প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি প্রতিভা বিকাশের সুযোগ প্রদানের গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করা আবশ্যক।
আজ সংসদ ভবনের শপথ কক্ষে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে, ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। ভবনটির নকশা প্রণয়ন করেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক এখানে এসে এসব তথ্য ও দলিল ব্যবহার করেন।
ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
হুইপ জি. কে. গউছ সম্পর্কে ডেপুটি স্পিকার মন্তব্য করেন, ‘আপনাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। অনেক কষ্ট করে তিনি আপনাদের সংসদে নিয়ে এসেছেন। আপনারা বর্তমানে যে কক্ষে বসে আছেন, এটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এখানে আসতে পারা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সংসদ আপনাদেরই সংসদ। আমি আশা করি, আপনাদের মধ্য থেকেই একদিন অনেকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।’
ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিন জাতীয় সংসদে রচনা প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আগ্রহও প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য তাঁরা ডেপুটি স্পিকার ও হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন