বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২৬ পি.এম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আসামি ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, শুনানির সময় আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি।
আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি ভিকটিম মরিয়মের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্তকালে জানা যায়, মরিয়মের বিয়ের আগে থেকেই সংসদ সদস্য নজরুল ইসলামের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থেকে আসামি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে মামলার তদন্তের স্বার্থে আসামির রিমান্ড চাওয়া হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা অত্যন্ত জরুরি।
এর আগে গত বুধবার ওবায়দুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। আর নজরুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এবং দলের সম্ভাব্য একাদশের গোপন তথ্য ফাঁসের ঘটনায় ভারতীয় ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছে।
একটি অনুসন্ধানী প্রতিবেদনে চেন্নাই সুপার কিংসের এক খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, ২০২৫ আইপিএলে ম্যাচের আগে একাদশের তথ্য প্রদান করা হয়েছে। এই বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চেন্নাই সুপার কিংসের একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘আমাদের সামনে বার্ষিক সাধারণ সভা রয়েছে। এর আগে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।’ চেন্নাই কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।
অভিযোগের সূত্র হিসেবে সাবেক ঘরোয়া ক্রিকেটার রাচিত ভাটিয়ার নাম উঠে এসেছে। অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চেন্নাই সুপার কিংসের এক খেলোয়াড়ের কাছ থেকে পাওয়া একাদশের তথ্য লন্ডনের জুয়াড়িদের কাছে পৌঁছানো হয়েছিল। সেখানে প্রতি ম্যাচে ৬০ লাখ রুপি এবং পাঁচ ম্যাচে মোট প্রায় ৩ কোটি রুপি লেনদেনের কথা বলা হয়েছে। তবে এসব দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
এদিকে, সাবেক চেন্নাই সুপার কিংস ক্রিকেটার বংশ বেদী অভিযোগগুলো সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, রাচিত ভাটিয়া যে ব্যক্তির কথা বলেছেন, আমি সেই ব্যক্তি নই। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
বেদী আরো জানান, ‘আমাকে এসব অভিযোগের সঙ্গে মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা মানহানিকর। আমার আইনজীবীরা দোষীদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নিচ্ছেন।’
ফিক্সিং বিতর্কে চেন্নাই সুপার কিংসের নাম জড়ানো নতুন কিছু নয়। ২০১৩ আইপিএলে দলের কর্মকর্তা গুরুনাথ মেইয়াপ্পনের বাজি সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছিল।
তদন্তে ফিক্সিংয়ের প্রমাণ পাওয়ার পর ২০১৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংসকে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করে। একইসঙ্গে মেইয়াপ্পনকে ক্রিকেট সংক্রান্ত কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতে ৩০ থেকে ৪০ মিনিট সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে ফুটওভার ব্রিজটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন মন্তব্য করেন, ‘আফতাবনগর এবং বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সংযোগ স্থাপন। এই ব্রিজ নির্মাণের ফলে নাগরিকদের যাতায়াতে সময় বাঁচবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট। এতে নগরবাসীর মূল্যবান সময় বাঁচবে।’
তিনি আরও বলেন, ‘কেবল এই ফুটওভার ব্রিজটিই নয়, এর পাশাপাশি আরো দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে, যা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে। আগামীতে এমআরটির কাজ শুরু হলে প্রধান সড়কগুলোতে চাপ কমাতে এই ব্রিজগুলো বাইপাস রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যানজট নিরসন করবে।’
সিটি করপোরেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়েরুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেনসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসংলগ্ন এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত ও প্রদর্শনের অভিযোগে দুটি মেডিকেল হলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাজী মেডিকেল হল ও বিসমিল্লাহ মেডিকেল হলে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে নেত্রকোনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামিম হোসেন ও তাঁর দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারীরা জানান, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ সাধারণভাবে বিক্রির জন্য নয়। তাই এসব ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত, প্রদর্শন বা বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ সাধারণভাবে বিক্রির জন্য নয়। এ ধরনের ওষুধের অননুমোদিত বিক্রি বা মজুত ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এসব ওষুধ বিক্রি বা সংরক্ষণ করা হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন, আফগানিস্তানের রশিদ খানকে টপকে। রশিদ বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
লেগ স্পিনার রশিদ সম্প্রতি ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন।
আশানুরূপ পারফরমেন্স না করতে পারায় তার র্যাংকিংয়ে এক ধাপ অবনতি ঘটেছে।
এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা আবরার রশিদের অবনতির সুযোগ নিয়ে শীর্ষে উঠেছেন। তার রেটিং ৭৩৬। অপরদিকে, রশিদের রেটিং ৭৩৫। দুজনের মধ্যে পার্থক্য মাত্র ১ রেটিংয়ের।
আবরার পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। এর আগে পাকিস্তানের হয়ে শীর্ষে উঠেছিলেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি।
আবরার ও রশিদের পর বোলিং তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন দুই লেগ স্পিনার, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও ইংল্যান্ডের আদিল রশিদ। বর্তমানে টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে শীর্ষ চার বোলারই লেগ স্পিনার।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি ৬৪৬ রেটিং নিয়ে ১২তম স্থানে রয়েছেন।
সদ্য ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১ সেঞ্চুরিতে ১৭০ রান করেন। ব্যাট হাতে তার দারুণ পারফরমেন্সের ফলে তিনি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭৯৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।
সিরিজে সর্বোচ্চ ১৭২ রান করে ইংল্যান্ড ওপেনার জশ বাটলার দুই ধাপ এগিয়ে ৭৮৯ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছেন।
৯০৪ রেটিং নিয়ে ব্যাটিং তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের উইকেটরক্ষক ইশান কিশান।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তানজিদ হাসান। তিনি ৬৪৮ রেটিং নিয়ে ১৭তম স্থানে রয়েছেন।
অলরাউন্ডারদের তালিকায় ৩২১ রেটিং নিয়ে শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ