মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:২১ পি.এম
ফিলিপাইনে মঙ্গলবার অনুষ্ঠিত কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুবই কঠোর মানুষ’ বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোদির পাশে দাঁড়িয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘তিনি একজন খুবই কঠোর মানুষ।’ এরপর তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে বলেন, ‘আর তিনি হয়তো আরো বেশি কঠোর।’
এই সময় কোয়াডের অন্য দুই নেতা, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও উপস্থিত ছিলেন। ট্রাম্প তাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন, এই তিন নেতা ও তাদের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, সবাই বন্ধু এবং অসাধারণ মানুষ।
শীর্ষ সম্মেলনের আরেকটি বৈঠকেও ট্রাম্প মোদির প্রশংসা করেন। তিনি বলেন, ‘মোদি আমার বন্ধু, একজন মহান নেতা এবং বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত।’ ট্রাম্প বিভিন্ন সময়ে মোদির প্রশংসা করেছেন। চলতি বছরের জুনে সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মোদিকে ‘মহান নেতা’ ও ‘খুবই কঠোর ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, মোদির মধ্যে বিশ্বের যেসব নেতাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন, তাদের একজন।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, মোদির আগে ভারতে ঘন ঘন ক্ষমতার পরিবর্তন হতো। কিন্তু মোদি ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন এবং শক্ত অবস্থানে আছেন। এ বছর ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। পাশাপাশি ২০২৪ সালের পর এবারই প্রথম কোয়াড নেতাদের সরাসরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোটের সর্বশেষ সরাসরি সম্মেলন ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। এর আয়োজক ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোয়াডকে ভারতের জন্য একটি গঠনমূলক ও নির্ভরযোগ্য অংশীদারি হিসেবে উল্লেখ করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড নেতাদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। মোদি জানান, কোয়াডভুক্ত চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ পর্যন্ত পাঁচবার বৈঠক করেছেন। এটি এই অংশীদারির প্রতি দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও অভিন্ন অঙ্গীকারের প্রমাণ।
তিনি আরো বলেন, সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা, নতুন প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সমাধান দেওয়ার চেষ্টা করে আসছে কোয়াড। এ সময় ম্যানিলা ও কোয়াডভুক্ত দেশগুলোর দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন মোদি।
তিনি উল্লেখ করেন, ২০০৭ সালে ম্যানিলায় প্রথমবারের মতো চার দেশের কর্মকর্তারা একসঙ্গে বৈঠক করেন। এরপর ২০১৭ সালে একই শহরে আবারও আলোচনা শুরু হয়। ঐতিহাসিক এই শহরে নতুন করে কোয়াড বৈঠক আয়োজনকে তিনি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণকারী আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠান এবং গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা প্রদানকারী একটি কট্টরপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) এই কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
নিষেধাজ্ঞার আওতায় আসা নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শোমরন লিমিটেড এবং এস.এ.জি. (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলো পশ্চিম তীরে এমন সব বসতি নির্মাণ ও উন্নয়নের সঙ্গে যুক্ত, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।
নতুন এই নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ (অ্যাসেট ফ্রিজ) করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য (ডিরেক্টর ডিসকোয়ালিফিকেশন) বলে বিবেচিত হবেন।
ব্রিটিশ সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ‘জাভ ৯’ (Tzav 9) নামক গোষ্ঠীটি গাজা উপত্যকায় খাদ্য, পানি ও জ্বালানিবাহী মানবিক ত্রাণ ট্রাকগুলোর প্রবেশে নিয়মিত বাধা দিয়ে আসছিল।
বিতর্কিত ‘ই-ওয়ান’ (E1) বসতি স্থাপন প্রকল্পের দরপত্র জমার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই নিষেধাজ্ঞা ঘোষণা করল লন্ডন। উল্লেখ্য, ই-ওয়ান প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড আরও খণ্ডবিখণ্ড হয়ে পড়বে এবং অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, "দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) রক্ষা করাই বর্তমান ব্রিটিশ সরকারের নীতির মূল লক্ষ্য। এ কারণেই ই-ওয়ান প্রকল্পের বিষয়ে আমার বার্তা অত্যন্ত স্পষ্ট— দরপত্রে অংশ নেবেন না, কোনো কিছু নির্মাণ করবেন না এবং দ্বি-রাষ্ট্র সমাধান ধ্বংসের মাধ্যমে মুনাফা লোটার চেষ্টা করবেন না।" সূত্র: রয়টার্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া হলুদ সাংবাদিকতা ও জাতীয় সংসদকে হেয় করার অভিযোগ তুলে এর পেছনে থাকা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।
সেলিম ভূঁইয়া সংসদে দেওয়া বক্তব্যে অভিযোগ করেন যে, কিছু অনলাইন পোর্টাল হলুদ সাংবাদিকতা ও মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগণকে বিভিন্নভাবে উত্তেজিত করছে। তিনি উল্লেখ করেন যে, ইতোমধ্যে বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে, যেখানে গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, জয়নাল আবদীন ফারুক ও মোহাম্মদ শাহজাহানের মতো জ্যেষ্ঠ নেতাদের সভাপতি করা হয়েছে।
একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের সমালোচনা করে কুমিল্লা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার সাবেক সচিব এনায়েত খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের ক্যাডাররা ‘শিক্ষা ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকা পরিচালনা করছে। তিনি অভিযোগ করেন যে, ওই অনলাইন পোর্টালে ‘সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতাই নেই’—এমন সংবাদ প্রকাশ করে জাতিকে বিব্রত এবং জাতীয় সংসদকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
সেলিম ভূঁইয়া আরও উল্লেখ করেন যে, এই পোর্টালটির পেছনে বর্তমানে সংসদের ভেতরের কোনো ব্যক্তির পৃষ্ঠপোষকতা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, সুতরাং তদন্তের মাধ্যমে আমাদের কোনো লোক যদি এখন সেই এনায়েত খানের পত্রিকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে তা আমাদের সবাইকে জানিয়ে এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির সদস্যরা। এই অভিযানের ফলে পাঁচ দালালকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এই অভিযানটি সম্পন্ন হয়। আটকদের পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও, প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া এবং টেনু মিয়া।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানিয়েছেন, হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তারা পাঁচ দালালকে আটক করেছেন। জিজ্ঞাসাবাদের সময়, আটকদের প্রত্যেকে দালালির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেন।
তিনি আরো বলেন, ‘আটকদের মধ্যে কয়েকজন পূর্বেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এবার তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।’
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর জানান, জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রাম থেকে সহজসরল মানুষজন চিকিৎসার জন্য আসেন, তাই দালালরা তাদের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে প্রেস ক্লাবের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহাসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম।
প্রধান অতিথি ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী তাঁর বক্তব্যে বলেন, পীরগঞ্জের উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করতে চায়। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তুলতে চান।
সভায় উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। নবাগত কর্মকর্তারাও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ