০৬:০১ পি.এম
ভারতের উত্তরপ্রদেশের হাপুরে একটি গয়নার দোকানে পানি ভেবে ভুল করে অ্যাসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক তরুণী। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় হাপুরের অর্জুন নগর এলাকায় একটি গয়নার দোকানে যান ওই তরুণী। সেখানে তৃষ্ণার্ত হওয়ায় তিনি দোকান মালিকের কাছে পানির আবেদন করেন। দোকান মালিক এক কর্মচারীকে পাশের একটি মিষ্টির দোকান থেকে বোতলজাত পানি আনতে পাঠান। কর্মচারী একটি সিল করা বোতল এনে দিলে তরুণী সেটি থেকে এক চুমুক পান করেন।
পানি পান করার সঙ্গে সঙ্গেই তার গলায় তীব্র জ্বালাপোড়া শুরু হয়। পরে জানা যায়, বোতলটিতে পানি নয়, অ্যাসিড ছিল। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উত্তরপ্রদেশের একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
ঘটনার পর পুলিশ মিষ্টির দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তার দাবি, তিনি ফ্রিজ থেকে একটি সিল করা পানির বোতলই দিয়েছিলেন। কীভাবে সেটির মধ্যে অ্যাসিড এল, তা তিনি জানেন না।
পুলিশ মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি অ্যাসিডভর্তি বোতল উদ্ধার করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে গয়নার দোকানের মালিকও পুলিশকে জানিয়েছেন, সিল করা বোতলে পানির পরিবর্তে অ্যাসিড কীভাবে এল, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গয়নার দোকানে বসে থাকা তরুণীকে পাশে থাকা এক নারী একটি বোতল তুলে দেন। বোতল থেকে এক চুমুক পান করার পরই তরুণী ছটফট করতে করতে দোকানের বাইরে ছুটে যান এবং বমি করার চেষ্টা করেন। দোকান মালিক ও সেখানে উপস্থিত অন্যরা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। পাশে থাকা নারী বারবার তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলেও তিনি কথা বলতে পারছিলেন না।
ভিডিওটি ইনস্টাগ্রামের ‘ইন্ডিবাজঅফিসিয়াল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই তরুণীর দ্রুত সুস্থতা কামনা করেছেন, আবার অনেকে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
সূত্র: আনন্দবাজার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন