১২:৫৩ পি.এম
বাহরাইন এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলিতে নতুন করে ইরান ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে দেশটি কড়া হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে বিপর্যস্ত করবে।
ইরানের মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরায়নের শেখ ইসা বিমানঘাঁটিতে জ্বালানি মজুত, সরঞ্জাম গুদাম এবং সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা পরিচালিত হয়েছে। পাশাপাশি, জর্ডানের মুওয়াফফাক সালতি বা আল-আজরাক ঘাঁটির উড়োজাহাজের হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসস্থলেও হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা যখন চরমে পৌঁছেছে, তখন তেহরান কূটনৈতিক কার্যক্রমও সমানতালে চালিয়ে যাচ্ছে। শুক্রবার কিরগিজস্তানে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক কাউন্সিলে যোগ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আয়োজক দেশ কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান এবং ইরানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এই বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলন থেকে আব্বাস আরাগচি একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার সের্গেই লাভরভসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা যাচ্ছেন, যারা নিজেদের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে আছেন।
উল্লেখ্য, চীনের উদ্যোগে গঠিত এসসিও মূলত একটি বহুপক্ষীয় সংস্থা। এটি পারস্পরিক আস্থার বৃদ্ধিতে, অর্থনৈতিক উন্নয়নে এবং নতুন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় কাজ করে থাকে, কিন্তু এটি কোনও প্রতিরক্ষামূলক সামরিক জোট নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন