০৩:৫৯ পি.এম
নরসিংদীর একটি পুকুর পাড় থেকে ১৭ বছর বয়সী ফাহিম মিয়া নামে একজন ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে তার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিম মধ্য শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে ছিলেন। তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, ফাহিম বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাত ৮টার দিকে তার বাবার সঙ্গে সর্বশেষ কথা হলে ফাহিম জানায়, কিছু লোক তার পিছু নিয়েছে। এরপর তার বাবা প্রতিবেশীদের সঙ্গে ফাহিমকে খুঁজতে বের হন। কিন্তু সারা রাত খোঁজ করেও ফাহিমের সন্ধান মেলেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল
মঙ্গলবার সকালে স্থানীয়রা যখন বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে, তখন তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলের পাশাপাশি ফাহিমের ইজিবাইকটিও পাওয়া যায়। কিন্তু দুর্বৃত্তরা ইজিবাইকের ব্যাটারি নিয়ে গেছে।
এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পুকুর পাড়ে ছিলো। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও এর ব্যাটারিগুলো পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন