০২:৪১ পি.এম
লুকানো অবস্থায় চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া, অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টও পাওয়া গেছে। দুবাইফেরত এক যাত্রী স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন এভাবে। তবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাঁর এই কৌশল ধরা পড়ে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন। এসব বস্তুর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন যাত্রীটি। যাত্রীর নাম হাসান মিয়া এবং তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। এক্স-রে পরীক্ষায় তাঁর রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর, প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এছাড়া, অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি।
আরও পড়ুন: স্পিকার: শক্তিশালী সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সদস্যদের দায়িত্বও অপরিহার্য
কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়া হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন