১০:২৬ পি.এম
বরিশালে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’-পার্টনার প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের-ডিএই উদ্যোগে নগরীর কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্ল্যানিং, পলিসি এবং কো-অর্ডিনেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল।
সভায় ডিএইর অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন এবং জানানো হয়, বরিশাল বিভাগের ৪৩ উপজেলাসহ দেশের ৪৯৫টি উপজেলা এই প্রোগ্রামের আওতায় রয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে কৃষিতে বাণিজ্যিকীকরণের পাশাপাশি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ৩ লাখ হেক্টর জমিতে ফল ও সবজি, ২ লাখ হেক্টর জমিতে জলবায়ু সহিষ্ণু ধানের জাত, ২ লাখ হেক্টর জমিতে অন্যান্য দানাশস্য ফসল, ডাল ফসল, তেল ফসল এবং উদ্যান ফসলের আবাদ বৃদ্ধি পাবে। একই সাথে ১ লাখ হেক্টর জমিতে উন্নত আধুনিক সেচ এলাকাও বাড়বে। সভায় আরও জানানো হয়, ২০ হাজার তরুণ ও নারী উদ্যোক্তা তৈরি হবে।
এছাড়াও কৃষি সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ ও সংস্কার, গবেষণা ও উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ও সেচ যন্ত্রপাতি, মোবাইল ক্রপ ক্লিনিক, কৃষিকাজে অনুদান, বিপণন ব্যবস্থার মানোন্নয়ন, কৃষক এবং কৃষি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসহ অন্যান্য উন্নয়নমূলক কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি
এই প্রোগ্রামটি বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থা ইফাদ’র আর্থিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের ৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৮ সালের ৩০ জুন বাস্তবায়ন করা হবে। কৃষি মন্ত্রণালয়ের ৮টি প্রতিষ্ঠান এই প্রোগ্রামের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. তৌফিক আরেফীন, ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজউদ্দিন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন