ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ইরানে নতুন হামলা ও নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা যুক্তরাষ্ট্রের


ইরানে নতুন হামলা ও নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা যুক্তরাষ্ট্রের

 যুক্তরাষ্ট্র এবার নতুন করে হামলা চালিয়েছে ইরানে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছেন।

এখন, ইরানের প্রতিক্রিয়া হিসেবে তেহরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে হামলা শুরু করেছে।

ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে এখনও চুক্তির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এল-সায়েদের জয়ে উচ্ছ্বসিত মুসলিমরা, তবে ধর্মের কারণে নয়

এপ্রিলের যুদ্ধবিরতির পর, সংঘাত এখন আবারও তীব্র হয়ে উঠেছে।

সংযুক্ত আরব আমিরাতের তথ্য অনুযায়ী, ইরান কৌশলগত জলপথে দুটি জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা করেছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও মঙ্গলবার জানায়, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরও একটি তেলবাহী জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: দুর্যোগের পর ৮০% শিশু অসুস্থ, ৪৯% স্কুল বন্ধ: সেভ দ্য চিলড্রেন

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, পাঁচ ঘণ্টার অভিযানে উপকূলীয় বুশেহর ও বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

তাদের ভাষায়, এর উদ্দেশ্য ছিল ‘বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা।’

গত সপ্তাহ থেকে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

ইরানি গণমাধ্যম ও সরকারি ঘোষণার ভিত্তিতে এএফপি’র হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দিলেন নাসার তিন নভোচারী

হামলার পর, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেখানে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি আবাসিক ভবনসহ একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পরে বাহরাইন জানায়, তারা ইরান থেকে ছোড়া কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। মানামায় বিস্ফোরণ ও সাইরেন শোনার পর, তেহরানের বিরুদ্ধে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলে দেশটি।

হরমুজ প্রণালীতে অবরোধ ফেরানোর ট্রাম্পের ঘোষণা এবং নতুন করে সংঘাতের ব্যাপক বিস্তারের ফলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টাকে অনিশ্চিত করে তুলেছে।

-যুদ্ধ ঘোষণা-

আরও পড়ুন: আবার নতুন সকাল এসেছে-ডেমোক্র্যাটদের জয়ী বলে মন্তব্য মামদানি

ট্রাম্প সোমবার বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ‘নিয়ন্ত্রণ নিচ্ছে’ এবং এ পথ দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ কর আরোপ করবে।

ইরান এ ঘোষণাকে উপহাস করেছে এবং একে ‘জলদস্যুতা’ বলে উল্লেখ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ৮টা থেকে হরমুজ জলপথে ইরানের বন্দরগুলো অবরোধ করা হবে।

সংঘাত ফের তীব্র হওয়ার আশঙ্কায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে যায়। মঙ্গলবার দাম আরও ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

তেহরান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশের ওপরও হামলা চালিয়েছে।

জর্ডান জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তাদের হামলা একটি বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো হয়েছে। একই সাথে জর্ডানের জনগণকে ‘অঞ্চল থেকে দখলদার মার্কিন ঘাঁটি অপসারণের জোরালো দাবি’ জানানোর আহ্বান জানানো হয়েছে।

ইরান দাবি করে, তারা কেবল উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করছে।

আরও পড়ুন: ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ

তবে দেশটির সামরিক কমান্ডের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর যেকোনো সহযোগিতা ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচিত হবে।

হোয়াইট হাউস এএফপিকে নিশ্চিত করেছে, ট্রাম্প গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করেছে। এর ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পেন্টাগনকে আরও ৬০ দিন ওই অঞ্চলে অভিযান চালানোর সুযোগ দেওয়া হয়েছে।

হরমুজ ইস্যুর পাশাপাশি, ট্রাম্প নাতাঞ্জের কাছে অবস্থিত গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসেরও হুমকি দিয়েছেন।

পশ্চিমা গোয়েন্দাদের সন্দেহ, সেখানে ইরান ঘোষণা বিহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইতকে ট্রাম্প বলেন, ‘ইরানিদের প্রস্তুত থাকতে বলুন। তাদের জানিয়ে দিন, আমরা আসছি। আর তারা এ ব্যাপারে কিছুই করতে পারবে না।’

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে পরিচিত করা হবে এবং এ জলপথ দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপ করা হবে।

তিনি বলেন, ইরানের বন্দরগুলো আবার অবরোধ করা হলেও ‘অন্য সব দেশ ন্যায্য ও উন্মুক্তভাবে প্রণালীটি ব্যবহার করতে পারবে।’

এর জবাবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, নিরাপদ চলাচল নিশ্চিতকারী পক্ষ পারিশ্রমিক পাবে— এ বিষয়ে ট্রাম্প ‘সম্পূর্ণ সঠিক।’ তবে তেহরান কম হারে ফি নেবে বলে জানান তিনি এবং বলেন, ‘২০ শতাংশ অবশ্যই খুব বেশি।’

মঙ্গলবার নিরাপত্তা কমিটির প্রধান জানান, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে একটি বিলের কাজ শুরু করেছে ইরানের পার্লামেন্ট।

আন্তর্জাতিক আইনে সাধারণত প্রণালীতে টোল আরোপের সুযোগ না থাকায়, ওয়াশিংটন তেহরানের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে।

তবে সব উত্তেজনার মধ্যেও ট্রাম্প সোমবার বলেন, যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহৃত জুনের সমঝোতা স্মারক এখন ‘সংকটে’ রয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন চুক্তির বাধ্যবাধকতা উপেক্ষা করলে ইরানও তা মানবে না।

তবে উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে কাতার, পাকিস্তান ও ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

চ্যাথাম হাউসের সহযোগী গবেষক বাদর আল-সাইফ বলেন, বাড়তে থাকা হামলা, স্থায়ী সমঝোতাকে কেবল বিলম্বিত করবে।

তিনি বলেন, ‘দুই পক্ষই নিজেদের শর্তে অচলাবস্থা শেষ করতে চায়। কিন্তু তা ক্রমেই কঠিন হয়ে উঠছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় মানুষ কষ্ট পাচ্ছেন: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


বন্যায় মানুষ কষ্ট পাচ্ছেন: হাসনাত

বন্যায় মানুষ কষ্ট পাচ্ছেন এবং মন্ত্রীরা বিদেশে ভ্রমণ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

জুলাই পদযাত্রা উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এক পথসভায় হাসনাত এ মন্তব্য করেন।

বন্যা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে এই বছর ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন: এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে খাল উদ্ধার অভিযানে উচ্ছেদ ৫ অবৈধ স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


কেরানীগঞ্জে খাল উদ্ধার অভিযানে উচ্ছেদ ৫ অবৈধ স্থাপনা

ঢাকার কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টায় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের রামেরকান্দা এলাকায় খাড়াকান্দি খালের মুখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এই অভিযানে সহায়তা করেন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

অভিযানে খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের ওপর গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনার মালিকদের নোটিশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, ‘সরকারের খাল খনন ও খাল উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কেরানীগঞ্জের সব খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় খাড়াকান্দি খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যেসব অবৈধ স্থাপনা এখনো রয়েছে, সেগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের বল এবং শাকিরার পোশাক নিলামে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ফাইনালের বল এবং শাকিরার পোশাক নিলামে উঠছে

বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর কিছু জিনিস এবার নিলামে উঠতে চলেছে।

ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল, শাকিরার পারফরম্যান্সের পোশাক এবং লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সিসহ বিভিন্ন মূল্যবান স্মারক বিক্রি করবে নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

এসবে বিক্রি থেকে যে অর্থ আসবে, তা ব্যয় করা হবে বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে।

ফিফা বিশ্বকাপ-সংশ্লিষ্ট নানা স্মারক নিয়ে বিশেষ নিলামের আয়োজন করেছে নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

মঙ্গলবার (১৪ জুলাই) ঘোষণা করা তথ্যমতে, এই অনলাইন নিলাম শুরু হবে আগামী ২২ জুলাই এবং চলবে এক সপ্তাহ পর্যন্ত।

এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বকাপ চলাকালে বিশ্বের শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যে কাজ করছে এই উদ্যোগ।

নিলামের সবচেয়ে আকর্ষণীয় সামগ্রীর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’–এর মিউজিক ভিডিওতে কলম্বিয়ান পপ তারকা শাকিরা যে হলুদ ক্রপ টপ ও ট্রাউজার পরিধান করেছিল, তা।

এছাড়া, বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হাফটাইম শোতে শাকিরা যে পোশাক পরবেন, সেটিও নিলামে তোলা হবে। এই জমকালো আয়োজনে Shakira-এর সঙ্গে উপস্থিত থাকবেন ম্যাডোনা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

নিলামে বিক্রি হবে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বলও। এর মধ্যে রয়েছে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত বল এবং গত মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের বল।

এছাড়া, নিলামে থাকবে লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি এবং যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সঠিক তথ্য প্রচার ও অপতথ্য প্রতিরোধে আহ্বান তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


সঠিক তথ্য প্রচার ও অপতথ্য প্রতিরোধে আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য ব্যবস্থাপনাকে ‘অক্সিজেন’-এর সঙ্গেও তুলনা করা যায়। তাই যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকা হল সরকারের জন্য একটি ‘এসিড টেস্ট’ যার মাধ্যমে তাদের দায়িত্বশীলতা প্রতিফলিত হবে।

দুর্যোগের এই মুহূর্তে সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা এবং প্রতিদিনের কাজের হিসাব দিতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তাদের (ডিআইও) সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন। এখানে দেশের সব জেলা তথ্য কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে তাদের মতামত নিচ্ছিলেন তথ্যমন্ত্রী।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. এম এ জলিলের মত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘তথ্য ব্যবস্থাপনা হচ্ছে অক্সিজেনের মতো। বাতাস দূষিত হলে বা পর্যাপ্ত বাতাস না থাকলে জীবন সংকটে পড়ে, তেমনি সমাজে অপতথ্য বা ভুল তথ্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এ প্রবাহ যাতে কলুষিত না হয়, তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। যদি আমরা প্রতিদিন অন্তত ২০টি ভুল তথ্য বা গুজব চিহ্নিত করতে পারি এবং তা প্রতিরোধের ব্যাপারে জাতিকে জানাতে পারি, তবেই জনগণ সচেতন হবে এবং মন্ত্রণালয়ের কাজের সার্থকতা আসবে।’

তিনি আরও বলেন, ‘এখন তথ্যের উৎস কেবল প্রিন্ট বা সম্প্রচার মাধ্যম নয়, ডিজিটাল প্ল্যাটফর্মও একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সুতরাং আমাদের সনাতন প্রচার পদ্ধতির গণ্ডি পেরিয়ে দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের কার্যকরী উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

ব্রিফিং চলাকালে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের সাতটি বন্যা কবলিত জেলার তথ্য কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠপর্যায়ের কার্যক্রমের খোঁজ-খবর নেন তিনি।

তিনি এই সাতটি জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি ‘বিশেষ ইমার্জেন্সি টিম’ গঠন করার জন্য গণযোগাযোগ অধিদফতরের (ডিএমসি) মহাপরিচালককে নির্দেশ দেন। এই টিম ২৪ ঘণ্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত থাকবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিবেদনে বস্তুনিষ্ঠ ও সংখ্যাভিত্তিক ডেটা বা পরিসংখ্যান পাঠাতে হবে। প্লাবিত গ্রাম, পানিবন্দি মানুষ, সাপে কাটার সামগ্রিক পরিস্থিতি ও ত্রাণ বিতরণের নিখুঁত হিসাব প্রতিদিন পাঠাতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে পাঠানো ডেটা ক্রস-চেক করা হবে।’

দুর্যোগকালীন সময়ে জনগণের সাথে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিন দুর্যোগ পরিস্থিতি ও সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সমন্বিত ‘নিয়ন্ত্রণ কক্ষ’ কাজ করবে।

মন্ত্রী বলেন, ‘অন্যান্য মন্ত্রণালয়ের কাজ যেখানে দৃশ্যমান বা অবকাঠামোগত, আমাদের কাজ মূলত ডিজিটাল ও মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক তথ্য দিয়ে জনগণকে স্বস্তির মধ্যে রাখা। দুর্যোগের এই কঠিন পরিস্থিতি আমাদের জন্য একটি এসিড টেস্ট।’

ব্রিফিংয়ে ভার্চুয়ালি যুক্ত মাঠপর্যায়ের কর্মকর্তারা জানান, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বর্তমানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়া সত্ত্বেও পানিবাহিত রোগ প্রতিরোধ, সাপে কাটা থেকে সচেতনতা এবং ত্রাণ বিতরণে যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে জেলা তথ্য অফিস মাঠপর্যায়ে মাইকিং ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে।

তথ্যমন্ত্রী প্রতিকূল পরিস্থিতির মধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%