ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রকে এবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন ইরানি ধর্মীয় নেতা!


যুক্তরাষ্ট্রকে এবার পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন ইরানি ধর্মীয় নেতা!

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মোহাম্মদ নবী মুসাভিফার্ড নামে এক ইরানি ধর্মীয় নেতা প্রতিপক্ষের উদ্দেশে ভয়ংকর এক হুমকি দিয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার খুতবায় তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যদি প্রতিপক্ষরা ইরানের অবকাঠামো ধ্বংসে আবারও যুদ্ধ শুরু করে, তবে তেহরানকে পারমাণবিক অস্ত্র হাতে নিতে বাধ্য করা হবে।

শনিবার (১৫ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন থেকে এটি জানা গেছে।

আরও পড়ুন: মিশিগানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রতিবেশীদের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন

প্রতিবেদন অনুযায়ী, ইরানের আহভাজ শহরে জুমার নামাজে ইমাম মোহাম্মদ নবী মুসাভিফার্ড বলেন, ইরানের পারমাণবিক শক্তি অন্য কোনো দেশের বিষয় নয়। এটি একটি অভ্যন্তরীণ বিষয়, এবং যদি কেউ ভিন্নভাবে মনে করে, তবে তারা এসে যুদ্ধ করুক।

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবে মার্কিন স্বার্থ। এ ধরনের সংঘাত শুরু হলে ইরান পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে।

এ সময় মুসাভিফার্ড উল্লেখ করেন, জর্ডানে মার্কিন বিনিয়োগের উপর হামলা, আমেরিকান ঘাঁটিগুলো থেকে সৈন্য প্রত্যাহার এবং বাব আল-মান্দেব প্রণালীর সংকটের বিষয়। তিনি বলেন, ওয়াশিংটন আত্মসমর্পণের কাছাকাছি চলে এসেছে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাতে প্রবেশ করে যুক্তরাষ্ট্র নতুন সংকটের সম্মুখীন হয়েছে।

এদিকে, ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য ও ধর্মীয় নেতা আহমদ খাতামি সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: ১০ বছর পর মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে বের হতে পারবে সদস্য দেশগুলো

তিনি আরও বলেন, মার্কিন ও ইস্রায়েলি হামলা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আমাদের পারমাণবিক সক্ষমতা এখনও বিদ্যমান। আমাদের পারমাণবিক শক্তি দেশের বিজ্ঞানী এবং পারমাণবিক জ্ঞানের ফসল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৬ জেলা সকালের ৯টা থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ঝিনাইদহে ২ ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ঝিনাইদহে ২ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কসংলগ্ন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের মজুদ এবং বিক্রির অভিযোগে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যাত্রা পথে, আনুমানিক ৩২ কেজি অবৈধ পলিথিনের শপিং ব্যাগও জব্দ করা হয়েছে।

অভিযানটির নেতৃত্ব দেন ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ক(খ) ধারা অনুসারে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান। এসময় অধিদপ্তরের হিসাবরক্ষক আকরাম হোসেন, নমুনা সংগ্রহকারী মো. কামরুজ্জামান এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, পরিবেশ দূষণ রোধ ও আইনের সুষ্ঠু বাস্তবায়নে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল

রাজশাহী নগরী থেকে মাত্র তিন কিলোমিটার দূরে, পদ্মা নদীর বুকের উপরে জেগে ওঠা বিস্তীর্ণ মাঝচর আজ প্রকৃতিপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে আছে। চারপাশে সবুজ ঘাসের মাঠ, ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়, ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতঘর আর নদীর নির্মল বাতাস-সব মিলিয়ে মাঝচর যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অসাধারণ ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে এর মুগ্ধকর সৌন্দর্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই দর্শনার্থীদের আগমন বৃদ্ধি পাচ্ছে।

পবার হরিয়ান ইউনিয়নে অবস্থিত এই মাঝচরে বসবাস করেন প্রায় ৬০ থেকে ৭০টি পরিবার। নদীর বুকেই তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবন-জীবিকা। তবে বরাবরই এই বসতি স্থায়ী নয়। পদ্মায় পানি বাড়লেই ডুবে যায় চর; পানির সঙ্গে হারিয়ে যায় ঘরবাড়ি ও ফসল। পানি নেমে গেলে চর আবার জেগে ওঠে এবং নতুন করে বসতি গড়ার সংগ্রাম শুরু হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, প্রতিবছর বর্ষায় পানি বাড়লেই সুদৃশ্য মাঝচর তলিয়ে যায়। পানি কমলে আবার তারা ঘর তুলে বসবাস শুরু করেন। এবার বর্ষা মৌসুমেও পানি না বাড়ায় এখনো সবুজে ঢাকা মাঝচর। দূর থেকে দেখা যায় সবুজ মাঠের মধ্যে ছোট ছোট টিনের ঘর, বাঁশের বেড়া ও খড়ের গোলা। এই মনোমুগ্ধকর দৃশ্যই টানছে দর্শনার্থীদের।

অনেকে নৌকায় পদ্মা পাড়ি দিয়ে পরিবার-পরিজন এবং বন্ধুদের সঙ্গে মাঝচরে আসছেন। কেউ ঘুরছেন, কেউ ছবি-ভিডিও ধারণ করছেন। সেগুলো পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শনার্থীদের মধ্যে অনেকে মাঝচরকে মিনি সুইজারল্যান্ড বলে উল্লেখ করছেন।

দর্শনার্থী আনোয়ার হোসেন বলেন, সবুজ মাঠ, নদী আর ছোট ছোট ঘর মিলে এখানে অসাধারণ এক দৃশ্য সৃষ্টি হয়েছে। তবে সৌন্দর্যের আড়ালে চরবাসীর জীবন রয়েছে অনিশ্চিত। ইউপি সদস্য আবু জাফর ইবনে আলম প্রমিজ জানান, নদীর পানি ও ভাঙনের সঙ্গে লড়াই করেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করছেন মানুষ।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মানুষের টিকে থাকার সংগ্রাম- এই দুইয়ের সম্পর্কেই পদ্মার মাঝচর এখন রাজশাহীর নতুন আকর্ষণ হিসেবে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীর রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দদূষণ ১০০ ডেসিবেলের ওপরে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


রাজশাহী নগরীর রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দদূষণ ১০০ ডেসিবেলের ওপরে

নগরায়ন ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রাজশাহী নগরীতে শব্দদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজশাহী নগরীর ব্যস্ততম এলাকা রেইলগেট এবং হাসপাতালকেন্দ্রিক লক্ষীপুর মোড়ে পরিচালিত সাম্প্রতিক শব্দমাত্রা পরীক্ষায় উভয় জায়গাতেই ১০০ ডেসিবেলের বেশি গড় সর্বোচ্চ শব্দমাত্রা পাওয়া গেছে। এতে জনস্বাস্থ্য এবং নগর পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং বারিন্দ এনভায়রনমেন্টের সহযোগিতায় শনিবার (১৫ আগস্ট) রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা পরিমাপ করা হয়। পরীক্ষায় নেতৃত্ব দেন প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান (পিএইচডি)। তাঁকে সহযোগিতা করেন ড. অলি আহমেদ, শামসুর রাহমান শরীফ, মোঃ ওবায়দুল্লাহ, রুমানা আহমেদ, ইফাত আরা, কলি আহমেদ, আবু তারেক বিন আজিজ, রুহুল হাসান পলাশসহ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীরা।

সংস্থাটি জানায়, ২০২২ সাল থেকে একই স্থানে ও প্রায় একই সময়সূচিতে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে শব্দমাত্রা পরিমাপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিনের ব্যস্ততম সময়ে দুই এলাকায় শব্দমাত্রা পরীক্ষা করা হয়।

পরিমাপে দেখা যায়, শনিবার সকালে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রেইলগেটে সর্বোচ্চ গড় শব্দমাত্রা ১০১ দশমিক ৫ ডেসিবেল পাওয়া গেছে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত লক্ষীপুর মোড়ে সর্বোচ্চ গড় শব্দমাত্রা ছিল ১০২ দশমিক ৬ ডেসিবেল। অথচ গত বছরে একই দুই স্থানে সর্বোচ্চ গড় শব্দমাত্রা ছিল প্রায় ৯৭ ডেসিবেল। ফলে এক বছরের ব্যবধানে উভয় এলাকায় শব্দদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশের শব্দদূষণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দমাত্রার ভিত্তিতে এলাকাকে নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এই পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী দিনের বেলায় বাণিজ্যিক এলাকায় অনুমোদিত শব্দমাত্রা ৭০ ডেসিবেল এবং নীরব এলাকায় ৫০ ডেসিবেল।

রেইলগেট বাণিজ্যিক এলাকার অন্তর্ভুক্ত, অন্যদিকে হাসপাতালকেন্দ্রিক এলাকা হওয়ায় লক্ষীপুর মোড় নীরব এলাকার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ফলে দুই এলাকায় পাওয়া ১০১ দশমিক ৫ ও ১০২ দশমিক ৬ ডেসিবেলের শব্দমাত্রা নির্ধারিত সীমার তুলনায় অত্যন্ত বেশি।

মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা যায়, পরীক্ষার সময় রেইলগেট ও লক্ষীপুর মোড় এলাকায় বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটো ও অটোরিকশা চলাচল করছিল। এসব যানবাহনের অনেকটিতে উচ্চশব্দের টিটি হর্ন ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন না থাকলেও চালকদের অনেককে বারবার হর্ন বাজাতে দেখা গেছে।

রেইলগেট এলাকায় বিভিন্ন বাসকেও অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজাতে দেখা গেছে। পাশাপাশি যত্রতত্র বাস থামানো, অটোরিকশা ও রিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং সুষ্ঠু লেন ব্যবস্থাপনার অভাবও চালকদের অহেতুক হর্ন ব্যবহারে উৎসাহিত করছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত অটোরিকশায় অনুমোদিত ও নিয়ন্ত্রিত ধরনের হর্ন ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা। একই সঙ্গে উচ্চশব্দের টিটি হর্নের ব্যবহার বন্ধ, অটোরিকশা ও রিকশার জন্য নির্দিষ্ট লেন চালু এবং নির্ধারিত স্থান ছাড়া বাস থামানো বন্ধ করার সুপারিশ করা হয়েছে।

সংস্থাটি আরও বলেছে, নগরীর বিভিন্ন সড়কে যৌক্তিক গতিসীমা নির্ধারণ ও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এতে আকস্মিক ব্রেক, তীব্র ত্বরণ এবং অহেতুক হর্নের ব্যবহার কমবে, যা পরোক্ষভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণে সহায়তা করবে।

অতিরিক্ত শব্দ মানুষের শ্রবণশক্তির ক্ষতি করার পাশাপাশি বিরক্তি, ঘুমের ব্যাঘাত, উচ্চ রক্তচাপ এবং হৃদ্স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে এটি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার ঝুঁকিও বাড়াতে পারে। একই সঙ্গে অতিরিক্ত শব্দ পশু-পাখি ও নগর জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে নগরীর সবুজ বেষ্টনী সম্প্রসারণের ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি। তাদের মতে, গাছপালা শব্দের বিস্তার কমাতে প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে। তাই রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে আম, জাম, নিম, সজনে ও অন্যান্য দেশীয় ও উপকারী বৃক্ষের ব্যাপক রোপণ প্রয়োজন।

সংস্থাটি জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীতে শব্দদূষণের মাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করছে। বিভিন্ন সময়ে শব্দদূষণবিরোধী লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক কার্যক্রম ও মানববন্ধনেরও আয়োজন করা হয়েছে।

এদিকে রাজশাহী সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, চালক এবং নগরবাসীকে সম্মিলিতভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় অপ্রয়োজনে হর্ন নয় নীতি কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক শামসুর রাহমান শরীফ বলেন, "একটি পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে শুধু রাস্তা ও অবকাঠামোর উন্নয়ন যথেষ্ট নয়। শব্দদূষণ নিয়ন্ত্রণ, সুশৃঙ্খল যান চলাচল ও পর্যাপ্ত সবুজায়নও সমান গুরুত্বপূর্ণ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%