ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট ১ হাজার ২৯৫ জন


হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট ১ হাজার ২৯৫ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

এবারের ঘটনায় চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। ফলে হাম ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ১ হাজার ২৯৫ জনে পৌঁছেছে।

বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ক্যান্সার মোকাবিলায় কার্যকর চিকিৎসাব্যবস্থা গড়ার আহ্বান বিএমইউ উপাচার্যের

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৮৬ জন, চট্টগ্রামে ২৮৬ জন, বরিশালে ১০৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ১০৮ জন এবং রংপুরে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭২৩ জন।

আরও পড়ুন: সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংসদে নতুন বিল উত্থাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর ঝোপঝাড়ে মিলল হামিদুল ইসলামের অর্ধগলিত লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর ঝোপঝাড়ে মিলল হামিদুল ইসলামের অর্ধগলিত লাশ

রাজধানীর ডেমরায় নিখোঁজের ৪ দিন পর ঝোপঝাড় থেকে প্রতিবন্ধী হামিদুল ইসলামের (১৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ (১৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ডেমরার নড়াইবাগে বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠের পাশে ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপপরিদর্শক শায়ক খসরু। তিনি জানান, হামিদুল ছিল প্রতিবন্ধী। চারদিন ধরে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার। নিখোঁজের পরদিন থানায় জিডি করা হয়েছিল।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তের পর আরিফ নামের একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হামিদুল ইসলাম বরিশালের কাজিরহাটের বাবুল আকন্দের ছেলে। বর্তমানে ডেমরার নড়াইবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজিজুল হক কলেজে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


আজিজুল হক কলেজে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান

সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন ক্যাম্পাসের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কলেজের ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন সংলগ্ন খেলার মাঠে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

টুর্নামেন্ট চলাকালীন মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন কাগজের টুকরো, পলিথিন, চিপস ও প্লাস্টিকের প্যাকেট সংগঠনের কর্মীরা কুড়িয়ে নির্দিষ্ট ঝুড়িতে জমা করেন। এর ফলে খেলার মাঠটি ময়লামুক্ত ও পরিচ্ছন্ন হয়ে ওঠে।

বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সমন্বয়ক এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমানের দিকনির্দেশনায়, সংগঠনের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালীন শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন সংগঠনের উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আসাদুল্লাহ আল-গণি। তিনি মন্তব্য করেন, "শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলার আনন্দ উপভোগ করার পাশাপাশি পরিবেশ সচেতনতার এই বার্তা পুরো ক্যাম্পাসে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি বসুন্ধরা শুভসংঘের এই মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।"

এ সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্যসচিব রাফিউল আল-আমিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সেক্রেটারি আবির হোসেন।

এছাড়া, বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালহা, আরাফাত আবির স্বচ্ছ, মিশকাত আলী, জান্নাতুন ফেরদৌস জুঁই, আব্দুল্লাহ, স্বর্ণা সাহা, তাসফিয়া তাসনিম ও রোজিনা খাতুনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অভিযানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কঠোরভাবে সতর্ক করেছেন যে, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং নাগরিক সেবা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। তিনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।

বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পৌর এলাকার মূল সমস্যা তুলে ধরে মীর শাহে আলম বলেন, "বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান দায়িত্ব হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই।" তিনি উল্লেখ করেন যে, যত্রতত্র খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখার ফলে সরকারের মাস্টারপ্ল্যানের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দ্রুত সীমানা প্রাচীর ও প্রয়োজনীয় অবকাঠামোসহ আধুনিক ল্যান্ডফিল গড়ে তুলতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ ও সার উৎপাদন করা যায়।

গুরুত্বপূর্ণ এই কর্মশালায় দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "সরকার বিপুল অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে, অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা এতে অংশ নেননি।" কর্মকর্তাদের এই ধরনের অপেশাদার ও উদাসীন আচরণ পুরো আয়োজনের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেন তিনি।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, "বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাস্টারপ্ল্যানের তালিকায় বড় ধরনের স্বজনপ্রীতি করা হয়েছে, যার কারণে অনেক যোগ্য ও গুরুত্বপূর্ণ পৌরসভা এর সুফল থেকে বঞ্চিত হয়েছে।" মূলত জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই সুবিধার আওতায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বর্তমানে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি কর্মকর্তাদের কেবল রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের খেলার পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেন।

নাগরিক সেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, "জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা ইচ্ছাকৃতভাবে আটকে রেখে বা জটিলতা তৈরি করে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।" এছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য পাঠানো সরকারি বরাদ্দ ফেলে রাখা পৌরসভাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির তথ্য জানিয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আগামী চার বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এর অংশ হিসেবে চলতি বছরই ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৪১ লাখ নারীকে এই সহায়তার আওতায় আনা হচ্ছে। এছাড়া তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে ইংরেজি ভাষার পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। পাশাপাশি সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানী প্রদান এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রভাব মূল্যায়নের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

তিনি বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছান।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগগুলো নিয়ে আলোচনা করা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তাদের, নাগরিক সমাজের প্রতিনিধিদের, ভুক্তভোগী এবং বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

তার সফরসূচির মধ্যে ঢাকায় একাধিক বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে, তিনি আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিশেষ র‍্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

৮ দিনের সফরের মধ্যে রোহিঙ্গা সংকট, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং মিয়ানমারের সশস্ত্র সংঘাতের প্রভাব পর্যালোচনা করার কাজও করবেন তিনি।

এদিকে, আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%