ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন


পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট মো. কামাল উদ্দিনকে তার বাসা থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মইজ্জারটেক এলাকায় তার বাসা ঘেরাও করেন বেশ কয়েকজন ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কর্ণফুলী থানার ওসি নূর আহমদ আমার দেশকে জানান, ‘পলাতক আওয়ামী লীগ সভাপতি’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা কিছু লোক ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচিতি পাওয়ার পর দুই বছর ধরে আলোচনায় আসেন কামাল উদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি দলটির পলাতক নেতাদের সমালোচনা করে আসছিলেন। বিশেষ করে বিদেশে অবস্থানরত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুকে নিয়মিত পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন তিনি।

আরও পড়ুন: খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার লাশ উদ্ধার

গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেন তিনি। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি। এরপর বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন পদে মনোনয়ন দেওয়ার কথা ফেসবুকে প্রকাশ করেন।

কামাল উদ্দিন আমার দেশকে বলেছিলেন, আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে থাকায় দলটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদেশে অবস্থানরত নেতারা দেশে কর্মীদের আন্দোলন-সংগ্রামে নামার আহ্বান জানালেও বিপদে পড়া কর্মীদের খোঁজ নেন না। এ পরিস্থিতিতে দেশে থাকা কর্মীদের সংগঠিত করতেই তার এই উদ্যোগ।

কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। চট্টগ্রাম জেলা আদালতে আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এর আগে আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন কামাল উদ্দিন। গত ২২ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি ভিডিওতে তিনি কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়েছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক মাছের বাণিজ্য শত কোটি টাকা

এ ছাড়া ২০২২ সালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন কামাল উদ্দিন। তার অভিযোগ ছিল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মোছলেম উদ্দিন আহমদের নাম ব্যবহার করে তার কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন। তবে মনোনয়ন না পাওয়ায় তিনি টাকা ফেরত চেয়েছিলেন। ওই অভিযোগের পর মোছলেম উদ্দিন আহমদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।

তবে শনিবার তাকে বাসা থেকে উদ্ধারের ঘটনার পেছনে কী অভিযোগ রয়েছে, কারা তার বাসা ঘেরাও করেছিলেন এবং তাদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ক্রেডিট কার্ডের মাধ্যমে চাঞ্চল্যকর জালিয়াতি, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নওগাঁয় ক্রেডিট কার্ডের মাধ্যমে চাঞ্চল্যকর জালিয়াতি, গ্রেফতার ২

নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৪ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশ অভিযানের মাধ্যমে প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকাসহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং চেক বই উদ্ধার করা হয়েছে।

মামলার বিবরণ অনুসারে, নওগাঁ সদর উপজেলার আকেল্পপুর মধ্যপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম (রিপল) (৩৭)—যিনি উক্ত শাখার একজন হিসাবধারী গ্রাহক, ২০১৫ সালে চলতি হিসাবের বিপরীতে ১ লাখ টাকা সীমানায় ‘মিডমাহ’ ক্রেডিট কার্ড ইস্যু করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে কোটি টাকার শুঁটকি উৎপাদন সংকটে, বিলুপ্তির পথে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নিকলীতে কোটি টাকার শুঁটকি উৎপাদন সংকটে, বিলুপ্তির পথে

কিশোরগঞ্জের হাওরাঞ্চল নিকলীর ঐতিহ্যবাহী শুঁটকি উৎপাদন শিল্প বর্তমানে দেশি মাছের সংকট এবং আধুনিক সুবিধার অভাবের কারণে প্রায় বিলুপ্তির পথে রয়েছে। প্রাকৃতিক পরিবেশের অবনতি এবং বিভিন্ন সংকটের কারণে জেলেপল্লীর মানুষ বাপ-দাদার এই পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। এক সময় এই অঞ্চলের শুঁটকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো।

খোঁজ নিয়ে জানা যায়, কার্তিক মাস এলেই নিকলীর রূপসী হাওর অঞ্চলের ডুবি, বরাটিয়া, সিংপুর, দামপাড়া, নিকলী সদর ও গুরুই গ্রামের জেলেপল্লীতে শুঁটকি শুকানোর আঞ্চলিক ভাষায় পরিচিত ‘ঢাংগি’র চারপাশ মুখরিত হয়ে উঠত। এক সময় এই এলাকায় ৫০ থেকে ৬০টির বেশি ঢাংগি ছিল, কিন্তু বর্তমানে তা কমে মাত্র ১০টিতে এসে দাঁড়িয়েছে। জেলা শহরের বড় বাজারের শুঁটকির হাটে প্রতিদিন কোটি টাকার শুঁটকি বিক্রি হলেও, তার একটি বড় অংশ নিকলী থেকে আসত। বর্তমানে তা নেমে এসেছে মাত্র দুই থেকে আড়াই হাজার মণে।

শুঁটকি ব্যবসায়ীরা জানান, জলমহাল ইজারা প্রথার কারণে ব্যবসায় ধস নেমেছে। ইজারাদারের কাছ থেকে চড়া দামে কাঁচা মাছ কিনতে হওয়ায় এবং বাজারে খরচ ও বিক্রয়মূল্যের হিসাব মেলাতে গিয়ে ব্যবসায় লাভের চেয়ে লোকসানের পরিমাণই বেশি হচ্ছে। উদাহরণস্বরূপ, ১ কেজি পুঁটি মাছ ৩০০ টাকা দিয়ে কিনে, শ্রমিকদের মজুরি ও লবণ খরচ বাদ দিলে শুঁটকি বিক্রির দাম উঠছে না। মাছের দাম বেশি হওয়ায় এবং হাওরে আগের মতো দেশি মাছ না পাওয়ায় অনেকে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন।

দামপাড়ার ঢাংগির মালিক মাসুদ মিয়া ও আড়তদার শিশির কুমার সরকার জানান, কাঁচা মাছের অপর্যাপ্ততা, মাছ সংগ্রহের উচ্চ ব্যয়, শ্রমিকের মজুরি এবং সংরক্ষণ খরচ বৃদ্ধির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া, প্রাকৃতিক জলাশয়ের পরিবেশগত পরিবর্তন, মাছের প্রজননক্ষেত্র সংকোচন, অবৈধ জালের ব্যবহার এবং জমিতে কীটনাশকের প্রভাবে হাওরের মৎস্যসম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। স্থানীয় বিশিষ্টজনদের মতে, সহজ শর্তে ঋণ সুবিধা ও আধুনিক প্রক্রিয়াজাতকরণের অভাবও এই শিল্প টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় বাধা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম জানান, হাওরে দেশি মাছের উৎপাদন কমে যাওয়ায় এবং স্থানীয় মাছ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় বাজারে চলে যাওয়ায় নিকলীতে আগের মতো বড় স্কেলে শুঁটকি উৎপাদন হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান রুকাইয়া তাসনিমের সাবেক স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান রুকাইয়া তাসনিমের সাবেক স্বামী

প্রেমের সম্পর্কের পর বিয়ের ৯ মাস পর উভয়ের সম্মতিতে রুকাইয়া তাসনিম মুক্তির এবং তার সাবেক স্বামী রায়হান হাওলাদারের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের দেড় মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় মুক্তি সাবেক স্বামী রায়হানের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তিন মাস পর হুমকি-ধমকির বিষয়ে আবারও ওই থানায় একটি ডায়েরি করেন মুক্তি। কিন্তু উক্ত অভিযোগগুলোর সত্যতা না পাওয়ায় উভয়টি খারিজ হয়ে যায়। এর পরও মুক্তি থেমে থাকেননি, তিনি একের পর এক মামলা ও হুমকি দিতে থাকেন সাবেক স্বামীকে।

মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের কন্যা এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অপরদিকে, ভুক্তভোগী রায়হান হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের আব্দুস সালামের পুত্র। বর্তমানে তিনি ঢাকায় একটি সরকারি চাকরি করেন।

শনিবার দুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক স্বামী রায়হান লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পরিবারের অগোচরে তাদের বিয়ে হয়। মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে ৯ মাস পর ২০২৬ সালের ১ মে উভয়ের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

বিচ্ছেদের পর রায়হান অভিযোগ করেন যে, তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। এর ফলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং কর্মস্থলেও তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন। মুক্তির পরিবারকে বিষয়টি জানালেও তিনি কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে সাবেক স্ত্রীর হয়রানি থেকে মুক্তি পেতে তিনি সাংবাদিকদের কাছে সাহায্য চেয়েছেন।

এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিকেরা মুক্তির বাড়িতে যান। এ সময় মুক্তির বাবা মোজাম্মেল হক জানান, তিনি তার মেয়ের বিয়ে ও ৯ মাস সংসার করার ঘটনা জানতেন না। ঘটনাটি জানার পর থেকে মুক্তিকে কোনো খরচপাতি দেন না এবং কথাবার্তাও বলেন না। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের বিষয়টি জানেন বলে স্বীকার করেন।

মুক্তির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার উদ্দেশ্য হলো রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান জানিয়েছেন, এই নিয়োগের ৮০ শতাংশই নারী।

আজ শনিবার, রাজধানীর গুলশানের একটি হোটেলে, গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।

জুবাইদা রহমান উল্লেখ করেন, ‘স্বাস্থ্যখাতে দীর্ঘ সময় ধরে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত হয়নি। এর ফলে, বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। বর্তমান সরকার এই পরিস্থিতি পরিবর্তনের জন্য রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশ নারী। তারা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটি করে আসছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের জন্য এটি গর্বের বিষয় যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।’

এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির সকল বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%