০৬:০৪ পি.এম
কলকাতা শহরে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, কুষ্টিয়া এবং ঢাকার নিহতদের মরদেহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া। প্রসঙ্গত, গত বুধবার (১৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশি প্রাণ হারান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করে।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
আজ সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং পরে সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আজ বিকেলে দেশে আনা হয়েছে। ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও সেই একই সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হয়।
বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের অনুরোধ অনুযায়ী গতকাল রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। এই প্রক্রিয়াতেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করে।
কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহতদের এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন: নেজামে ইসলাম পার্টির উদ্বেগ, আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য আইনশৃঙ্খলার পরিপন্থী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন