আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৭:১৫ পি.এম
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক রোগীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগ উঠেছে ৬-৭ জন নারীর বিরুদ্ধে। এ ঘটনায় রিনা (৪৫) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিনা আক্তার চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬-৭ জন নারী তাকে ঘিরে ধরে কৌশলে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে ভিড়ের সুযোগ নিয়ে তার গলা থেকে স্বর্ণের চেইনটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর মিনা আক্তার ও আশপাশের লোকজন চুরির সন্দেহে রিনা (৪৫) নামে এক নারীকে আটক করেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক রিনার পিতার নাম আবদুল কাদের। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব ইটাখোলা গ্রাম। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মিনা আক্তার বাদী হয়ে আটক রিনা, সাথীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মধুপুর থানায় ৫ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-৮, দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার রিনাকে শুক্রবার (৬ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের অভিনেতা শাহরুখ খানের সঙ্গে পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের দীর্ঘদিনের একটি কাজের সম্পর্ক বিদ্যমান। শুটিংয়ের সময় শাহরুখ যদি কোনো ভুল করতেন, তাহলে ফারাহ তাকে বকতে দ্বিধা করতেন না। বরং শাহরুখ নিজেই তাকে বলেছিলেন, ভুল হলে যেন সবার সামনেই তাকে ধমক দেন। সম্প্রতি ফারাহ এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন একটি অনুষ্ঠানে।
‘ডাবল ডেট’ টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ খান এবং টেনিস তারকা সানিয়া মির্জা, যেখানে নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেখানে শাহরুখ এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন ফারাহ।
ফারাহ জানান, শাহরুখ যদি কোনো নির্দেশনা না মানতেন, তাহলে তাকে সরাসরি বকতে পারতেন। এ বিষয়ে শাহরুখ নিজেই তাকে উৎসাহিত করেছিলেন। অভিনেতার পরামর্শ ছিল, কোনো ভুল হলে যেন ফারাহ সবার সামনেই তাকে বকেন। এতে সেটের অন্যান্য সদস্যরাও বুঝতে পারবেন, প্রয়োজনে একজন সুপারস্টারকেও ধমক দেওয়া যায়।
শাহরুখের সেই কথার স্মৃতিচারণা করে ফারাহ বলেন, ‘তুমি আমাকে বকবে। যা বলার, চিৎকার করেই বলবে। তাহলে সবাই বুঝবে, তুমি যখন শাহরুখকেও বকতে পারো, তখন নিশ্চয়ই তোমার সাহস অনেক।’
২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার কাজের সময় ফারাহর এমন অভিজ্ঞতা হয়েছিল। ছবিটির ‘সে শাভা শাভা’ গানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, কাজল ও রানি মুখার্জিকে দেখা যায়। ফারাহ জানান, একবার নাচের একটি স্টেপ নিজের মতো করে বদলে ফেলেছিলেন শাহরুখ। তখন তাকে বলেছিলেন, ‘শাহরুখ, স্টেপ বদলানোর সাহস হলো কিভাবে? আমি যেভাবে শিখিয়েছি, সেভাবেই করো।’
তবে ফারাহ জানান, শাহরুখকে খুব বেশি বকতে হয়নি। তার মতে, শাহরুখ তার দেখা সবচেয়ে মিষ্টি, ভালো ও পরিশ্রমী অভিনেতাদের একজন।
অন্যদিকে, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ফারাহ জানান, শাহরুখকে অনায়াসে বকতে পারলেও অমিতাভকে কখনো ধমক দেওয়ার সাহস পাননি তিনি।
শাহরুখের সঙ্গে ফারাহর প্রথম কাজ ১৯৯৪ সালের ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায়। এরপর ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ছবিটির নায়ক ছিলেন শাহরুখ। পরে ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম ও মো. রবিনসহ বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।
সমাবেশে সানজিদ আহমেদ মিঠুন উল্লেখ করেন, ২০০৪ সালের ৭ মে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তৎকালীন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। তিনি দাবি করেন, ওই হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গাজীপুরের জনপ্রিয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার গ্রেপ্তার হন।
মিঠুন আরও জানান, দীর্ঘ সময় ধরে মামলাটির নিষ্পত্তি হয়নি। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ মামলায় নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ২২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানিয়েছেন, শুক্রবার (০৬ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ৭৮টি শাড়ী, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রী-পিস, সাড়ে ৪ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুসকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ২ কেজি কাজু বাদাম, ১১৩৯টি চকলেট, ২১টি খাদ্য সামগ্রী, ১২০টি মোবাইলের ডিসপ্লে এবং ১৩৩৬টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ২১ লাখ ৭৫ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।
কমান্ডিং অফিসার আরও উল্লেখ করেন, চোরাকারবারিদের আটক করার জন্য সীমান্তে বিজিবির টহল কার্যক্রমকে জোরদার করা হয়েছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাত্র ১০ দিনের ব্যবধানে আমেরিকার দুই বৃহত্তম গণতন্ত্রে ট্রাম্প-সমর্থিত পপুলিস্ট বা জনতাবাদী ডানপন্থীরা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ব্রাজিলে লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রথম রাউন্ডে পিছিয়ে থেকেও দ্বিতীয় দফার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিওকে পরাজিত করেছেন। একই সময়ে, মার্কিন ভোটাররা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে তুলে দিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন-মাগা” আন্দোলনের সঙ্গে যুক্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন।
এই ফলাফল বিশ্বজুড়ে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এমন এক সময়ে যখন দ্রব্যমূল্য, কর্মসংস্থান এবং সরকারি পরিষেবা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ রয়েছে। এর আগে, সার্বিয়ার সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচ এবং হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও পরাজয়ের সম্মুখীন হয়েছেন। ওয়াশিংটনভিত্তিক ‘ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’-এর জন ফেফার মন্তব্য করেছেন, বর্তমানের সামাজিক মাধ্যমের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে ভোটাররা এমন প্রার্থীদেরকে ইতিবাচক সাড়া দিচ্ছেন, যারা “আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি” দেন।
ট্রাম্প ইউরোপের ডানপন্থী নেতাদের কড়া সমর্থন দিয়ে এসেছেন। তিনি মার-এ-লাগোতে অরবানকে আতিথ্য দিয়েছেন এবং আমেরিকার রক্ষণশীল গোষ্ঠীগুলোর সঙ্গে ইউরোপের জনতাবাদী দলগুলোর সম্পর্ক গড়ে তুলেছেন। তবে রিপাবলিকানদের পরাজয় এবং ইউরোপজুড়ে ট্রাম্পের ক্রমহ্রাসমান জনপ্রিয়তার কারণে অনেক কট্টর ডানপন্থী রাজনীতিবিদ এখন তাঁর কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন। জার্মানির ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) পার্টির অ্যালিস ভাইডেল ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছেন, “ট্রাম্প তাঁর ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হস্তক্ষেপমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন না। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি এখন রিপাবলিকানদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।”
যদিও, ইউরোপের ফ্রান্সে মেরিন ল্য পেনের ‘ন্যাশনাল র্যালি’ এখনো প্রভাবশালী। অন্যদিকে জার্মানিতে ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) বিশেষ করে পূর্বাঞ্চলে ঐতিহাসিক সাফল্য পেয়েছে। তবে, নভেম্বরের শেষ দিকে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো মন্তব্য করেছেন যে, মার্কিন নির্বাচনের ফলাফল প্রমাণ করে যে ডানপন্থী জোয়ারের গতি কমে আসছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আমেরিকানরা এমন সব নীতি প্রত্যাখ্যান করেছে যা কেবল দারিদ্র্য বাড়ায়, ঘৃণা ছড়ায়, বৈষম্য তৈরি করে, জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করে এবং অভিজাতদের বিশেষ সুবিধা দেয়। ব্রাজিলে এমনটাই ঘটেছে, আমেরিকাতেও তা-ই হলো। আর খুব শীঘ্রই স্পেনেও এমনটাই ঘটবে।”
গত এপ্রিলে কানাডার লিবারেল নেতা মার্ক কার্নি ট্রাম্প-সমর্থিত কনজারভেটিভ নেতা পিয়ের পোয়ালেভরেকে পরাজিত করেন। বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ প্রায় ২০ বছরের শাসনের পর ভর্তুকি হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর জনপ্রিয়তা প্রায় ৬০ শতাংশ থেকে ২৭ শতাংশে নেমে এসেছে। কার্নেগি এনডাউমেন্টের ফেলো অলিভার স্টুঙ্কেল বলেছেন, লাতিন আমেরিকার ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা যতটা দৃঢ় মনে হয়েছিল, আসলে তার চেয়ে অনেক বেশি ভঙ্গুর। এর পেছনে রয়েছে অর্থনৈতিক দুর্বলতা এবং যৌন অপরাধে দ-িত ব্যক্তিদের আগেভাগে মুক্তি দেওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ