১২:১৯ এম
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে যুবদল নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (৩১ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেট এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘটিত হয়, ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। ফলে পুরো এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নান। অনুষ্ঠান চলাকালীন উপজেলা পরিষদ গেট এলাকায় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষের সমর্থকদের সঙ্গে এম. এ. হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি (২৬) আহত হন। পাশাপাশি আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেট এলাকায় অবস্থান নেওয়ার সময় কয়েকটি সাউন্ড ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পুরো পরিস্থিতিকে তীব্র করে তোলে এবং এর পরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এম. এ. হান্নান এই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কঠোর অবস্থান নেওয়া হবে।’ ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া এই ঘটনার সম্পর্কে বলেন, ‘উপজেলা পরিষদ মিলনায়তনে একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল। কিন্তু কর্মসূচির বাইরে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন