ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুইবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে


২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুইবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

বাংলা ও বাঙালি এক বছরে দুইবার শারদীয় দুর্গাপূজার সাক্ষী হতে চলেছে। এই নতুন খবর নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের জোড়া সপ্তমী কিংবা ২০২৭ সালের জোড়া মহাঅষ্টমীর পর, তিথি অনুযায়ী, ২০২৮ সালে বাঙালি এক বছরে দুইবার শারদীয় দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করবে।

এটি পঞ্জিকার তিথি অনুযায়ী ঘটবে। হিন্দু শাস্ত্রের বিশেষজ্ঞরা জানান, বাংলায় মূলত দুটি মত অনুসারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। একটি হল বিশুদ্ধ সিদ্ধান্ত এবং অপরটি সূর্য সিদ্ধান্ত।

আরও পড়ুন: বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

বিশুদ্ধ সিদ্ধান্ত হলো দৃকসিদ্ধ গণনা। অন্যদিকে, সূর্য সিদ্ধান্তে মহাজাগতিক অবস্থান দেখে তিথি ও নক্ষত্র গণনা করা হয়। এই দুই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৮ সালের শারদীয় দুর্গাপূজা একই সময়ে অনুষ্ঠিত হবে না।

বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের পূজার আয়োজন সেপ্টেম্বরের শেষ দিকে হবে। অন্যদিকে, সূর্য সিদ্ধান্ত মেনে পূজার আয়োজন হলে তা হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে। ফলে, দুই পূজার আয়োজনের মধ্যে ১৫ দিনের বেশি ব্যবধান থাকবে।

বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো মঠ, মন্দির ও আশ্রমগুলো বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পূজার আয়োজন করে। অন্যদিকে, বনেদি বাড়ি, বারোয়ারি এবং সর্বজনীন পূজার আয়োজন সূর্য সিদ্ধান্ত মেনে করা হয়।

এটি বিরল ঘটনা, তবে এটি প্রথমবার নয়। অতীতে ১৯৮০ সালে দুই সিদ্ধান্ত অনুযায়ী দেবী দুর্গার পূজার আয়োজন করা হয়েছিল। শাস্ত্রমতে, দুই পূজার আয়োজনই সঠিক। তবে, এক বছরে দুইবার দুর্গাপূজার ক্ষেত্রে সরকারি ছুটি দুইবার ঘোষণা করা হবে না। অফিস, স্কুল ও কলেজে ছুটি একবারই দেওয়া হবে, যা বারোয়ারি পূজার সঙ্গে মিল রেখে হবে।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়, নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে কবে? প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন জীবনসঙ্গী কেমন চান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


বিয়ে কবে? প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন জীবনসঙ্গী কেমন চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, মেহজাবীন চৌধুরী এবং সাফা কবির—এই চারজন জনপ্রিয় অভিনয়শিল্পীর মধ্যে তিনজন ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার ও কাজের মধ্যে সমন্বয় করছেন। কিন্তু সাফা কবিরের ক্ষেত্রে বারবার একই প্রশ্ন উঠে আসে—তিনি কবে বিয়ে করবেন?

তবে এই অভিনেত্রী সমাজের অযাচিত প্রশ্নের কারণে বিরক্ত। তিনি মন্তব্য করেছেন, "এসব প্রশ্ন একেবারেই ব্যক্তিগত।"

সম্প্রতি একটি আড্ডায় সাফা তার জীবনযাপন, অভিনয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, চারপাশে বন্ধুদের বিয়ে ও সন্তান হওয়ার খবরের মধ্যে তিনি প্রায়ই অযাচিত প্রশ্নের সম্মুখীন হন। তার মতে, বর্তমান সময়ে এসেও মানুষের বোঝা উচিত যে, এ ধরনের প্রশ্ন কারোর জন্যই স্বস্তিদায়ক নয়। তিনি মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি সহানুভূতি প্রদানের আহ্বান জানিয়ে বলেছেন, "সাধারণ মানুষের মতো তারকাদেরও নিজের জীবন ও সময় দরকার, এটা সবার বোঝা উচিত।"

অভিনয় নিয়ে সাফা মন্তব্য করেছেন, "পর্দায় একটি চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা অনেক সময় কষ্টকর, যা মানসিকভাবেও প্রভাব ফেলতে পারে। পেছনে নানা অস্বস্তিকর পরিস্থিতি বা ব্যস্ত সূচি থাকলেও দর্শকের ভালোবাসা পেতে শিল্পীরা সেরাটা দেওয়ার চেষ্টা করি।"

নিজের জীবনদর্শন সম্পর্কে সাফা বলেছেন, "আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি এবং সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজের সমস্যা নিজে সমাধান করা এবং আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখা আমার জীবনের অন্যতম লক্ষ্য।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৯ এম


হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের হ্যাকড হওয়ার ফলে ব্যক্তিগত কথোপকথন এবং পরিচিতদের তথ্য বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি, হ্যাকড অ্যাকাউন্টের মাধ্যমে কেউ আপনার পরিচয়ে বন্ধু, পরিবারের সদস্য এবং পরিচিতদের কাছে অযাচিত বার্তা পাঠাতে সক্ষম হতে পারে। তবে, নিজের ফোন নম্বর ব্যবহার করে হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার জন্য যা করতে হবে

যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব না হয়, তাহলে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ‘লগ ইন এগেইন’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘কন্টিনিউ’ নির্বাচন করার পর যখন ফোন নম্বর চাওয়া হবে, তখন দেশের কোডসহ নিজের ফোন নম্বর লিখতে হবে। এরপর ‘নেক্সট’ এবং ‘ওকে’ অপশনে ট্যাপ করলে এসএমএস বা ফোন কলের মাধ্যমে ছয় সংখ্যার যাচাইকরণ কোড পাওয়া যাবে। এই কোডটি নির্ধারিত স্থানে লিখে নিবন্ধন সম্পন্ন করলে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা অন্য সব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। ফলে, অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না।

টু-স্টেপ ভেরিফিকেশন পিন চাইলে কী করবেন

অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় হোয়াটসঅ্যাপ টু-স্টেপ ভেরিফিকেশন বা দুই ধাপের ভেরিফিকেশন পিন চাইতে পারে। যদি পিনটি জানা না থাকে, তাহলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া ব্যক্তি এই নিরাপত্তাব্যবস্থা চালু করতে পারে। এই পরিস্থিতিতে, পিনটি জানা না থাকলে সাত দিন অপেক্ষা করে আবার চেষ্টা করতে হবে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে যে সতর্কতা মেনে চলা উচিত

অনেকে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে নতুন সিম কার্ড ব্যবহার করে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে, যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুরনো ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তাহলে নতুন সিম কার্ড ব্যবহার করলেও হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব নয়। তাই, নতুন সিম কার্ড ব্যবহার করার ক্ষেত্রে ‘চেঞ্জ ফোন নম্বর’ সুবিধা ব্যবহার করে দ্রুত হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত ফোন নম্বর পরিবর্তন করে নেওয়া উচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নারীর কুরুচিপূর্ণ পোস্ট, অতঃপর আটক সাথী আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ এম


বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নারীর কুরুচিপূর্ণ পোস্ট, অতঃপর আটক সাথী আক্তার

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে পুলিশ সাথী আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে। সাথী বিউটি পার্লালের মালিক হিসেবে পরিচিত সাথীকে উত্তেজিত স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টার সময় উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। সাথী আক্তার হবিরবাড়ি গ্রামের আমজাদ মেস্ত্রীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে উত্তেজিত এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস মালিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ এম


গোপালগঞ্জে নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস মালিক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক।

এ দুর্ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায়।

নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় অবস্থিত।

স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহণের বাসটি মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর ব্রেক করলে, পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়। এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে গিয়ে নিজ বাসের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%