০৫:৪১ পি.এম
শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ফুটপাত ও সড়ককে দখলমুক্ত রাখার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
বুধবার, ১ জুলাই ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে আয়োজিত এই অভিযানে স্কুলের আশপাশে অবস্থানরত বখাটেদের সরিয়ে দেওয়া হয়েছে এবং ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।
অভিযান চলাকালীন ফুটপাত ও সড়কের ওপর নির্মিত অবৈধ দোকানপাট এবং অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে স্কুলসংলগ্ন সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
এ সময় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা করা হয় এবং ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসি জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত এবং উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলা হয়েছে, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে অবৈধ দখল থেকে বিরত থাকা এবং জনস্বার্থে পরিচালিত অভিযানে সহযোগিতা করা সবার দায়িত্ব।
আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন