০৪:০২ পি.এম
রিয়াল মাদ্রিদে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন তার পুত্র দাভিদ আনচেলত্তি। গত বছর ব্রাজিলের ক্লাব বোতাফাগোর দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধান কোচ হিসেবে অভিষেক ঘটে তার। বর্তমানে নতুন চ্যালেঞ্জে নামছেন আনচেলত্তি পুত্র। আগামী মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া ফরাসি ক্লাব লিলের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ইতালিয়ান কোচ দাভিদ আনচেলত্তি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।
দাভিদ আনচেলত্তির জন্য প্রধান কোচ হিসেবে এটি দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি ব্রাজিলের জায়ান্ট বোতাফাগোর দায়িত্বে ছিলেন যেখানে ৩৩টি ম্যাচ পরিচালনা করেছেন। এই ৩৬ বছর বয়সী কোচের অধীনে বোতাফাগোর হয়ে দলটি ১৫টি জয়, ১০টি ড্র ম্যাচ এবং ৮টি পরাজয় বরণ করেছে।
তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাবার সহকারী হিসেবে বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। লিলে তিনি ব্রুনো জেনেসিওর স্থলাভিষিক্ত হচ্ছেন। গত মৌসুমে জেনেসিওর নেতৃত্বে দলটি লিগ ওয়ানে তৃতীয় স্থান অর্জন করেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের
ক্লাবের সভাপতি অলিভিয়ের লেতাং তার নিয়োগের কারণ ব্যাখ্যা করে বলেন, 'তিনি একজন অসাধারণ পেশাদার, যার মধ্যে আধুনিক কোচের সব গুণাবলি রয়েছে। ফুটবল সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং কোচিং পদ্ধতি একই সঙ্গে কঠোর ও যুগোপযোগী। তার উদ্যম ও দৃঢ়তা আমাদের মুগ্ধ করেছে।' তিনি আরও বলেন, 'তার পরিপক্বতা এবং অভিজ্ঞতাও আমাদের গভীরভাবে প্রভাবিত করেছে।'
দাভিদ আনচেলত্তির ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তিনি পিএসজি, বায়ার্ন মিউনিখ (ফিটনেস কোচ হিসেবে), নাপোলি, এভারটন এবং রিয়াল মাদ্রিদে কাজ করেছেন। এছাড়া তিনি কার্লোর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণের সময়ে সহকারী হিসেবে যুক্ত ছিলেন, যেখানে লক্ষ্য ছিল বিশ্বকাপে দলকে যোগ্যতা অর্জন করানো।
ওলিভিয়ে লেতাং বলেন, 'আমরা নিশ্চিত যে লিলের ক্রীড়া প্রকল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য তার প্রয়োজনীয় সব গুণ রয়েছে।'
দাভিদ আনচেলত্তি বিভিন্ন কোচিং স্টাফের সদস্য হিসেবে ১০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে ১২টি বড় শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং দুটি ক্লাব বিশ্বকাপ। এবার লিলের আস্থার প্রতিদান দিয়ে প্রধান কোচ হিসেবে নিজের প্রথম শিরোপা জয় করার লক্ষ্যে মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন