১১:৩৪ পি.এম
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির কারণে দুটি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে এটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার, চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এই অভিযানের সময় সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম দেখা যায়। সেখানে পচা-বাসি খাবার বিক্রি করা হচ্ছিল, পোকা-মাকড়ের উপস্থিতি ছিল, বিড়ালের অবাধ বিচরণ লক্ষ্য করা গিয়েছিল এবং অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্য উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনের অধীনে চার লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে, মানোন্নয়নের উদ্দেশ্যে এবং জনস্বার্থে এই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একই দিন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চাটগাঁও রান্নাঘর নামের একটি প্রতিষ্ঠানও অনিবন্ধিত অবস্থায় ব্যবসায়িক কার্যক্রম চালানোর কারণে হোটেল-রেস্তোরাঁ আইনের অধীনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তা ফরহান ইসলাম জানিয়েছেন, নানা অনিয়ম এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণন করায় উল্লিখিত দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন