ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি


বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কঠোরভাবে সতর্ক করেছেন যে, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং নাগরিক সেবা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। তিনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।

বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পৌর এলাকার মূল সমস্যা তুলে ধরে মীর শাহে আলম বলেন, "বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান দায়িত্ব হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই।" তিনি উল্লেখ করেন যে, যত্রতত্র খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখার ফলে সরকারের মাস্টারপ্ল্যানের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দ্রুত সীমানা প্রাচীর ও প্রয়োজনীয় অবকাঠামোসহ আধুনিক ল্যান্ডফিল গড়ে তুলতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ ও সার উৎপাদন করা যায়।

আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ

গুরুত্বপূর্ণ এই কর্মশালায় দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "সরকার বিপুল অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে, অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা এতে অংশ নেননি।" কর্মকর্তাদের এই ধরনের অপেশাদার ও উদাসীন আচরণ পুরো আয়োজনের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেন তিনি।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, "বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাস্টারপ্ল্যানের তালিকায় বড় ধরনের স্বজনপ্রীতি করা হয়েছে, যার কারণে অনেক যোগ্য ও গুরুত্বপূর্ণ পৌরসভা এর সুফল থেকে বঞ্চিত হয়েছে।" মূলত জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই সুবিধার আওতায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বর্তমানে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি কর্মকর্তাদের কেবল রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের খেলার পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেন।

নাগরিক সেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, "জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা ইচ্ছাকৃতভাবে আটকে রেখে বা জটিলতা তৈরি করে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।" এছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য পাঠানো সরকারি বরাদ্দ ফেলে রাখা পৌরসভাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির তথ্য জানিয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আগামী চার বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এর অংশ হিসেবে চলতি বছরই ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৪১ লাখ নারীকে এই সহায়তার আওতায় আনা হচ্ছে। এছাড়া তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে ইংরেজি ভাষার পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। পাশাপাশি সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানী প্রদান এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রভাব মূল্যায়নের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

তিনি বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছান।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগগুলো নিয়ে আলোচনা করা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তাদের, নাগরিক সমাজের প্রতিনিধিদের, ভুক্তভোগী এবং বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

তার সফরসূচির মধ্যে ঢাকায় একাধিক বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে, তিনি আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিশেষ র‍্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

৮ দিনের সফরের মধ্যে রোহিঙ্গা সংকট, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং মিয়ানমারের সশস্ত্র সংঘাতের প্রভাব পর্যালোচনা করার কাজও করবেন তিনি।

এদিকে, আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসিক প্রকৌশলী দেবব্রত তালুকদারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


সিসিক প্রকৌশলী দেবব্রত তালুকদারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া, ঠিকাদার নির্বাচন, বিল প্রস্তুত ও পরিশোধ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একাধিক অভিযোগ উঠেছে। তাঁর সম্পদের উৎস, সরকারি দায়িত্ব পালনে ভূমিকা এবং বিভিন্ন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

অভিযোগকারীদের দাবি, মাসিক প্রায় ৪৫ হাজার টাকা বেতনে চাকরি করেও দেবব্রত তালুকদার দেবু বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট নগরের অভিজাত কাজলশাহ এলাকায় তাঁর ছয়তলা বাড়ি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ ছাড়া তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের নামে বিভিন্ন ব্যাংকে বিপুল অঙ্কের স্থায়ী আমানত (এফডিআর) থাকার অভিযোগও রয়েছে।

সিসিকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের ভাষ্য, সড়ক ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজে নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতে কমিশনভিত্তিক প্রভাব খাটানো হতো। দরপত্রের গোপন তথ্য আগাম সরবরাহ এবং কাজের প্রকৃত পরিমাণের সঙ্গে অসংগতিপূর্ণ বিল প্রস্তুতে সহযোগিতার অভিযোগও করেছেন তাঁরা।

এ ছাড়া নগরের বিভিন্ন বহুতল ভবনের নকশা অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে দৈনিক মজুরিভিত্তিক বা মাস্টাররোল শ্রমিকের সংখ্যা বেশি দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগকারীদের আরও দাবি, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে দেবব্রত তালুকদার দেবু তৎকালীন ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তী সময়েও সিসিকের অভ্যন্তরে প্রভাব বজায় রাখার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ অবস্থায় প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুর নামে ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বৈধ উৎস, ব্যাংক হিসাব, স্থায়ী আমানত এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।


তবে এসব অভিযোগের বিষয়ে দেবব্রত তালুকদার দেবুর বক্তব্য জানতে চাইলে, অভিযোগগুলো সত্য নয় বলে দাবি করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ন্যাটালি বেকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ন্যাটালি বেকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন। এই নিয়োগ চূড়ান্ত হওয়ার জন্য এখন কেবল মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন।

বর্তমানে ন্যাটালি বেকার পাকিস্তানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমের দায়িত্ব ছাড়ার পর এই ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

ন্যাটালি বেকারের দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিনি কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন, যেখানে তিনি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় সহায়তা করেন।

পরবর্তীতে, তিনি লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশেষ করে, ২০১১ সালের লিবিয়ায় বিপ্লবের সময় চরম নিরাপত্তাহীনতার মধ্যেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মার্কিন দূতাবাসে অবস্থান করেছিলেন।

এছাড়াও, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক, কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের শুরুর দিকে পাকিস্তানের ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে।

বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং বিভিন্ন আঞ্চলিক কৌশলগত ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ঠিক সেই সময়ে ন্যাটালি বেকারকে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন ট্রাম্প। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানের মার্কিন মিশনের দায়িত্ব নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঘটে যাওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর ফ্লাইওভার ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।

নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছেন। তবে তাদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন গাজীপুরা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। সফিপুর ফ্লাইওভারের ওপর পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। খবর পেয়ে নিহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%