০২:৪০ পি.এম
ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সরকারি দপ্তরের অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যানবাহনের চলাচল কমিয়ে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে, যা দিল্লি সরকারের দুই মন্ত্রী কর্তৃক বাস্তবায়িত হয়েছে।
শুক্রবার, পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং তাদের অধীন দপ্তরের ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেন। উল্লেখ্য, পঙ্কজ সিং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।
শুক্রবার সকালে দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ৪০৩-এ পৌঁছায়, যা বাতাসের মানকে ‘গুরুতর’ বা ‘সিভিয়ার’ পর্যায়ে নিয়ে যায়। পরে বিকেল ৪টায় সূচক কিছুটা কমে ৩৭৩ হলেও তা ‘খুব খারাপ’ পর্যায়েই ছিল। শনিবার সকালে রাজধানীর বাতাসের মান আবারও খুব খারাপ ছিল। বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা গুরুতর পর্যায়ে রেকর্ড করা হয়।
আরও পড়ুন: জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা
কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত ও দাপ্তরিক যানবাহনের চলাচল কমিয়ে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ দেওয়া হয়েছে। তবে, এই নির্দেশনা দিল্লি সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য। হাসপাতালসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের এর আওতার বাইরে রাখা হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানান, হাসপাতালের সব কর্মী অত্যাবশ্যকীয় সেবার আওতায় পড়ায় তাদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।
হাসপাতালের পাশাপাশি অন্যান্য অত্যাবশ্যকীয় সেবাও এই নির্দেশনার বাইরে থাকবে। বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের (সিএকিউএম) নির্দেশনা অনুযায়ী, জরুরি সাড়া প্রদান, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ ও পানির সরবরাহ, পরিচ্ছন্নতা এবং গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় ছাড় দেওয়া হবে।
গত ৩০ অক্টোবর সিএকিউএমের জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দিল্লি এবং এর আশপাশের পাঁচটি এনসিআর জেলার সরকারি ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী সশরীরে উপস্থিত থাকতে পারবেন। বাকিদের বাড়িতে থেকে কাজ করতে হবে।
এই নির্দেশনা দিল্লি ছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে কার্যকর রয়েছে। তবে যেসব শিল্পপ্রতিষ্ঠান ও অত্যাবশ্যকীয় সেবায় এ ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন
দিল্লি সরকারের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া শীতকালীন কর্মপরিকল্পনাতেও ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ রাখার কথা বলা হয়েছে। এতে প্রশাসনিক সচিব ও বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়মিত অফিসে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। তবে একই সময়ে দপ্তরের অর্ধেকের বেশি কর্মীকে সশরীরে উপস্থিত রাখা যাবে না।
জরুরি ও অত্যাবশ্যকীয় জনসেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কর্মীদের অফিসে ডাকার ক্ষমতা রয়েছে দপ্তরপ্রধানদের।
এদিকে, ৬ নভেম্বর থেকে দিল্লি-এনসিআরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (গ্র্যাপ) তৃতীয় ধাপ কার্যকর রয়েছে। এই ধাপের আওতায় সরকারি, পৌরসভা ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লিতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও শনিবার সকালে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
আরও পড়ুন: ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন