ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজ সাইবার হামলায় ইরানকে দায়ী


ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজ সাইবার হামলায় ইরানকে দায়ী

ফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ এবং হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করেছে ফরাসি সরকার। গত মাসে সংঘটিত ওই হামলায় দেশের প্রায় ৭০০টি বিক্রয়কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ইরানের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে প্যারিস।

সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ তথ্য জানান। তিনি হামলাটিকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ঘটনায় প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স।

বারো বলেন, ফ্রান্সের ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো এ ধরনের বড় সাইবার হামলা দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত। হামলার জবাবে প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: আজ ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত

প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণাত্মক সাইবার ইউনিট ‘শহিদ কাভে’র প্রধান এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগও নেওয়া হয়েছে।

ফরাসি তদন্তকারীদের দাবি, হামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত অবকাঠামো, ফারসি ভাষার ব্যবহার এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইন্টারনেট ঠিকানার সূত্র ধরে ওই সাইবার ইউনিটের সম্পৃক্ততা শনাক্ত করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন সুপারশপে ব্যবহৃত হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। হ্যাকাররা দূর থেকে এসব যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে প্রায় ৭০০টি বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। ফলে বিপুল পরিমাণ খাবার ফেলে দিতে হয়।

ক্যারফুর, মনোপ্রি, ইন্টারমার্শে ও কোপেরাতিভ ইউর মতো বড় সুপারশপগুলোও এ হামলার শিকার হয়। এসব প্রতিষ্ঠানের অনেক শীতলীকরণ যন্ত্রে ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি প্রযুক্তি ব্যবহার করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে দূর থেকেই ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন: রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ

এদিকে চলতি মাসের শুরুতে ইউরোপের আরও কয়েকটি দেশে সুপারশপের ফ্রিজ ও শীতলীকরণ ব্যবস্থায় একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এসব হামলার সঙ্গে ফ্রান্সের ঘটনার একই গোষ্ঠীর সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করা হয়নি। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্যস্ত ফুটবল সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


নভেম্বরে আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্যস্ত ফুটবল সূচি

নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতির সময় আর্জেন্টিনা ও ব্রাজিল ব্যস্ত সূচিতে থাকবে। দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি দুটি করে প্রীতি ম্যাচ খেলবে। লিওনেল মেসি-পরবর্তী সময়ের আর্জেন্টিনা নিজেদের শক্তি যাচাই করবে উরুগুয়ে এবং কোস্টারিকার বিরুদ্ধে। অন্যদিকে, ব্রাজিল কার্লো আনচেলত্তির নেতৃত্বে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে।

আন্তর্জাতিক বিরতির সময় আর্জেন্টিনা দুটি ম্যাচই নিজেদের মাঠে আয়োজন করবে। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস আইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচের সময় এখনও ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, ব্রাজিল এশিয়া সফরে দুটি ম্যাচ খেলতে যাচ্ছে। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

এরপর ১৭ নভেম্বর একই মাঠে স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে আনচেলত্তির দল খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সত্যিটা জানলে সমর্থকরা আমাকে দুয়ো দিত না: বেন হোয়াইট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


সত্যিটা জানলে সমর্থকরা আমাকে দুয়ো দিত না: বেন হোয়াইট

কাতার বিশ্বকাপ চলাকালীন হঠাৎ করেই ইংল্যান্ডের ক্যাম্প ছেড়ে ঘরের পথে চলে গিয়েছিলেন আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইট। চার বছর পেরিয়ে গেলেও এই ঘটনার উপর গুঞ্জন থেমে নেই। हाल ही में এক সাক্ষাৎকারে বেন হোয়াইট বলেছেন, যদি সমর্থকরা তৎকালীন ঘটনার ‘পূর্ণাঙ্গ সত্য’ জানতে পারতেন, তবে তাকে স্টেডিয়ামে দাঁড়িয়ে তিরস্কার বা দুয়ো দেওয়ার প্রয়োজন হতো না। তিনি জানান, কাউকেই বিপদে ফেলতে বা ‘বলির পাঁঠা’ বানাতে চান না, এজন্য পুরো বিষয়টি এখনও গোপন রেখেছেন এই ২৯ বছর বয়সী তারকা।

কাতারে তৎকালীন সহকারী কোচ স্টিভ হোল্যান্ডের সঙ্গে তীব্র বাগবিতণ্ডা ও মনোমালিন্যের কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে মাঝপথেই ক্যাম্প ছেড়ে গিয়েছিলেন হোয়াইট। এরপর গ্যারেথ সাউথগেটের পুরো মেয়াদজুড়ে থ্রি লায়ন্সদের জার্সিতে আর নিজেকে সামনে আনেননি তিনি। তবে গ্যারেথ সাউথগেটের অধ্যায় শেষে থমাস টুচেলের অধীনে চলতি বছরের মার্চে জাতীয় দলে ফিরে আসেন এই ডিফেন্ডার। যদিও ইনজুরির কারণে এ বছরের গ্রীষ্মের বিশ্বকাপ মিস করতে হয়েছিল তাকে। বর্তমানে তিনি নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোর জন্য ইংল্যান্ড স্কোয়াডে রয়েছেন, যেখানে আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার এবং রোববারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

টকস্পোর্ট ও বিবিসি রেডিও ফাইভ লাইভকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে হোয়াইট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অতীতের সেই কঠিন সিদ্ধান্ত নিয়ে আজও তার কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি কখনো বিস্তারিত কথা বলিনি এবং আজও গভীরে যাব না। এটি এমন এক সিদ্ধান্ত, যার নেতিবাচক কোনো দিক নিয়ে আমি কথা বলতে চাই না কিংবা কাউকে বলির পাঁঠা বানাতে চাই না। পরিস্থিতি তখন মোটেও আদর্শ ছিল না, তবে আজ ফিরে তাকালেও আমি সম্ভবত একই সিদ্ধান্তই নিতাম। কারণ সেসময় অনেক ঘটনা ঘটেছিল এবং পারস্পরিক যোগাযোগের অবস্থা একেবারেই ভালো ছিল না।’

তিনি আরো বলেন, ‘অন্যদের অনেকেই অতীতে আমার সঙ্গে অন্যায় করার চেষ্টা করেছে, কিন্তু আমি সেই পথ বেছে নেব না। কারো প্রতি সেই নোংরা আচরণ করতে চাই না। অতীতে আমি একটু তরুণ ছিলাম, এখন কিছুটা পরিপক্ব হয়েছি। আমি সবসময় বাস্তববাদী এবং যা সঠিক মনে করেছি, সেটাই করেছি।’

উল্লেখ্য, স্টিভ হোল্যান্ডের সঙ্গে হোয়াইটের সেই কথিত দ্বন্দ্বের মূল সূত্রপাত হয়েছিল একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। যেখানে আর্সেনাল ডিফেন্ডার খোলামেলা স্বীকার করেছিলেন যে, তিনি অবসরে টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখতে পছন্দ করেন না। এই বিষয়ে সাফাই গেয়ে হোয়াইট বলেন, ‘অনেকেই বলে আমি নাকি ফুটবল পছন্দ করি না, যা একেবারেই সত্য নয়। আসলে আমি ম্যাচ দেখি না, কারণ পেশাদার জীবনে সারাদিন ফুটবল নিয়ে ব্যস্ত থাকার পর বাসায় ফিরেও সেই কাজ চালিয়ে যাওয়াটা আমার কাছে স্বাভাবিক মনে হয় না। এই নিবিড় পেশাগত চাপ থেকে মানসিকভাবে মুক্ত থাকতেই আমার এই বিরতি প্রয়োজন হয়।’

এদিকে থমাস টুচেলের অধীনে জাতীয় দলে কামব্যাক করার পর থেকেই দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে হোয়াইটকে। উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সময় তাকে দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল। তবে মাঠে নেমেই চমৎকার এক গোল করার পাশাপাশি প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে পুরো রাতটি নাটকীয়তায় ভরে তুলেছিলেন তিনি।

দর্শকদের দুয়ো দেওয়া প্রসঙ্গে হোয়াইট বলেন, ‘ম্যাচের আগে আমি ভেবেছিলাম কোনো ঝামেলায় না জড়িয়ে সহজভাবে ম্যাচটা পার করতে চাই। কিন্তু মাঠে নামার পরই যখন দুয়ো শুনতে পেলাম, ঠিক তার পরেই গোল করলাম এবং পরে আবার পেনাল্টি দিয়ে বসলাম—সব মিলিয়ে রাতটি বেশ আবেগঘন ছিল। দর্শকরা যা খুশি তাই করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি বিশ্বাস করি, তারা যদি ঘটনার পেছনের পূর্ণাঙ্গ সত্যটা জানতে পারত, তবে হয়তো আজ আর কেউ আমাকে দুয়ো দিত না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার, ১৪ কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার, ১৪ কিশোর আটক

কুষ্টিয়া শহরের বাসার সামনে দুপুরের বেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর ইমন হোসেনকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার পর সে নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এদিকে, এই বর্বরোচিত ঘটনার পরপরই শহরজুড়ে পরিচালিত কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে জেলা পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইমন হোসেন পাটিকাবাড়ী এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন হোসেন সবার ছোট।

গতকাল সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী শহরের একটি স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় পেছন থেকে আকস্মিকভাবে এসে এক কিশোর (ইমন) তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ওই শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত হামলাকারীকে শনাক্ত করে পুলিশ দ্রুত অভিযানে নামে। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত কিশোর কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা এবং সে একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ও বড় ভাই বিদেশে থাকায় সে মায়ের সঙ্গেই ওই বাড়িতে বসবাস করত।

হামলার ঘটনার পরপরই নিজের বাড়ির মূল ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যায় সে। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পায়নি। তবে পলাতক থাকা অবস্থায় পুলিশের নিরবচ্ছিন্ন নজরদারি ও সাঁড়াশি অভিযানের মুখে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর ছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরও একটু সুস্থ হয়ে উঠলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।

এদিকে প্রকাশ্যে স্কুলছাত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতের ঘটনায় পুরো শহরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। সোমবার রাতে কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে বিশেষ অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মোট ১৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান। এর আগে রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিনা আক্তার (৫২), তাঁর মেয়ে নাজমা বেগম (২৪) ও আবুল হোসেন (৪৮)। নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।

রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে আবারও বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসেন। পরে ছুরি নিয়ে ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসতঘরের সামনে যান। তখন মনা বাড়ির দরজার সামনে বসে মুঠোফোন ব্যবহার করছিলেন। এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। হামলাকারীরা তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ইমরান খান আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে সোমবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%