ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে


সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসানের ছোট ভাই তারেক রহমান রাজনের বিরুদ্ধে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের পূর্ব গেটসংলগ্ন প্রায় দুই শতক জায়গায় বালু ফেলে ভরাটের কাজ শুরু করলে স্থানীয়রা এতে বাধা দেন। তবে সরকারি জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন তারেক রহমান রাজন। এ ঘটনায় মালিকানা নির্ধারণে জায়গা মাপের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, কবিরহাট বাজারের কলেজ গেট সড়কের পাশে খুঁটি দিয়ে চিহ্নিত নোয়াখালী জেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই বালু ফেলে ভরাট করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ভরাটকাজে বাধা দেন। একই সঙ্গে জায়গাটির প্রকৃত মালিকানা ও ভরাটের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে তারেক রহমান রাজন বলেন, ওই জায়গার পেছনে তার কেনা দুই শতক জমি রয়েছে। নিজের জমি ভরাটের সুবিধার্থে সাময়িকভাবে সামনের জায়গায় বালু রাখা হয়েছে। সরকারি জায়গা দখল চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরাফাতের রহমান হাসান বলেন, ভাইয়ের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগ সঠিক নয়। সেখানে আমার ছোট ভাইয়ের চান্দিনা ভিটার জায়গা কেনা রয়েছে। তবে জায়গাটি সামনে নাকি পেছনে, তা তিনি নিশ্চিত নন।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা বলেন, খবর পেয়ে তহশিলদার ও সার্ভেয়ারকে ম্যাপসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি দুই ধরনের জায়গা রয়েছে। সোমবার সকালে মাপ দিয়ে কোনটি সরকারি এবং কোনটি ব্যক্তি মালিকানাধীন জায়গা, তা চিহ্নিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নোটিশ দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, সরকারি জায়গায় বালু ফেলে ভরাটের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে কেউ কোনো অনুমতি নেননি। অভিযোগ পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের ম্যাচের প্রতি আগ্রহ কম, সম্প্রচার স্বত্ব বিক্রি ৬০ থেকে ৩৫ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২১ এম


পাকিস্তানের ম্যাচের প্রতি আগ্রহ কম, সম্প্রচার স্বত্ব বিক্রি ৬০ থেকে ৩৫ কোটি রুপি

পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার প্রভাব সম্প্রচার স্বত্ব বিক্রিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঘরের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব ৬০ কোটি পাকিস্তানি রুপি নির্ধারণ করা হলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তা শেষ পর্যন্ত মাত্র ৩৫ কোটি রুপিতে বিক্রি করেছে। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম পিটিভি এই স্বত্ব অর্জন করেছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও এক্সপ্রেস উর্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারের দরপত্রে পিটিভি ছিল একমাত্র আগ্রহী প্রতিষ্ঠান। ফলে ৬০ কোটি পাকিস্তানি রুপি রিজার্ভ মূল্যের তুলনায় পিসিবিকে ২৫ কোটি রুপি কমে স্বত্ব বিক্রি করতে হয়েছে। চুক্তির আওতায় মোট ২৫টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ৫টি টেস্ট, ১৪টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি রয়েছে।

সম্প্রচার স্বত্বের এমন দরপতনের পেছনে পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। তিন সংস্করণ মিলিয়ে বাবর আজম ও শাহিন আফ্রিদিরা সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জয়লাভ করেছেন। একই সঙ্গে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলো নিয়ে দর্শকদের সীমিত আগ্রহও সম্প্রচারকদের অনাগ্রহের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত হয়েছে।

এছাড়া, আর্থিক অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পিসিবির কাছে তিনটি সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অংকের অর্থ বকেয়া রয়েছে। তারা দরপত্রে অংশ নিতে চাইলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করেনি। অতীতে পাকিস্তান ক্রিকেটের স্বত্বের বড় অংশ পাওয়া একটি প্রতিষ্ঠানও এবারের দরপত্রে আগ্রহ দেখায়নি।

পাকিস্তানের ম্যাচের সম্প্রচার স্বত্বের মূল্য কমে যাওয়ার ঘটনা নতুন নয়। ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ৩২০ কোটি রুপির রিজার্ভ মূল্যের বিপরীতে ১৭২ কোটি রুপি দামে স্বত্ব বিক্রি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল ৮ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২১ এম


রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল ৮ ফেব্রুয়ারি

পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে রমজান এবং ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সম্পূর্ণরূপে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায়, ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে, সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ, কারণ এ মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে মুসলিম দেশগুলো মসজিদ ও জনসেবামূলক কাজের প্রস্তুতি নেবে। পাশাপাশি, ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণা করবে।

যদিও ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে গণ্য হচ্ছে, এর চূড়ান্ত ঘোষণা ধর্মীয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করে—যেটি মূলত চাঁদ দেখার বিষয়টির ওপর প্রতিষ্ঠিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২২ এম


গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
 শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিনের নীরবতা ভেঙে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। ক্ষমতাগ্রহণের আগেই গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ করানো হয়, কিন্তু বাদ পড়ে যান ১৯৯৪ সাল থেকে ধরে রাখা পুরাতন প্রেসক্লাব সদস্যরা, শুধু গ্রুপে দাওয়াত দেওয়া হয় আম ভাবে, এতে করে যার মনে হয় তিনি আসিয়েন না হলে নেই, মুলতো এ প্রেসক্লাবের প্রকৃত কোন সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় নাই। শুধুমাত্র নিজেরদের বলয় ধরে রাখতে কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এ নিয়ে অনেক সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
অনুষ্ঠিত এই নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে ৮৪ জন ভোটারের তালিকা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভোটারদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং পেশাদার সাংবাদিক রয়েছেন মাত্র ১০ থেকে ১২ জন। বাকি সদস্যরা বিভিন্ন রাজনৈতিক বলয়কে শক্তিশালী করার উদ্দেশ্যে সদস্যপদ লাভ করেছেন বলে গুঞ্জন রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে গত ২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত নির্বাচন কমিশন এবং বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে একটিুদ্ধকর গোপন বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ওই বৈঠকে পূর্বনির্ধারিত সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্যদের সামনে একটি ‘আই ওয়াশ’ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি ও জামায়াতের সিলেট জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
১৭টি পদের বিপরীতে বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত দুই প্রধান রাজনৈতিক দলের মেরুকরণে বিভক্ত হয়ে প্রার্থীরা জয়লাভ করেন।
বিএনপি সমর্থিত প্রার্থী এনামুল হক এনাম (৪১ ভোট) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট। সিনিয়র সহ-সভাপতি বিএনপির প্রার্থী আজিজুর রহমান খান (৫১ ভোট) বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি জামায়াতের প্রার্থী বদরুল আলম (৫০ ভোট) বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রতিদ্বন্দী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (৪৪ ভোট) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বাবর (৩৩ ভোট) বিজয়ী হয়েছেন। জামায়াতের সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট। কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন (৪৬ ভোট) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট। ক্রীড়া সম্পাদক মো. তামিম আহমদ (৪০ ভোট) সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন (৪৪ ভোট)। প্রচার সম্পাদক ফাহিম আহমদ (৩৪ ভোট)। প্রকাশনা সম্পাদক শাকেল উদ্দিন (৪১ ভোট)। দফতর সম্পাদক ওলিউর রহমান তামিম (৩৭ ভোট)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন (৪৭ ভোট)। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু (৩৬ ভোট) (যিনি অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির ছত্র ছায়ায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৩ এম


ঢাকা বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থান

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে, ৩৮৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (এপিআই) স্কোর ৩৮৯। একই সময়ে ঢাকার স্কোর ছিল ১৮২, যা সকলের জন্য অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের তালিকায় ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পাকিস্তানের লাহোর।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার স্কোর ১৫৮। সপ্তম স্থানে রয়েছে বাহরাইনের মানামা, স্কোর ১৫২ নিয়ে।

মালয়েশিয়ার কুচিং ১৪৯ স্কোর নিয়ে অষ্টম এবং একই স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে সিঙ্গাপুর। তালিকার দশম স্থানে কাতারের দোহা রয়েছে, যার স্কোর ১৪২।

ঢাকার নিম্নমানের বাতাসের মূল কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়ে কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা), ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তা বিশুদ্ধ বাতাস হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত হয়।

বায়ুদূষণের ফলে প্রতিবছর অনেক মানুষ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মৃত্যুবরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%