মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৩ পি.এম
মক্কার পবিত্র নগরী সৌদি আরবের বিখ্যাত ক্লক টাওয়ার দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে ভবনের ভেতরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ।
দ্য ইসলামিক ইনফরমেশন সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ক্লক টাওয়ারের ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি বিশ্বের সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ।
মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন জানায়, ক্লক টাওয়ারের কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক দুটি স্বীকৃতির সনদ গ্রহণ করেছে।
কেন্দ্রটিতে মহাকাশবিজ্ঞান, মহাবিশ্বের রহস্য, চাঁদ দেখার প্রযুক্তি এবং সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীরা এখানে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, এর ইতিহাস এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারেন।
রয়্যাল কমিশনের মতে, এ স্বীকৃতি ক্লক টাওয়ারের স্থাপত্যশৈলী ও বৈজ্ঞানিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। একই সঙ্গে এটি দর্শনার্থীদের জন্য জ্ঞান অর্জন ও পর্যটনের নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।
কেন্দ্রটির পর্যবেক্ষণ মঞ্চ থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর মনোরম দৃশ্য দেখা যায়। ফলে ক্লক টাওয়ারটি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বিজ্ঞান, শিক্ষা ও পর্যটনেরও অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শহরে আনন্দ মিছিল আয়োজন করেছে ‘আলোকিত যুব কমিটি’র স্বেচ্ছাসেবীরা। এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে স্বেচ্ছাসেবীদের মধ্যে ভেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়েছে।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর সফর লালমনিরহাটবাসীর জন্য আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী দিনব্যাপী জেলায় অবস্থান করবেন, যা স্থানীয় মানুষের জন্য বিশেষ আনন্দের বিষয়।" এ সফরের প্রতিটি কর্মসূচী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীদের ধৈর্য, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, "দায়িত্ব পালনের সময় সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো ধরনের দায়িত্বে অবহেলা করা যাবে না। স্বেচ্ছাসেবীদের সুসংগঠিত থেকে নির্ধারিত দায়িত্ব ও নির্দেশনা মেনে চলতে হবে।" এ ক্ষেত্রে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী জানান, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোট ৩টি কর্মসূচী রয়েছে। প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের ফলস্বরূপ ছেলে ও পুত্রবধূর মারধরের কারণে মিনারা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার সময় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনারা আক্তার পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনারা আক্তার এবং তার মেয়ে শাহানা বেগমের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী নিলুফার মিলে মিনারাকে মারধর করেন।
রাতের এক সময় অসুস্থবোধ করায় সোয়া ১২টার দিকে স্থানীয় লোকজন মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে যান। গভীর রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ভোর ৫টা ২০ মিনিটে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিনারা আক্তারের বাঁ চোখ আঘাতের কারণে ফোলা ছিল জানিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, ‘মিনারা চোখে দেখতে পারছিলেন না। উচ্চ রক্তচাপ থাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বরিশাল। এ ঘটনায় সূচনা বেগম (২৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের হকার্স মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশালের পরিচালিত এ অভিযানে হকার্স মার্কেট এলাকার মো. সোহরাবের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই বাড়ির ভাড়াটিয়া সূচনা বেগমের ভাড়াকৃত এক কক্ষবিশিষ্ট আধাপাকা দোতলা বসতঘরের দ্বিতীয় তলায় একটি প্লাস্টিকের ওয়ারড্রোবের ওপরের ড্রয়ার থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
অভিযানকালে একটি প্লাস্টিকের কৌটার ভেতরে চারটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১৯০ পিস করে মোট ৭৬০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার করা ইয়াবার সর্বমোট ওজন ৭৬ গ্রাম। পরে এসব মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়।
আটক সূচনা বেগম (২৭) মো. মামুন হাওলাদারের স্ত্রী এবং মো. গোলাম মোস্তফার মেয়ে। তিনি বরিশাল নগরীর হকার্স মার্কেট এলাকায় মো. সোহরাবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাঁর স্থায়ী ঠিকানা ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের নথিতে উল্লেখ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের ঘটনায় আটক সূচনা বেগমের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল নগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ও মাদক নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় হকার্স মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ