতাদের কংগ্রেসে বসানো জরুরি হয়ে পড়েছিল।
তৃতীয় ইস্যুটি ছিল সরকারি চুক্তিতে অংশগ্রহণ এবং ভর্তুকি প্রাপ্তি নিশ্চিন্তকরণ। প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর এবং অবকাঠামো খাতে মার্কিন সরকার প্রতিবছর শত শত বিলিয়ন ডলারের চুক্তি করে এবং ভর্তুকি দেয়। আইনসভায় নিজেদের প্রভাব বজায় রেখে তাদের পক্ষের নির্বাচিত কংগ্রেস সদস্যদের মাধ্যমে এসব মেগা প্রকল্প নিজেদের প্রতিষ্ঠানের অনুকূলে নিয়ে আসা ধনকুবেরদের অন্যতম মূল অর্থনৈতিক উদ্দেশ্য ছিল।
এখানে উল্লেখযোগ্য যে ২০২৬ সালের নির্বাচনে ধনীদের বিনিয়োগ কোন একক দল বা প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই বিনিয়োগ সুনির্দিষ্ট খাত এবং এজেন্ডা ভিত্তিক পরিচালিত হয়েছে। প্রার্থীদের তহবিলে সরাসরি অর্থ দেয়ার পরিবর্তে ধনকুবেররা এবার সরকার অনুমোদিত রাজনৈতিক তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান(সুপার প্যাক) এবং ফেডেরাল কর মওকুফ প্রাপ্ত বিভিন্ন অলাভজনক সংস্থার মাধ্যমে নির্বাচনে অবাধে অর্থ ঢেলেছেন। এই গোপন অর্থ বা “ডার্ক মানি” দিয়ে তাদের পক্ষের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ও নেতিবাচক বিজ্ঞাপনের ঝড় তোলে।
তবে সিলিকন ভ্যালির প্রযুক্তি মোগলরা ২০২৬ সালের নির্বাচনে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের মূল বিনিয়োগের উদ্দেশ্য ছিল এআই সুরক্ষা এবং নৈতিকতার নামে অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ রোধ করা। এছাড়া ডেটা প্রাইভেসি সংক্রান্ত জাতীয় আইন যাতে টেক সম্রাটদের লাভজনক ডেটা ব্যবসা ক্ষতি না করে তা নিশ্চিত করাও একটা বড় উদ্দেশ্য ছিল।
আরও পড়ুন: ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান ও হুথিদের সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাজ্যের
এই নির্বাচনে ডিজিটাল অ্যাসেট(অনলাইন মালিকানা) এবং ক্রিপ্টো কারেন্সি (ডিজিটাল মুদ্রা) বিষয়ক ইস্যুগুলো’ও গুরুত্বপূর্ণ হয়ে উঠে। ফিনটেক (লেনদেন এবং আর্থিক পরিষেবায় প্রযুক্তির ব্যবহার)ও ক্রিপটো ধনকুবেররা ক্রিপটো বান্ধব প্রার্থীদের পক্ষে বড় তহবিল গড়ে তোলেন। উদ্দেশ্য ছিল প্রথাগত ব্যাংকিং বিধিমালার বাইরে ব্লক চেইন (নিরাপদ ডিজিটাল তথ্য ভাণ্ডার)ও ডিজিটাল মুদ্রাকে স্বাধীন রাখা এবং সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কঠোর আইনগুলো নির্বাচিত কংগ্রেস সদস্যদের মাধ্যমে বাতিল করা।
নির্বাচনে প্রথাগত জ্বালানি বনাম ক্লিন এনার্জি’ও গুরুত্বপূর্ণ এজেন্ডায় পরিণত হয়। তেল গ্যাস ও খনিজ কয়লার টাইকুনরা পরিবেশ ও জলবায়ুর নীতিতে ভর্তুকি বন্ধের পক্ষে অবস্থান নেন। অপরদিকে সবুজ প্রযুক্তিতে বিনিয়োগকারী ধনীরা ক্লিন এনার্জি এবং বৈদ্যুতিক গাড়ির জন্য কর ছাড় বজায় রাখার পক্ষে প্রচারণা চালান। উভয়পক্ষ নিজ নিজ ব্যবসায়িক সুরক্ষায় রাজনৈতিক ময়দানকে অর্থযুদ্ধের ক্ষেত্রে পরিণত করে।
নির্বাচনকালীন সময়ে ধনকুবেররা নিজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য তথ্য মাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করারও চেষ্টা করেন। শুধুমাত্র টিভিতে বিজ্ঞাপন না দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সার্চ ইঞ্জিন ও পডকাস্ট নেটওয়ার্কগুলোতে অ্যালগরিদম (ধারাবাহিকভাবে সাজানো সুনির্দিষ্ট পদ্ধতি সমষ্টি)ও ডিজিটাল কনটেন্ট পৃষ্ঠপোষকতা করতে তারা শত শত মিলিয়ন ডলার ব্যয় করেন, যাতে নির্দিষ্ট বয়সের ভোটারদের মনস্তত্ত্ব প্রভাবিত করা যায়।
ধনকুবেরদের এই আকাশচুম্বী অর্থ বিনিয়োগ ২০২৬ সালের নির্বাচনে মিশ্র ও গভীর প্রভাব তৈরি করেছেঃ
আরও পড়ুন: মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ জন নিহত
প্রথমত, দোউদুল্যমান রাজ্য বা সুইংস্টেটগুলোতে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যায়ে নাটকীয়ভাবে জমে উঠে। উইসকনসিন, নেভাডা, জর্জিয়া এবং পেনসিলভানিয়ার মত গুরুত্বপূর্ণ সুইংস্টেটগুলোতে ধনকুবেরদের আশীর্বাদপুষ্ট সুপার প্যাকগুলো বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এর ফলে বিশাল তহবিলপুষ্ট প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়।
দ্বিতীয়ত, ২০২৬ সালের এই নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয় বহুল মধ্যবর্তী নির্বাচন হিসেবে পরিগণিত হয়েছে। এই নির্বাচনী ব্যয়ের একটি বিশাল অংশ এসেছে হাতে-গোনা কয়েক ডজন শীর্ষ ধনীর পকেট থেকে।
তৃতীয়ত, এই বিপুল নির্বাচনী ব্যয় নিয়ে মার্কিন জনগণের প্রতিক্রিয়া ছিল মিশ্র এবং সব ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয় সফলতা আনেনি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অতিরিক্ত কর্পোরেট অনুদান প্রাপ্ত প্রার্থীদের বিরুদ্ধে তৃণমূল ভোটারদের ক্ষোভ প্রকাশ পায়। সেসব জায়গার সাধারণ ভোটাররা বহিরাগত ধনকুবেরদের আধিপত্যকে প্রত্যাখ্যান করে তৃণমূল অনুদানে চলা প্রার্থীদের বিজয়ী করেন, যা প্রমাণ করে অর্থ প্রভাবশালী হলেও একমাত্র নির্ধারক নয়।
সামগ্রিকভাবে বিবেচনা করলে, এই নির্বাচন মার্কিন রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচনের সময় দেখা গেছে শত কোটিপতিদের অবাধ নির্বাচনী প্রভাব দেশটিকে এক ধরনের অলিগারকি বা ধনতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে নীতি নির্ধারণে সাধারণ নাগরিকদের চেয়ে শীর্ষ এক শতাংশের ইচ্ছা বেশি প্রাধান্য পাবে। এছাড়া একজন সাধারণ শ্রমজীবী নাগরিকের ভোটাধিকার এবং একজন বিলিয়নিয়ারের এক কোটি ডলারের সুপারপ্যাক তহবিলের রাজনৈতিক ওজন সমান হতে পারে না। এই ব্যবধানের ফলে আশঙ্কা করা যায় প্রান্তিক ও সাধারণ জনগণ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে এবং ভোটাধিকারের প্রতি আস্থা হারাবে।
আরও পড়ুন: গুয়াহাটিতে পুলিশের অভিযানে তৃতীয় লিঙ্গের ২২ জন গ্রেপ্তার
এই নির্বাচনে জয়ী কংগ্রেস সদস্যের মধ্যে নীতি প্রণয়নে পক্ষপাত ও স্বার্থের সংঘাত ঘটতে পারে। নির্বাচনী প্রচারণায় কোটি কোটি ডলার ব্যয় করা ধনকুবেররা পরবর্তী সময়ে আইন ও নীতি প্রণয়নে নিজেদের প্রতিদান আদায় করে নেবেন। স্বাস্থ্য বীমা, পরিবেশ সুরক্ষা, শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং কর্পোরেট নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ জনস্বার্থের ইস্যুগুলো কর্পোরেট লবির কাছে নতি স্বীকার করতে পারে।
এই নির্বাচনে ধনকুবের অনুদানে পরিচালিত বিজ্ঞাপনগুলো মূলত রক্ষণশীল ভাবধারা ও মেরুকরণের বার্তা ছড়িয়ে ভোটারদের মধ্যে বিভাজন বাড়িয়ে তুলেছিল। এর ফলে নির্বাচনী মাঠে পরিচয় ভিত্তিক ও ভীতিপ্রদর্শন মূলক রাজনীতির ঝলক দেখা গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন স্পষ্ট দেখিয়ে দিয়েছে গণতন্ত্র যখন অবাধ অর্থ প্রবাহের মুখোমুখি হয় তখন আদর্শের লড়াই বাণিজ্যিক স্বার্থের লড়াইয়ের রূপ নিতে পারে। আরও দেখা গেছে, এই অর্থলগ্নীর পেছনে ধনকুবেরদের রাষ্ট্রচিন্তার চেয়ে নিজস্ব সম্পদ ও শিল্পের একচ্ছত্র সুরক্ষা নিশ্চিত করার আকাঙ্ক্ষাই ছিল প্রবল। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব ধরে রাখতে চায় তবে নির্বাচনী অর্থায়ন সংস্কার, ডার্ক মানি বন্ধ এবং রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: আলাস্কায় স্যামন মাছের সংখ্যা কমছে, উদ্বেগে জেলেরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন