ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির


দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বিপক্ষীয় সফরের উদ্দেশ্যে শ্রীলঙ্কা গেছেন। তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দেশটির পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভারুনি মুতুকুমারানা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আগামী ১৯ নভেম্বর শ্রীলঙ্কা ত্যাগ করার পরিকল্পনা করেছেন।

আরও পড়ুন: মামুনুল হক: হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে

দুই দিনের এই সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি, দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। এ ছাড়া, শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার।

এই সফরের অংশ হিসেবে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সমন্বিত সহযোগিতার জন্য যৌথ পরামর্শক কমিশন প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুইপ দুলু: বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


হুইপ দুলু: বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। তিনি বলেন, সরকার আলেম-ওলামাদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে। তিনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর আক্রমণের নিন্দা করেছেন।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে হুইপ দুলু বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মতো একটি পবিত্র কাজ সম্পন্ন করেন।

তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন।

হুইপ দুলু উল্লেখ করেন, বিগত সময়ে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হয়েছে। তিনি বলেন, মিথ্যা কখনো স্থায়ী হয় না, সত্য চিরকাল সত্যই থাকে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আলেম-ওলামাদের প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের যথেষ্ট সম্মান করেন বলে জানান। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটির ব্যবস্থা করবেন বলে জানান।

এই সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়নের হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


নয়নের হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রঞ্জুকে গাড়ি থেকে জোর করে টেনে বের করে ঘরে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনায় যুবদল নেতা নয়ন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। তিনি এ ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি এবং সুস্পষ্ট ভূমিকা কামনা করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই আহ্বান জানান।

সংসদে দেওয়া বক্তব্যে মোহাম্মদ নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা সুপ্রিম কোর্টের এই সম্মানিত আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনে বের করে। হামলার সময় অ্যাডভোকেট রঞ্জু বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও হামলাকারীরা থামেনি। পরে তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়।

পাবনা-১ আসনের এই সংসদ সদস্য বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য উপস্থিত রয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি তিনি আশা করেছিলেন এবং আইনমন্ত্রীরও একটি বিবৃতি আশা করেছিলেন। তিনি বলেন, "আমরা মবের বিরুদ্ধে কথা বলি। আমরা আশা করেছিলাম যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি।"

এ ঘটনার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে কথা বলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির শাস্তির মুখে শ্রীলঙ্কা ও পাকিস্তান, কাটা হলো পয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


আইসিসির শাস্তির মুখে শ্রীলঙ্কা ও পাকিস্তান, কাটা হলো পয়েন্ট

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের জন্য একটি বড় দুঃসংবাদ এসেছে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার-রেটের কারণে এই দুই দেশ বড় ধরনের শাস্তির সম্মুখীন হয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিল থেকে শ্রীলঙ্কার ১৫ পয়েন্ট এবং পাকিস্তানের ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যত ওভার কম বল করবে, তাদের প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা হয়। ম্যাচ রেফারির পর্যবেক্ষণে দেখা গেছে, শ্রীলঙ্কা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ ওভার এবং পাকিস্তান ৫ ওভার পিছিয়ে ছিল।

পয়েন্ট কাটার পাশাপাশি, দুই দলের খেলোয়াড়দের আর্থিক জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস ম্যাচ রেফারির আনা অভিযোগ ও প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। একই ভেন্যুতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ প্রদানের গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করা আবশ্যক।

আজ সংসদ ভবনের শপথ কক্ষে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে, ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। ভবনটির নকশা প্রণয়ন করেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক এখানে এসে এসব তথ্য ও দলিল ব্যবহার করেন।

ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

হুইপ জি. কে. গউছ সম্পর্কে ডেপুটি স্পিকার মন্তব্য করেন, ‘আপনাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। অনেক কষ্ট করে তিনি আপনাদের সংসদে নিয়ে এসেছেন। আপনারা বর্তমানে যে কক্ষে বসে আছেন, এটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এখানে আসতে পারা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সংসদ আপনাদেরই সংসদ। আমি আশা করি, আপনাদের মধ্য থেকেই একদিন অনেকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।’

ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিন জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আগ্রহও প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%