ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পদত্যাগে সম্মতি জানালেন হাঙ্গেরির রাষ্ট্রপতি


পদত্যাগে সম্মতি জানালেন হাঙ্গেরির রাষ্ট্রপতি

হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস সুলিওক পার্লামেন্টে পাস হওয়া সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করে পদত্যাগে সম্মতি দিয়েছেন। এর ফলস্বরূপ, রোববার মধ্যরাত থেকে তার প্রেসিডেন্টের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

প্রধানমন্ত্রী পেতের মাগইয়ার নেতৃত্বাধীন তিসা পার্টি দ্রুত এই সাংবিধানিক সংশোধনী পার্লামেন্টে পাস করে। দলটির দাবির ভিত্তিতে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুলিওক প্রেসিডেন্ট পদে থেকে পূর্ববর্তী সরকারের প্রভাব বজায় রাখছিলেন। গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ১৬ বছর ক্ষমতায় থাকার পর অরবানের সরকার পরাজিত হয়।

সংবিধান অনুযায়ী, সংশোধনীতে স্বাক্ষরের জন্য সুলিওকের হাতে পাঁচ দিন সময় ছিল। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে তিনি শনিবার সন্ধ্যায় সংশোধনীতে স্বাক্ষর করেন। তবে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার আইনের শাসন লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট বাতিল

সুলিওক বলেন, এই সংশোধনী হাঙ্গেরির সাংবিধানিক গণতন্ত্রের জন্য একটি 'টার্নিং পয়েন্ট' এবং রাজনৈতিক ক্ষমতার স্বার্থে একটি মুক্ত সমাজের মৌলিক মূল্যবোধ পদদলিত হয়েছে।

ক্ষমতায় আসার পর থেকেই তিসা সরকার সুলিওকের পদত্যাগ দাবি করে আসছিল। নতুন সরকার ইতোমধ্যে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই সাংবিধানিক সংশোধনীকে "স্বৈরাচারী পদক্ষেপ" হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদের আহ্বান জানান।

এপ্রিলের নির্বাচনে বড় পরাজয়ের পর অরবানের দল ফিদেস রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। অরবান নিজেও দীর্ঘদিন জনসমক্ষে খুব কম দেখা দিয়েছেন এবং পার্লামেন্টে নিজের আসনও গ্রহণ করেননি।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ফিদেস সরকার রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান নিজেদের অনুগত ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত করেছে বলে অভিযোগ রয়েছে।

সোমবার পার্লামেন্টে সাংবিধানিক সংশোধনী পাস হওয়ার পর তিসা পার্টির ১৪১ জন সংসদ সদস্য দাঁড়িয়ে করতালির মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান।

এদিকে, হাঙ্গেরির সাবেক সুপ্রিম কোর্টের প্রধান আন্দ্রাস বাকা বিবিসিকে বলেন, প্রেসিডেন্টকে অপসারণের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। তার ভাষায়, ১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত হাঙ্গেরিতে আইনের শাসন কার্যকর ছিল। তবে এরপর ফিদেস ধীরে ধীরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা গড়ে তোলে।

বাকা আরও বলেন, নির্বাচনে পরাজয়ের পরও টিকে থাকার জন্য যে সুসংগঠিত কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করা হয়েছিল, সেটি ভেঙে ফেলা এখন অত্যন্ত কঠিন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের প্রস্তাব ইউনেস্কোর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপলেজায় ত্রাণের চাল চুরির ঘটনায় তোলপাড়: বিএনপি নেতা নাসির ও হাবিবের নাম আসতেই মুখ বন্ধ করলেন দোকানদার!

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক বরিশাল

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ এম


সাপলেজায় ত্রাণের চাল চুরির ঘটনায় তোলপাড়: বিএনপি নেতা নাসির ও হাবিবের নাম আসতেই মুখ বন্ধ করলেন দোকানদার!

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ১১ নম্বর সাপলেজা ইউনিয়নে অতিবর্ষণ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য আসা প্রধানমন্ত্রীর উপহারের চাল চুরির গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের সময় ৬ বস্তা চাল পাচার করে স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে লুকিয়ে রাখার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই চাল চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির খান, সাবেক সভাপতি হাবিবুর রহমান আকন এবং ইউপি প্যানেল চেয়ারম্যান মাহবুব আলমের বিরুদ্ধে। এ ঘটনায় গোয়েন্দা সংস্থার তৎপরতায় চাল জব্দ করা হলেও প্রধান অভিযুক্তদের ভূমিকা নিয়ে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরকারি ত্রাণ বিতরণ ও চাল গায়েবের নেপথ্যে

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকার ৫০০ জন দুস্থ ও প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। সাপলেজা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম নিজে ইউনিয়ন পরিষদ ভবনে উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন।

তবে চাল বিতরণ প্রক্রিয়া চলাকালীন বা তার পরপরই একটি চক্র অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণের ৬ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে কৌশলে সরিয়ে ফেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে—বিএনপি নেতা নাসির খান, হাবিবুর রহমান আকন এবং প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম মিলে সরকারি এই ত্রাণের চাল পাচার করেন। পরে তা সাপলেজা বাজারের ব্যবসায়ী খলিলের দোকানে এনে গোপনে মজুত করে রাখা হয়।

গোয়েন্দা অভিযান ও চাল জব্দ

প্রধানমন্ত্রীর উপহারের চাল পাচার ও চুরির গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) স্থানীয় কর্মকর্তা মামুন। তিনি সাপলেজা বাজারের খলিলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সরকারি চালের বস্তাগুলো হাতেনাতে আটক ও জব্দ করেন।

অভিযানের বিষয়ে ডিজিএফআই কর্মকর্তা মামুন তালাশ বিডিকে জানান, "আমরা নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে সাপলেজা বাজারের খলিলের দোকানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সরকারি ত্রাণের ৬ বস্তা চাল আটক করি। তবে দোকানদার খলিল আমাদের কাছে দাবি করেছেন, বৃষ্টির কারণে ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করতে চালগুলো সাময়িকভাবে তার দোকানে এনে রাখা হয়েছিল। তবে দোকানদারের এই বক্তব্যের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, কিংবা কোনো প্রভাবশালী মহলের ভয়ভীতি ও চাপের মুখে তিনি এই কথা বলছেন কি না—তা আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।"

সরকারি ত্রাণের চাল চুরির মতো স্পর্শকাতর বিষয়ে নাম জড়িয়ে পড়ায় বিএনপি নেতা নাসির খান ও প্যানেল চেয়ারম্যান মাহবুব আলমের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ও সমালোচনার ঝড় বইছে। এদিকে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য জানতে ঘটনার অন্যতম মূল অভিযুক্ত হাবিবুর রহমান আকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবং তার এই রহস্যজনক নীরবতার কারণে চাল চুরির অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হকের চাল যারা এভাবে প্রকাশ্য দিবালোকে চুরি বা পাচার করতে পারে, তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাপলেজা ইউনিয়নের সাধারণ মানুষ।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি চাল আত্মসাৎ বা অপব্যবহারের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহিদ রিজভীর স্মরণে ইবিতে ছাত্র ইউনিয়নের মোমবাতি প্রজ্বলন

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ এম


শহিদ রিজভীর স্মরণে ইবিতে ছাত্র ইউনিয়নের মোমবাতি প্রজ্বলন

জুলাই গণঅভ্যুত্থানে মাহমুদুল হাসান রিজভীর সহ সকল শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নেতাকর্মীরা৷ শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, কোষাধ্যক্ষ রাহাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজ, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সবুজ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা৷

এসময় ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সহযোদ্ধা মাহমুদুল হাসান রিজভী সহ যারা চব্বিশের আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন, আমদের সর্বশক্তি দিয়ে তাদের প্রত্যাশাকে পূরণ করার চেষ্টা করব। ছাত্র ইউনিয়ন একটি বৈষম্যহীন সমাজ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সমাজতান্ত্রিক প্রগতিশীলতায় আরও সুখী ও সমৃদ্ধশীল দেশ হোক।

উল্লেখ্য, শহিদ মাহমুদুল হাসান রিজভী ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহিদ হয়েছেন। তিনি উত্তরা থানা শাখা ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে ‘ভুলতে না পারার’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ এম


যুক্তরাষ্ট্রকে ‘ভুলতে না পারার’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা অব্যাহত রাখে তবে ওয়াশিংটনকে ‘ভুলে না যাওয়ার মতো শিক্ষা’ দেয়ার জন্য হুঁশিয়ারি প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের প্রসঙ্গে অভিযোগ তুলেছেন।

শনিবার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মোজতবা খামেনির নামে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে বলা হয়, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গ করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষর এখন ‘সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ’ হয়ে গেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ‘মহা শয়তান’ কর্তৃক বারবার চুক্তিভঙ্গ আবারও সবার কাছে প্রমাণ করেছে যে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর। চাপ, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকান আদর্শ ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমেরিকা যদি যুদ্ধ উসকে দিয়ে আরও ক্ষতি ও অপমান ডেকে আনতে চায়, তবে তাদের জানা উচিত—ইরানের জনগণ এবং প্রতিরোধ জোট তাদের এমন শিক্ষা দেবে, যা তারা কখনও ভুলতে পারবে না।’

এদিকে, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

রোববার (১৯ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলার ফলশ্রুতিতে ইরানের কেশম দ্বীপের কাছে একটি স্থানে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোর ওপর কোনো ক্ষতি হয়নি।

এর আগের দিন শনিবার (১৮ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন, একজন নিখোঁজ রয়েছেন। আহত চার সেনাকে হাসপাতালে নেয়া হলেও তারা পরে আবার দায়িত্বে ফিরে গেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং বলেছেন, এই মৃত্যু ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রবন্দরে জারি ৩ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ এম


সমুদ্রবন্দরে জারি ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে যার প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ (১৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%