ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার নেতাকে স্থায়ী বহিষ্কার করল এনসিপি


উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার নেতাকে স্থায়ী বহিষ্কার করল এনসিপি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া এক নেতাকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে দলের পক্ষ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই নেতা আতাউল্লাহ শাহ, যিনি এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মঙ্গলবার (৭ জুলাই) এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে আতাউল্লাহর উদ্দেশ্যে বলা হয়েছে, 'আপনার বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমন অবস্থায় দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

গত ৫ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে এনসিপি নেতা আতাউল্লাহ শাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক তাদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আতাউল্লাহসহ ওই ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা অন্য পাঁচ যুবক হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আবিদুর রহমান ও বায়োজিত।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

পুলিশ আদালতে উল্লেখ করেছে, যাত্রাবাড়ী এলাকায় টহল ও অভিযান তদারকির সময় গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে এই ছয়জনকে আটক করা হয়।

এদিকে, তিন দিনের রিমান্ড শেষে বুধবার (৮ জুলাই) এনসিপির বহিষ্কৃত নেতা আতাউল্লাহ শাহসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহে শঙ্কা, বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


সরবরাহে শঙ্কা, বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সংঘাত নিরসনের চুক্তি 'শেষ হয়ে গেছে' জানিয়ে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশেরও বেশি বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ২৭ ডলার বা ৫ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ৯১ ডলার বা ৫ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে। উভয় বেঞ্চমার্কই ২২ জুনের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল বিক্রির অনুমোদনসংক্রান্ত সাধারণ লাইসেন্স প্রত্যাহার করার পর মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল।

বুধবার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনের জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক এখন 'শেষ হয়ে গেছে' এবং তিনি তেহরানের সাথে আর কোনো আলোচনায় যেতে চান না।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তিতে আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর চুক্তিটি চাপের মুখে পড়ে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, বাজার আবারও এই আশঙ্কা বিবেচনায় নিচ্ছে যে জাহাজ চলাচলের ওপর নতুন হামলা অথবা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের আরও অবনতি হলে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এর পর ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানায়, বুধবার ভোরে তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এসব ঘটনার পর আবারও হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল নিয়ে উদ্বেগ বেড়েছে। ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর আগে এই প্রণালী দিয়েই বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

এদিকে ব্রেন্ট ক্রুডের তিন মাসের টাইমস্প্রেড বেড়ে ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে, যা ১৬ জুনের পর সর্বোচ্চ। এর ফলে বাজার আবার ব্যাকওয়ার্ডেশনে ফিরে গেছে, যা কিছুদিন আগে কন্ট্যাঙ্গোতে ছিল।

ব্যাকওয়ার্ডেশন এমন একটি পরিস্থিতি, যেখানে তাৎক্ষণিক সরবরাহের তেলের দাম ভবিষ্যৎ সরবরাহের তেলের চেয়ে বেশি থাকে। সাধারণভাবে এটি স্বল্পমেয়াদে সরবরাহ সংকটের ইঙ্গিত দেয়।

সরবরাহ নিয়ে উদ্বেগ আবারও বাড়ছে। এমএসটি মার্কির গবেষণা প্রধান সাউক কাভোনিভ বলেন, ট্রাম্পের এমওইউ শেষ হয়ে যাওয়ার মন্তব্য হরমুজ প্রণালী আবারও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়িয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নতুন হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অন্তত চারটি তেল ও গ্যাসবাহী ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রমের পরিকল্পনা থেকে ফিরে গেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে নেমে এসেছিল। তখন অনেক বিনিয়োগকারী দাম আরও কমবে ধরে নিয়ে তেল ফিউচার বাজারে বড় আকারে শর্ট পজিশন নিয়েছিলেন।

সংঘাত শুরুর পর বিভিন্ন দেশ সরবরাহ ঘাটতি মোকাবিলায় নিজেদের মজুত থেকেও তেল ব্যবহার করেছে।

অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের তেল রফতানি সেপ্টেম্বরের শেষ নাগাদ স্বাভাবিক হবে-এমন ধারণার ভিত্তিতে এইচএসবিসি ২০২৬ সালের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দামের পূর্বাভাস ব্যারেলপ্রতি ৯৫ ডলার থেকে কমিয়ে ৮০ ডলার করেছে।

এদিকে বাণিজ্য সূত্র জানিয়েছে, চীন জুলাই মাসের বাকি সময়ের জন্য পরিশোধিত জ্বালানি রফতানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পাশাপাশি চার মাস বন্ধ থাকার পর একটি বেসরকারি শোধনাগারকে আবারও রফতানি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

আন্তর্জাতিক ডেস্ক

‎নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎
‎মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এই সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হুমায়ুন কবীরকে (এটিএন বাংলা/এটিএন নিউজ) সভাপতি ও আকতার ফারুক শাহীনকে (যুগান্তর/এনটিভি) সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
‎
‎সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীনের সঞ্চালনায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নানা সমস্যা ও অসুবিধা নিয়ে কথা বলেন জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। এসময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা- মামলা ও নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি দাবি জানানো হয়।

পরে অনুষ্ঠিত সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সর্বসম্মতিক্রমে হুমায়ুন কবিরকে সভাপতি এবং আকতার ফারুক শাহিন কে সাধারণ সম্পাদক করে বিটিএমের নতুন কমিটি গঠন করা হয়।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আলী জসিম (আরটিভি), বিধান সরকার ( একাত্তর টেলিভিশন), সালেহ টিটু ( বাংলাভিশন), নিকুঞ্জবালা পলাশ (দৈনিক আমার দেশ/গাজী টিভি), এম জসিম উদ্দিন (প্রথম আলো)।
‎
‎যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির ( সকালের সময়) শেখ শামীম (মোহনা টেলিভিশন), সুখেন্দু এদবর ( একুশে টেলিভিশন) , সুমন চৌধুরী ( দৈনিক সমকাল), মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন),
‎
‎সাংগঠনিক সম্পাদক শাহিন হাফিজ (ইত্তেফাক), অর্থ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুশফিক সৌরভ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম),
‎ পাঠাগার সম্পাদক তন্ময় তপু (আগামীর সময় /নাগরিক টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ক্রীড়া সম্পাদক শাওন খান (জাগো নিউজ), প্রচার সম্পাদক ওমর ফারুক সাব্বির (বিএইচএস টিভি), দপ্তর সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া), কার্যনির্বাহী সদস্য আজাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (বণিক বার্তা), খোকন আহমেদ হীরা (দৈনিক জনকণ্ঠ), শাহ আলম (দৈনিক সংগ্রাম) , এস এন পলাশ (ঢাকা টাইমস) জুয়েল রানা (সমকাল ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন) জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) ও নাজমুল রিপন (বাংলা টিভি) ।
‎
‎সাধারণ সভা ও সম্মেলন শেষে সংগঠনের সদস্যদের জন্য কুয়াকাটা ব্যান্ড একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এসব আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুম্মান ইমতিয়াজ তুষার এবং সাধারণ সম্পাদক হোসাইন আমিরসহ স্থানীয় সংবাদকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রকল্প নিয়েছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


এআই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রকল্প নিয়েছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিদ্যমান এনালগ কাঠামো থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যেই দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ডিজিটাল সমস্যার ডিজিটাল সমাধান গড়ে তোলা হবে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের (সংরক্ষিত মহিলা আসন-২৯)-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এআইভিত্তিক অপতথ্য ও গুজবের বিষয়টি সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং অনেকেই এর ভুক্তভোগী। এ কারণেই প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান কাঠামোটি মূলত এনালগ ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, অথচ সমস্যার ধরন সম্পূর্ণ ডিজিটাল। এ কারণে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তিনি আরও বলেন, প্রচলিত জনবল কাঠামো দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব না হওয়ায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত প্রকল্পভিত্তিক কার্যক্রম নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী।

শেরপুর-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য রাশেদুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এনালগ ব্যবস্থা থেকে ডিজিটাল ব্যবস্থায় সফলভাবে রূপান্তরই এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার মূল বিষয়। প্রধানমন্ত্রী বিষয়টি যথাযথভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে।

এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্যই একটি নতুন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী নতুন নতুন সমাধান নিয়ে কাজ চলছে। বাংলাদেশও বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের বিষয়ে আলোচনা করছে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এসব সমঝোতা ও অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যৎ কার্যক্রম আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার মধ্যেও থামেনি খামেনির শোকযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


মার্কিন হামলার মধ্যেও থামেনি খামেনির শোকযাত্রা

ইরানে মার্কিন হামলাও দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির চলমান শোকযাত্রা থামাতে পারেনি। এই উত্তেজনার মধ্যে আজ বুধবার (৮ জুলাই) খামেনির কফিন ইরাকের পবিত্র নগরী নাজাফে এসে পৌঁছেছে। এখানে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দলে দলে শোকযাত্রায় অংশ নিচ্ছেন মানুষ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির অবসরে ইরান গত শুক্রবার (৩ জুলাই) থেকে খামেনির স্মরণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে। এর মধ্যে একটি দিন প্রতিবেশী ইরাকে কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়েছে।

খামেনির শোকযাত্রার মধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানাচ্ছে, মঙ্গলবার রাতে চার ঘণ্টার অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র এবং ইরানের এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। তবে এতে ইরাকে খামেনির নির্ধারিত শোকযাত্রা বন্ধ হয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরাকের পবিত্র শহর নাজাফে শোকযাত্রা চলছে। লাখো শোকাহত মানুষ এতে অংশ নিয়েছেন।

এই উপলক্ষে বুধবার ইরাক সরকার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে। স্থানীয় সময় সকাল ৬টা (গ্রিনিচ মান সময় ০৩:০০) থেকে শোকযাত্রা শুরু হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকে শুরু হওয়া এই দীর্ঘ শোকানুষ্ঠানের মাধ্যমে যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের শক্তি ও জাতীয় ঐক্য প্রদর্শনের চেষ্টা করছে তেহরান।

ইরানের পবিত্র শহর কোম-এ বিশাল শোকযাত্রা শেষ হওয়ার পর খামেনির মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মঙ্গলবার রাতে। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকরা কফিন গ্রহণ করেন।

এরপর খামেনির কফিন নাজাফের সড়ক প্রদক্ষিণ করে হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা এবং শিয়া মুসলিমদের প্রথম ইমাম আলি ইবনে আবি তালিবের মাজারে নেওয়া হয়।

আল জাজিরার নাজাফ প্রতিনিধি জ্যাক হিউসন বলেছেন, মক্কা ও মদিনার পর নাজাফ শিয়া ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে এখানে বিপুলসংখ্যক তীর্থযাত্রীর সমাগম হয় এবং বর্তমান শোকযাত্রাও গুরুত্বের দিক থেকে সমান পর্যায়ের।

তিনি জানান, নাজাফে ঠিক কত মানুষ জড়ো হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি, তবে অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক লাখ হিসেবে ধরা হচ্ছে।

নাজাফের কর্মসূচি শেষ হওয়ার পর খামেনির মরদেহ প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারবালায় নেওয়া হবে। সেখানে ইমাম হোসেইনের মাজারে এবং আল-আব্বাসের মাজারে আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বলেন, এই ঐতিহাসিক আয়োজনের জন্য ইরাক সরকার ও জনগণের ব্যাপক প্রস্তুতি ইরাক এবং ইরানের মধ্যকার গভীর আধ্যাত্মিক বন্ধনের প্রমাণ।

অন্যদিকে ইরাকের নাগরিক মোহাম্মদ আল-বায়াতি, যিনি কয়েক ঘণ্টা ভ্রমণ করে নাজাফে এসেছেন, বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন ব্যক্তির দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার এই সুযোগ হাতছাড়া করা যায় না।'

ইরাকে শোকযাত্রা শেষে খামেনির কফিন ফের ইরানে নেয়া হবে এবং আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%