প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া এক নেতাকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে দলের পক্ষ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই নেতা আতাউল্লাহ শাহ, যিনি এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মঙ্গলবার (৭ জুলাই) এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে আতাউল্লাহর উদ্দেশ্যে বলা হয়েছে, 'আপনার বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমন অবস্থায় দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।'
গত ৫ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে এনসিপি নেতা আতাউল্লাহ শাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক তাদের আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আতাউল্লাহসহ ওই ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থাকা অন্য পাঁচ যুবক হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আবিদুর রহমান ও বায়োজিত।
পুলিশ আদালতে উল্লেখ করেছে, যাত্রাবাড়ী এলাকায় টহল ও অভিযান তদারকির সময় গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠে কয়েকজন ব্যক্তি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য সমবেত হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে এই ছয়জনকে আটক করা হয়।
এদিকে, তিন দিনের রিমান্ড শেষে বুধবার (৮ জুলাই) এনসিপির বহিষ্কৃত নেতা আতাউল্লাহ শাহসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন