শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
১১:৫১ পি.এম
গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬-এর সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট (এসএপি) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের একটি দল। একই আয়োজনে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস এম মিফতাহুল ইসলাম মাহিন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে বিশ্ব গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশগ্রহণ করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটির শিরোনাম ছিল ‘Enhancing Media Literacy Among Homemakers in Khulna: Addressing Misinformation and Promoting Responsible Digital Media Use’। প্রকল্পটি খুলনার গৃহিণীদের মধ্যে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত হয়, যাতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা এবং অনলাইনে তথ্যের সত্যতা যাচাইয়ের দক্ষতা তৈরি করা যায়।
প্রকল্প দলের তত্ত্বাবধায়ক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম। তিনি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। পুরস্কার গ্রহণ করেন দলের নেতা এস এম মিফতাহুল ইসলাম মাহিন।
মাজিদুল ইসলাম মন্তব্য করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সবার জন্য অপরিহার্য। সঠিক তথ্য খুঁজে বের করার জন্য শিক্ষার্থীদের ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সচেতন থাকতে হবে। এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ছড়িয়ে পড়ার প্রক্রিয়া এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে শেখার সুযোগ পায়।
মিফতাহুল ইসলাম মাহিন বলেন, “এই অর্জন আমাদের পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফল। প্রকল্পের মাধ্যমে গৃহিণীদের মধ্যে তথ্য যাচাইয়ের সচেতনতা তৈরি এবং দায়িত্বশীলভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহারের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি আমরা।”
প্রকল্প দলের অন্যান্য সদস্যরা হলেন সানজিদা আক্তার, মো. নাঈম শেখ, তানিয়া তাবাসসুম, জাহিদা সুলতানা রিমা, আশরাফুল আলম, রুকাইয়া আফিয়া নেহা, আহমেদ মোস্তফা, সাবিনা ইয়াসমিন তিথি ও শেখ এশানুল হক।
‘Media and Information Literacy Skills for 21st-Century Youth’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগ। এতে সহযোগিতা করেছে ইউনেস্কো ঢাকা কার্যালয় ও মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ (MILNetBD)। সহায়তা প্রদান করেছে জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ড. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং ইউএনডিপি বাংলাদেশের জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’-এর প্রধান কারিগরি উপদেষ্টা আন্দ্রেস দেল কাস্তিয়ো সানচেস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণের উদ্দেশ্যে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন এবং এর কার্যক্রম শুরু হবে।
আজ শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।
শ্রমমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, শিল্পাঞ্চলে বাড়িভাড়া বৃদ্ধি না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং সরকার কাজ করবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বাসসকে জানিয়েছেন, আজ শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম সংগ্রহ করা হয়েছে। আগামীকাল তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে জানাবেন।
মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে আগামীকাল শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান শ্রমসচিব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারীর নিরাপত্তা, অধিকার, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বের বিকাশের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ‘আন্তর্জাতিক নারী সংসদ (আইডব্লিউপি) ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘গ্রাসরুটস টু গ্লোবাল : উইমেনস ইকোসিস্টেম’ প্রতিপাদ্যে জমকালো আয়োজনের এ সম্মেলনে ২০টির বেশি দেশের ২০০ জনেরও বেশি নারী নেতৃত্ব, নীতিনির্ধারক, কূটনীতিক, উদ্যোক্তা ও শিক্ষাবিদ অংশ নেন।
সম্মেলনে নারীর জীবন ও স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার, তৃণমূল থেকে বৈশ্বিক পর্যায়ে নারীর অংশগ্রহণ এবং অর্থনৈতিক স্বাধীনতা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে চারটি উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নারীর স্বাস্থ্যসেবা, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, আইনি সুরক্ষা, বিনিয়োগ, রিয়েল এস্টেট খাতে নারীর অংশ গ্রহণ, পুঁজির প্রাপ্যতা এবং আর্থিক স্বনির্ভরতার বিষয়গুলো গুরুত্ব পায়।
এই আয়োজনে স্পন্সর পার্টনার রূপায়ণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রাতুল প্রপার্টিজ। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রাতুল প্রপার্টিজের চেয়ারম্যান নওরিন জাহান মিতুল বক্তব্য দেন। তিনি রিয়েল এস্টেট খাতে নারীদের আগ্রহী হতে অনুপ্রাণিত করেন। নওরিন জাহান মিতুল বলেন, ‘নারী উদ্যোক্তাদের পাশে থাকবে রূপায়ণ গ্রুপ। সমাজে মেয়েরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে দেশ।’
তিনি আরো বলেন, ‘নারীর ক্ষমতায়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে কর্মক্ষেত্রে সমান সুযোগ, নেতৃত্বে অংশগ্রহণ ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে আরও উদ্যোগ প্রয়োজন।’
আলোচনায় আরো অংশ নেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ওয়ালিদ মুকাই আলী ও রাতুল প্রোপার্টিজের সিইও মোজাম্মেল হক আকন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫টি বিভাগে ৩০ জন নারীকে ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। উদ্যোক্তা উন্নয়ন, তৃণমূল ও সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং সামাজিক প্রভাবসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি জাতীয় অগ্রগতিতে দীর্ঘমেয়াদি ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ‘লুমিনারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। ইন্টারন্যাশনাল উইমেন পার্লামেন্টের জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে।
আয়োজক প্রতিষ্ঠান অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেডের (এজিই) চেয়ারম্যান সৈয়দ ইকবাল রিজভী বলেন, ‘ব্যবসা, জনপ্রশাসন ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আন্তর্জাতিক নারী সংসদের আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় তাদের নেতৃত্ব ও অর্জন বিশ্বপরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ক্ষেত্রও তৈরি হবে।’
ইন্টারন্যাশনাল উইমেন পার্লামেন্টের সভাপতি নমিতা ঘিমিরের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাঞ্জেল ঘিমিরে বলেন, ‘বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে স্থানীয় উদ্যোগের সংযোগ তৈরি করাই এ প্ল্যাটফর্মের লক্ষ্য। ঢাকার এ আয়োজন দক্ষিণ এশিয়ার নারীদের নেতৃত্বকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে।’
গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্কের সিনিয়র কো-অর্ডিনেটর জুলিয়ানা আভো বলেন, অনেক প্রতিষ্ঠান নারীর ক্ষমতায়নের নীতিমালায় স্বাক্ষর করলেও বাস্তবে তা বাস্তবায়ন করছে না। কর্মক্ষেত্রে নারীদের পদোন্নতি ও নেতৃত্বের সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বের মানসিকতার পরিবর্তন জরুরি। পাশাপাশি ইএসজি রিপোর্টিং বাধ্যতামূলক করা প্রয়োজন, যাতে কর্মক্ষেত্রে নারীদের প্রকৃত অবস্থান ও অভিজ্ঞতা উঠে আসে।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ আয়োজনের উদ্যোক্তা অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেড (এজিই)। সহযোগিতায় ছিল প্রজেক্ট ১০০ ও ইন্টারন্যাশনাল উইমেন পার্লামেন্ট। এর আগে ২০২৩ সালে ভারতে এবং ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমি থেকে টপ সয়েল কেটে বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মধুপুর থানার উপপরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থ রক্ষা ও কৃষিজমির উর্বরতা বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর কাতার ও তুরস্কের মতো বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। বিরোধী শিবিরের গাদি আইজেনকট এই দাবিকে পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
এই অভিযোগের প্রেক্ষিতে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতকে নির্দেশ দেওয়া হয়েছে আরব দলগুলোর প্রাপ্ত তহবিলের উৎস খতিয়ে দেখতে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে হাস্যকর ও বিপজ্জনক বলে উড়িয়ে দিয়েছে।
ইসরায়েলি রাজনীতিকেরা দোহার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট, কোন পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে সব সমীকরণ পাল্টে গেছে। ১২০ আসনের নেসেটে দুটি আরব দলের জোট জয়েন্ট লিস্ট এবং রাআম রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং গাদি আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। এই ফলাফলে আরব দল দুটি সরকার গঠনের প্রধান নিয়ামক হয়ে উঠেছে।
নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে গুরুতর সন্দেহের তদন্ত করতে শিন বেইতকে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) প্রধান। এরপর বৃহস্পতিবার লিকুদ পার্টি অভিযোগ তোলে যে আরব দলগুলোকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ঘুষ দেওয়া হয়েছে।
দুটি আরব দলই এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সংখ্যাগরিষ্ঠ আরবদের জোট জয়েন্ট লিস্ট এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
নেতানিয়াহুর সমালোচকেরা এই বিতর্ককে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, নেতানিয়াহু আরব দলগুলোর বৈধতা নষ্ট করতে চাইছেন যাতে আইজেনকট তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা করতে না পারেন। কারণ, বর্তমানে আরবদের সমর্থনই বিরোধী জোটের ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ।
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে অভিযোগ এসেছে যে আরব এলাকায় ভোটারদের উপস্থিতি বাড়াতে কাতার তহবিল জুগিয়েছে। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে।
নেতানিয়াহু এবং তার দল লিকুদ এই অভিযোগকে রাজনৈতিক ভূমিকম্প এবং গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি-কট্টর ডানপন্থী সরকারকে হটাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে শিন বেইত পরবর্তী সময়ে স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই তদন্ত বৈধভাবে ভোট দেওয়া পুরো আরব সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করে না। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে জানান, নির্বাচনের স্বচ্ছতা পদ্ধতিগতভাবে লঙ্ঘনের কোনো প্রমাণ মেলেনি।
তদন্তের বিষয়ে তথ্য পাওয়ার পর আইজেনকট জানান, ঠিক কী ঘটেছে বা আদৌ কিছু ঘটেছে কি না, তা বলার সময় এখনো আসেনি। একই সঙ্গে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি নির্বাচনের ফলাফলকে অবৈধ প্রমাণ করতে সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছেন।
জয়েন্ট লিস্টের শরিক দল বালাদের চেয়ারম্যান সামি আবু শেহাদেহ এই অভিযোগ উড়িয়ে দেন। তিনি দাবি করেন, পরাজিত পক্ষ বর্ণবাদী মিথ্যা অপবাদ তৈরি করছে এবং নির্বাচনের ফল উল্টে দিতে নিরাপত্তা বাহিনীকে বলপ্রয়োগের আহ্বান জানাচ্ছে।
নেতানিয়াহু কয়েক দিন ধরে আরব ভোটার ও দলগুলোর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ করে আসছেন। নির্বাচনের দিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আরব ভোটারদের ব্যাপক উপস্থিতি ডানপন্থীদের জন্য চরম জরুরি অবস্থা এবং এটি তাদের বেঁচে থাকার প্রশ্ন। ডানপন্থী সমর্থকদের ভোটকেন্দ্রে টানতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আরব ভোটারদের ছবিও প্রকাশ করেন।
ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ আরব নাগরিক। তাদের অনেকে নিজেদের ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক হিসেবে পরিচয় দেন।
বহুবছর ধরে অনেক আরব ভোটাররা ইসরায়েলের নির্বাচন বর্জন করে আসছিলেন। তাদের বক্তব্য ছিল-ভোট দিলে এমন একটি ব্যবস্থাকে বৈধতা দেওয়া হয়, যেখানে তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হয়; কিন্তু এবার নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী জোট সরকারকে উৎখাত করার লক্ষ্যেই তারা বিপুলসংখ্যক ভোট দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ